৪০০ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার

লিড নেওয়ার আশায় চতুর্থ দিনটা শুরু করেছিল বাংলাদেশ। তবে দিনের তৃতীয় ওভারেই এসে লিড পেয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪০০

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৯৩ ওভারে ৪০৫/৭

আনুষ্ঠানিক ঘোষণা

তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গেছে। বৃষ্টির কারণে কেবল এক সেশন ও ২৮ ওভার খেলা হয়েছে। এখনও দক্ষিণ আফ্রিকার চেয়ে ১৪ রানে এগিয়ে আছে বাংলাদেশ। ৭ উইকেট হারিয়ে ৩৮৬ রান করেছে দক্ষিণ আফ্রিকা।

রেকর্ড

দক্ষিণ আফ্রিকার এই ইনিংসে ৬ ক্যাচ নিয়ে রেকর্ড গড়েছেন লিটন দাস। বাংলাদেশর উইকেটকিপার হিসেবে এক টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ নিলেন তিনি। আর একটি নিলে হয়ে যাবে বিশ্বরেকর্ডও।

আশার খবর নেই

জোহানেসবার্গে আবহাওয়ার কোনো বদল নেই। একটু পরপর বৃষ্টি হচ্ছে আর থামছে। আকাশ পুরোটাই মেঘে ঢাকা। একটা সেশন যে বৃষ্টিতে ভেসে যাচ্ছে, তা এখন একরকম নিশ্চিত।

বৃষ্টি ও বাভুমা

জোহানেসবার্গে বৃষ্টি হচ্ছে, আকাশও মেঘলা। কাভারে ঢেকে দেওয়া হয়েছে উইকেট। মধ্যাহ্ন বিরতির পর খেলা শুরু হতে কিছুটা দেরি হবে। এদিকে সম্প্রচারকরা জানিয়েছেন, বাভুমা আবার ব্যাট করতে নামবেন।

মধ্যাহ্ন বিরতি

মধ্যাহ্ন বিরতি ঘোষণা করেছেন দুই আম্পায়ার।

সেশনের শুরুটা ভালো না হলেও শেষটা দুর্দান্ত হয়েছে। টেম্বা বাভুমা চোট নিয়ে মাঠ ছাড়েন। দক্ষিণ আফ্রিকার তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। দুটি পেয়েছেন তাসকিন, একটি হাসান। বাভুমা আবার মাঠে নামবেন কি না তা নিয়েও শঙ্কা আছে।

প্রথম ইনিংসে এখনও ১৪ রানে পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশের লিড নেওয়ার আশাও আছে। বাভুমা আর না ফিরলে দুটি উইকেট লাগবে দক্ষিণ আফ্রিকাকে অলআউট করতে। তবে সেই পথে এখনও বড় বাধা ৫৬ রান করা রিকেলটন।

দক্ষিণ আফ্রিকা: ৯০ ওভারে ৩৮৬/৭

এবার হাসানও

উইকেট নেওয়ার তালিকায় তাসকিনের পর যোগ হলেন হাসান মাহমুদও। ৪ বলে ১ রান করে তাঁর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সায়মন হারমার। ১৫ রানের ভেতর ৩ উইকেট হারাল তারা। এখনও বাংলাদেশের চেয়ে ২৪ রানে পিছিয়ে আছে তারা।

দক্ষিণ আফ্রিকা: ৮৮.৩ ওভারে ৩৭৬/৭

তাসকিনের আরও একটি

আরও একটা উইকেট পেলেন তাসকিন। এবার তাঁর বলে লিটনের হাতে ক্যাচ দিয়েছেন ইয়ানসন। ষষ্ঠ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা, বাভুমা আবার মাঠে ফিরবেন কি না তাও নিশ্চিত না। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেট এসেছেন সায়মন হার্মার।

দক্ষিণ আফ্রিকা : ৮৮ ওভারে ৩৭৪/৬

তাসকিনের উইকেট

টেম্বা বাভুমা একটু আগেই উঠে গেছেন চোট পেয়ে। এবার আউট হয়ে গেলেন উইয়ান মুল্ডারও। হুট করেই আবার নতুন করে আশা দেখতে শুরু করেছে বাংলাদেশ।

পায়ের মাংসপেশির চোটে কিছুক্ষণ মাঠে চিকিৎসা নেন টেম্বা বাভুমা। তবে শেষপর্যন্ত মাঠ ছেড়ে যান। এক ওভার পর তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন মুল্ডার।

তবে এখনও দক্ষিণ আফ্রিকার আশা হয়ে টিকে আছেন রায়ান রিকেলটন। ফিফটিও পেয়েছেন। তাঁর নতুন সঙ্গী মার্কো ইয়ানসেন।

দক্ষিণ আফ্রিকা: ৮৭ ওভারে ৩৬৯/৫

মাহফিজুল ক্যাচ ছাড়লেন

দুঃস্বপ্নের মতো একটা অভিষেকই এখনও মাহফিজুলের। শূন্য রানে আউট হওয়ার পর তিনি এবার ক্যাচ ছাড়লেন রিকেলটনের। মিরাজের বলে শর্ট কাভারে তাঁর কাছে সহজ ক্যাচই এসেছিল, কিন্তু হাতে জমাতে পারেননি। পুরো দলের হতাশাটা স্পষ্ট। বাভুমা ও রিকেলটনের পঞ্চাশ পেরোনো জুটিতে লিড নেওয়ার পথে ছুটছে দক্ষিণ আফ্রিকা। ক্যাচটা ধরতে পারলে সেটির গতি কিছুটা হলেও কমানো যেত।

দক্ষিণ আফ্রিকা: ৭৩.৪ ওভারে ৩২৯/৪

হাসানের কনুইয়ে ব্যথা

কনুইয়ের ব্যথা নিয়ে মাঠ ছেড়ে গেছেন হাসান মাহমুদ। ওভারের মাঝপথেই ফিজিওর সঙ্গে মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে, তাঁর ওভারের বাকি দুই বল করেছেন মেহেদী হাসান মিরাজ। এমনিতেই চার বোলার নিয়ে খেলছে বাংলাদেশ। তিন পেসারের মধ্যে এখন পর্যন্ত উইকেটও পেয়েছেন শুধু হাসান। তিনি মাঠ ছেড়ে যাওয়ায় বিপদ আরও বাড়ল।

আশার খবর, ক্রিকইনফো জানিয়েছে হাসান মাঠে ফিরে এসেছেন। তবে তাঁর ডান হাতে এখন আরও বেশি টেপ পেঁচানো।

ম্যাচেও স্বস্তিতে নেই বাংলাদেশ। উইকেট দরকার। বাভুমা ও রিকেলটনের জুটি বড় হয়ে যাচ্ছে।

দক্ষিণ আফ্রিকা: ৭১ ওভারে ৩১৮/৪

৩০০ পেরিয়ে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৬৬ ওভারে ৩০২/৪।

৬৬তম ওভারে দলীয় ৩০০ রান পেরিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ বাউন্সার মেরে উইকেট ফেলার চেষ্টা করলেন কিছুক্ষণ। কিন্তু বাভুমা ও রিকেলটন দারুণ ব্যাট করছেন। কোনো বিপদ হতে দেননি।

তৃতীয় দিনের খেলা শুরু

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৬৩ ওভার ২৮৯/৪।

টেস্ট ক্রিকেটে তৃতীয় দিন সব সময়ই খুব গুরুত্বপূর্ণ। অনেক সময়ই ম্যাচের গতিপথ ঠিক করে দেয় এই দিনটি।

জোহানেসবার্গ টেস্টে আজ তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস দ্রুত গুটিয়ে দেওয়াই লক্ষ্য হবে হাসান–তাসকিনদের।

ক্রিজে বাভুমা ১৯ ও রিকেলটন ৯ রানে অপরাজিত। আজ প্রথম ওভার করেছেন হাসান মাহমুদ।

শেষ হলো দ্বিতীয় দিনের খেলা

৬২ ওভারে ৪ উইকেটে ২৮৭ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১১৩ রানে পিছিয়ে টেম্বা বাভুমার দল।

দ্বিতীয় সেশনে ১ উইকেট এবং তৃতীয় ও শেষ সেশনে ৩ উইকেট নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ৩টি উইকেট হাসান মাহমুদের। ১টি উইকেট মুমিনুল হকের।

প্রোটিয়া ওপেনার মার্কেস অ্যাকরমান ১৫৭ রান করেন। জুবাইর হামজার ব্যাট থেকে এসেছে ৮৩। বাভুমা (১৯) ও রিকেলটন (৭) অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৬২ ওভারে ২৮৭/৪ (অ্যাকরমান ১৫৭, হামজা ৮৩, বাভুমা ১৯*, রিকেলটন ৭*; তাসকিন ০/৪৫, হাসান ৩/৬২, ইবাদত ০/৩৬, মিরাজ ০/১০১, মুমিনুল ১/৩৬)।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৪০০।

আবার হাসান

শেষ বিকেলে আরও একটা উইকেট পেল বাংলাদেশ। এবারও তা এনে দিলেন হাসান মাহমুদ। তাঁর বলে ম্যাথু ব্রিটজকে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। তিনি রিভিউ নিয়েছিলেন। তবে রিপ্লেতে দেখা গেছে, তাঁর ব্যাট ছুঁয়েই উইকেটকিপারের গ্লাভসে গেছে বল।

অবশেষে অ্যাকারম্যান আউট

হাসান মাহমুদকে হুক করতে গিয়ে তাসকিন আহমেদের ক্যাচ হয়েছেন মার্কেস অ্যাকারম্যান। প্রোটিয়া ব্যাটসম্যান ফিরলেন ১৫৭ রান করে। মাত্র ১৬৪ বলেই এই রান করেছেন দক্ষিণ আফ্রিকান ওপেনার। ২১টি চার ও ১ ছক্কায় সাজানো তাঁর ইনিংসটি।

২৬৮ রানে তৃতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। এখন ব্যাট করছেন ম্যাথু ব্রিটজকে ও টেম্বা বাভুমা।

১৫০ রান করার পর মার্কেস অ্যাকারম্যান

মুমিনুল!

চার বোলারের কাউকে দিয়েই কাজ হচ্ছিল না। তেমন অস্বস্তিতেও ফেলতে পারছিলেন না তারা। নাজমুল হোসেন তাই দ্বারস্থ হলেন মুমিনুল হকের। বাঁহাতি স্পিনে প্রথম ওভারেই তিনি উইকেটও এনে দিলেন!

অফ স্টাম্পের সামান্য বাইরের বল টার্ন করে বেরিয়ে যাচ্ছিল। হামজা বলটা ডিফেন্ড করতে চেয়েছিলেন। কিন্তু তাঁর ব্যাট ছুয়ে সেটি গেছে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ২০২ রানের জুটি ভেঙেছে তাতে। হামজা আউট হলেন ৮৩ রান করে।

দক্ষিণ আফ্রিকা: ৪৪ ওভারে ২০৯/২। বাংলাদেশ প্রথম ইনিংস: ৪০০।

আকারম্যানের সেঞ্চুরি

কোনোভাবেই উইকেটের দেখা পাচ্ছে না বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা রান তুলে যাচ্ছে। আকারম্যান পেয়ে গেছেন তাঁর ক্যারিয়ারের প্রথম শতক।

দক্ষিণ আফ্রিকা: ৪১ ওভারে ১৯৪/১

হামজাও পেয়ে গেলেন ফিফটি

মার্কেস অ্যাকারমানের পর ফিফটি পেয়ে গেলেন জুবায়ের হামজাও। চা বিরতির পর দ্বিতীয় ওভারে মেহেদী হাসান মিরাজের বলে সিঙ্গেল নিয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন হামজা। ১ উইকেটে ১৩৬ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।

চ বিরতি

হতাশার একটা সেশনই কাটল বাংলাদেশের। একটি উইকেটও তারা নিতে পারল না এই সেশনে। দক্ষিণ আফ্রিকা ওভারপ্রতি প্রায় পাঁচ গড়ে ১১১ রান করেছে এই সেশনে। হামজা ও অ্যাকারম্যানের জুটিতে এগিয়ে যাচ্ছে তারা। বাংলাদেশের বোলাররা খুব একটা চ্যালেঞ্জও জানাতে পারছেন না।

দক্ষিণ আাফ্রিকা: ২৮ ওভারে ১২৯/১

এক শ পার

এক শ পার করেছে বাংলাদেশ। দলের চার বোলারের সবাইকেই ব্যবহার করে ফেলেছেন নাজমুল হোসেন। কিন্তু অ্যাকারম্যান ও হামজার জুটি ভাঙা যাচ্ছে না। দ্রুত রান তোলা অ্যাকারম্যান ফিফটিও পেয়েছেন।

দক্ষিণ আফ্রিকা: ২২ ওভারে ১০৬/১

মাথায় বল লেগেছে হাসানের

হাসান মাহমুদের মাথায় বল লেগেছে। মাটিতে লুটিয়ে পড়েছেন তিনি। তাঁর বলটাই সোজা খেলেছিলেন অ্যাকারম্যান। কয়েকটা বাউন্সের পর বল মাথার দিকে যাচ্ছিল, কিন্তু সামনে দুই হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন হাসান। পরে গতি কমে বল তাঁর কপালে লেগেছে। মাঠে কিছুক্ষণ শুশ্রুষার পর তিনি যদিও উঠে দাঁড়িয়েছেন, বোলিংও শুরু করেছেন।

দক্ষিণ আফ্রিকা ১৫.২ ওভারে ৫৮/১

বিরতির পর

বিরতির পর আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। হাসানের প্রথম ওভারেই ১১ রান আসে। কিন্তু এরপর তাদের কয়েকবার অস্বস্তিতে ফেলেছেন তাসকিন ও হাসান। তাসকিনের বলে অ্যাকারম্যানের প্যাডে লাগার পর জোরাল আবেদন হয়। পরে রিপ্লেতে দেখা যায়, অল্পের জন্য স্টাম্প মিস করত সেটি। বাংলাদেশ রিভিউ নেয়নি।

হাসানের পরের ওভারের প্রথম দুই বলেই হামজার বিরুদ্ধে দুটি রিভিউ নেয় তারা। প্রথমটির ইম্প্যাক্ট ছিল বাইরে, দ্বিতীয়টি স্টাম্প মিস করত। দুই বলে দুটি রিভিউ হারায় বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকা: ৮ ওভারে ৪১/১

মধ্যাহ্নভোজের বিরতি

৬ উইকেটে ৩২৭ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। পরে চার উইকেটে ৭৩ রান যোগ করে তারা। চার শ রানে থামার পর বোলিংয়ে নেমেও দক্ষিণ আফ্রিকার একটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন মার্করাম। পরে আরও একটি সুযোগও তৈরি হয়েছিল। তাসকিনের বলে এলবিডব্লু হয়েছিলেন জুবায়ের হামজা। কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান প্রোটিয়া ব্যাটসম্যান।

মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ৫ ওভার খেলে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ১৮ রান করেছে। অ্যাকারম্যান ৭ ও হামজা অপরাজিত আছেন ৪ রানে।

হাসান...

উইকেট পেতে দুই ওভারও সময় লাগল না বাংলাদেশের। হাসান মাহমুদের হাত ধরে প্রথম উইকেট পেয়ে গেল তারা। অফ স্টাম্পের সামান্য বাইরের বল এইডেন মার্করামের হাত ছুয়ে গেছে উইকেটরক্ষক লিটন দাসের হাতে।

দক্ষিণ আফ্রিকা: ২ ওভারে ৫/১

চার শতে থামল

পিটারসনের আগের বলেই চার মেরে চার শ পার করেছিলেন তাসকিন আহমেদ। পরের বলে মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট তিনি। প্রথম ইনিংসে ঠিক চার শ রানে থামল বাংলাদেশ। প্রথম বলে উইকেট হারানোর পর এক সময় ২২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। তানজিদ আর হৃদয়ের জুটিতে ঘুরে দাঁড়ানোর শুরু হয়। পরে আবার ১২১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে। সেখান থেকে হদয় ও লিটনের ২০৬ রানের জুটিতে বড় রানের পথ পায় বাংলাদেশ। দুজনেই সেঞ্চুরিও পান।

হাসান আউট

নবম উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। পিটারসনের বলে পুল করতে গিয়ে টাইমিংটা ঠিকঠাক করতে পারেননি হাসান মাহমুদ। উইকেটকিপারের গ্লাভসে গেছে বল। বাংলাদেশের রান এখন ৩৯২। শেষ ব্যাটসম্যান হিসেবেে উইকেটে এসেছেন ইবাদত হোসেন।

লিটনও আউট!

শেষ স্বীকৃত ব্যাটসম্যান লিটন দাসও আউট হয়ে গেলেন। মুল্ডারের শর্ট বলে পুল করতে গিয়ে শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়েছেন তিনি। সেঞ্চুরিটা আর খুব বড় হলো না তাঁর। অষ্টম উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। এখন টেলএন্ডাররা কত রান যোগ করতে পারেন সেটিই দেখার।

বাংলাদেশ: ৯৬.১ ওভারে ৩৭৪/৮

মিরাজ আউট

দিনের প্রথম উইকেটটা পেয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ডেল পিটারসনের বলটা অফ স্টাম্পের বেশ বাইরে ছিল। মেহেদী হাসান মিরাজের ব্যাট হয়ে সেটি গেছে প্রথম স্লিপে। ১৬ বলে ১০ রান করে আউট হয়েছেন মিরাজ। বাংলাদেশের ৮ ব্যাটসম্যানের একাদশে টেইল শুরু হয়ে গেছে।

বাংলাদেশ: ৯১.৩ ওভারে ৩৫৯/৭

লিটনের সেঞ্চুরি

দিনটা শুরু করেছিলেন সেঞ্চুরি থেকে ৮ রান দূরে দাঁড়িয়ে। অপেক্ষাটা খুব একটা দীর্ঘ হয়নি। দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই সেঞ্চুরি পেয়েছেন। মার্কো ইয়ানসেনের বলে পুল করে চার মেরে তিন অঙ্কে পৌঁছান লিটন। টেস্টে নিজের অষ্টম সেঞ্চুরি করে ভিন্নধর্মী একটা উদ্‌যাপনও করেছেন।

ব্যাট ও হেলমেট উঁচিয়ে তো ধরেছেনই, পকেট থেকে একটা কাগজও বের করেছেন। সেই কাগজে মেয়ের জন্য লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য...।’

লিটনের মেয়ে আনায়রা আজ তিন বছর পূর্ণ করেছেন। তাঁর পক্ষ থেকে বাবার উপহারটা মনে রাখার মতোই হলো।

বাংলাদেশ: ৮৯ ওভারে ৩৪৫/৬

সেঞ্চুরি করে পকেট থেকে কাগজ বের করেন লিটন

দ্বিতীয় দিনের খেলা শুরু হচ্ছে

দ্বিতীয় দিনের খেলা শুরু হচ্ছে। ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে কাল প্রথম দিন শেষ করেছিল বাংলাদেশ। তাওহিদ হৃদয় ১৩৭ রানে আউট হয়ে গিয়েছিলেন শেষ বলে। আজ লিটন দাসের সঙ্গে দিন শুরু করবেন মেহেদী হাসান মিরাজ। লিটন অপরাজিত আছেন ৯২ রানে, সেঞ্চুরির জন্য তাঁর আর ৮ রান দরকার।

ক্রিকইনফো জানিয়েছে, গত রাতে হাইভেল্ড অঞ্চলে প্রচণ্ড বজ্রঝড় হয়েছে। ছিল প্রচুর বজ্রপাত, বিদ্যুৎ চমকানো ও বৃষ্টি। আজ সকালে তাপমাত্রা বেশ কমে গেছে, আকাশেও মেঘ আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার কথা।

হৃদয় ফিরলেন দিনের শেষ বলে

সেঞ্চুরির পর তাওহিদ হৃদয়

দিনের শেষ বলে আউট হয়েছে তাওহিদ হৃদয়। মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লু হয়েছেন ১৩৭ রানের অসাধারণ এক ইনিংস খেলে। তাতে ভেঙেছে লিটন দাস ও হৃদয়ের ২০৬ রানের ষষ্ঠ উইকেট জুটি। বাংলাদেশ দিন শেষ করেছে ৬ উইকেটে ৩২৭ রান তুলে। টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যা বাংলাদেশের দলীয় সর্বোচ্চ। লিটন কাল দিন শুরু করবেন ৯২ রান নিয়ে।

হৃদয়ের সেঞ্চুরি

গত ক’দিন দৃশ্যটা চেনাই হয়ে গেছে। সেঞ্চুরির পর ধীরে ধীরে হেলমেট খুলে তা ব্যাটের আগায় ধরা। এরপর তা উঁচিয়ে উদ্‌যাপন। তাওহিদ হৃদয় সেই সেঞ্চুরি উদ্‌যাপন দেখা গেল জোহানেসবার্গেও।

সিলেট টেস্টে ডাবল সেঞ্চুরির পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরিও পেয়েছেন। মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা হৃদয় ২২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর উইকেটে এসে অবিশ্বাস্য একটা ইনিংসই খেললেন। তাঁর সঙ্গে লিটন দাসের জুটিতে এখন তিন শ রানের পথে আছে বাংলাদেশ।

বাংলাদেশ: ৭৭ ওভারে ২৮৯/৫

রেকর্ড

আরও একটা রেকর্ড গড়ল লিটন দাস ও তাওহিদ হৃদয়ের জুটি। দেশ–বিদেশ মিলিয়েই এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি তাদের। এতদিন এই রেকর্ডটি ছিল মিরপুরে ২০২৪ সালে জাকের আলী ও মেহেদী হাসান মিরাজের ১৩৮ রান।

ফিফটি

লিটনের ব্যাটে ফিফটি এল। ৭১ বল খেলে টেস্টে নিজের ২২তম ফিফটি পেয়েছেন। দলের বিপদের সময় হৃদয়কে সঙ্গে নিয়ে দলকে একটু একটু করে এগিয়ে নিচ্ছেন।

বাংলাদেশ: ৬১ ওভারে ২৩৩/৫

দুই ঘণ্টাও টিকল না তানজিদ–হৃদয়ের রেকর্ড

বাংলাদেশ দুই শ পার করেছিল আগেই। এবার হৃদয় ও লিটনের জুটিও এক শ ছাড়াল। এই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের কোনো জুটি এক শ পেরোল। হৃদয়ের সঙ্গে তানজিদের জুটিতে ৯৯ রান এসেছিল, তাঁরা ২২ বছর আগে হান্নান সরকার ও হাবিবুল বাশারের ৮৪ রানের জুটির রেকর্ড ভেঙেছিলেন। দুই ঘণ্টা পরই ভাঙল হৃদয় ও তানজিদের রেকর্ড।

বাংলাদেশ: ৫৯ ওভারে ২২১/৫

চা বিরতি

দ্বিতীয় সেশন শেষ হয়ে গেল। শুরুর দিকে রাবাদার এক ওভারে দুই উইকেট হারানোর ঘটনাটিই একটু পিছিয়ে দিল। এরপর খুব ভালো ব্যাট করছেন তাওহিদ হৃদয় ও লিটন দাস। টানা তিন ইনিংসে ফিফটি পেয়েছেন হৃদয়, লিটনও খেলছেন স্বাচ্ছন্দ্যে। চা বিরতি পর্যন্ত হৃদয় ৬৬ ও লিটন অপরাজিত ৩০ রানে। দুজনের জুটিতে ৬৩ রান এসেছে।

বাংলাদেশ : ৫৩ ওভারে ১৮৪/৫

হৃদয়ের আবার ফিফটি

টেস্টে টানা তিন ইনিংসে ফিফটি পেলেন হৃদয়। সিলেট টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৮২ রান। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে এরইমধ্যে তুলে নিয়েছেন ফিফটি।

বাংলাদেশ: ৪৬ ওভারে ১৬৩/৫

হৃদয়ের সঙ্গে লিটনের জুটি

এক ওভারে তানজিদ ও মুশফিক ফেরার পর লিটনকে নিয়ে জুটি গড়েছেন হৃদয়। দুজনে মিলে এখন পর্যন্ত তুলেছেন ৩০ রান। লিটন ১৮, হৃদয় ৪৫ রানে অপরাজিত।

বাংলাদেশ: ৪৪ ওভারে ১৫১/৫

রাবাদাই আবার

এই সেশনের শুরু থেকেই অস্বস্তিতে ফেলেছেন কাগিসো রাবাদা। একটু এলোমেলো থাকলেও তা সামলে নিচ্ছিলেন তানজিদ ও হৃদয়। কিন্তু সম্ভবত তাঁর স্পেলের শেষ ওভারে গিয়ে আউট হয়ে গেলেন তানজিদ। তাঁর বাউন্সার স্টাম্পে টেনে এনে বোল্ড হয়েছেন তিনি। হৃদয়ের সঙ্গে তাঁর ৯৯ রানের জুটি ভেঙেছে।

উইকেটে এসে পরের বলেই আউট মুশফিকও। তৃতীয় স্লিপে তিনি ক্যাচ দেন। বাংলাদেশ পাঁচ উইকেট হারাল। সবগুলোই পেলেন রাবাদা। টেস্টে এটি তাঁর ১৮তম ফাইফার।

রেকর্ড

২২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর হাল ধরেছিলেন দুজন। বাংলাদেশের রান এখন ৩১.৩ ওভারে ১০৮। হৃদয় ও তানজিদের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৮৬ রান।

এক শ পার

মধ্যাহ্নভোজের বিরতির পর কিছুক্ষণ এলোমেলো ছিলেন তানজিদ ও হৃদয়। বিশেষ করে রাবাদা বোলিংয়ে ফেরায় অস্বস্তি বেড়েছে। তবে রান আসছে। বাংলাদেশ এক শ পার করে ফেলেছে।

বাংলাদেশ: ২৯ ওভারে ১০১/৩

তানজিদের ফিফটির পর মধ্যাহ্নভোজের বিরতি

উইকেটের অন্য প্রান্তে দাঁড়িয়ে আউট হতে দেখেছেন তিন ব্যাটসম্যানকে। ভাগ্য কয়েকবার সহায় হয়েছে তানজিদেরও। তবে দুর্দান্ত কিছু শটও দেখা গেছে তাঁর ব্যাটে। ফিফটিও পেয়ে গেলেন। এ নিয়ে দ্বিতীয়বার টেস্টে ফিফটি পেলেন তিনি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে সেঞ্চুরিও ছিল তাঁর। মাঝের ৫ ইনিংসে ভালো না করতে পারলেও আবার রানে ফিরলেন তানজিদ।

তিনি ফিফটি পেরোনোর ওভার শেষ হওয়ার পর মধ্যাহ্নভোজের বিরতি শুরু হয়েছে। ২২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর তাঁর ও হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে বাংলাদেশ। দুজনের জুটিতে এসেছে ৬৯ রান। হৃদয় ২৩ আর তানজিদ অপরাজিত ৫১ রানে।

বাংলাদেশ: ২৬ ওভারে ৯১/৩

ফিফটি পেয়েছেন তানজিদ

দু ওভারে দুবার বাঁচলেন তাঁরা

মার্কো ইয়ানসেনের বলে ডিফেন্ড করতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন তানজিদ। পয়েন্টে দাঁড়ানো অ্যাকারম্যান লাফিয়ে ওঠে হাতও ছুঁইয়ে দিয়েছিলেন, কিন্তু জমাতে পারেননি। মুল্ডারের পরের ওভারের প্রথম বলে তৃতীয় স্লিপে প্রায় ক্যাচ দিয়ে দিয়েছিলেন তাওহিদ হৃদয়ও। তবে বলটা একটু সামনে পড়েছে।

বাংলাদেশ : ১৯.৪ ওভারে ৬৫/৩

৫০ পার

পঞ্চাশ রান পার করল বাংলাদেশ। ৩ উইকেট হারানোর পর এখন তানজিদ ও হৃদয়ের ব্যাটে নতুন আশা দেখছে তারা।

উপড়ে গেল নাজমুলের স্টাম্প

নাজমুলের স্টাম্প উপড়ে ফেললেন রাবাদা। বাংলাদেশের ৩ উইকেটের সবগুলোই পেলেন তিনি। রাবাদার ফুল লেন্থের বল সুইং করে ভেতরে ঢোকা বলে ড্রাইভ করতে গিয়েছিলেন নাজমুল। টপ অর্ডার বিপদেই ফেলে দিয়েছে মিডল অর্ডারকে।

নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন তাওহিদ হৃদয়। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি।

বাংলাদেশ: ৯ ওভারে ২২/৩

নাজমুলের আউট

আধঘণ্টা

দিনের প্রথম আধঘণ্টা পার হয়েছে। শুরুটা বেশ কঠিন ছিল বাংলাদেশের জন্য। প্রথম বলে অভিষিক্ত মাহফিজুল আউট হওয়ার পর মুমিনুলও দ্রুতই ফেরেন। ২ রানে ২ উইকেট হারানোর পর এখন তানজিদ ও নাজমুলের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। রাবাদার সর্বশেষ ওভারে দুটি দুর্দান্ত ড্রাইভও দেখা গেছে তানজিদ ও নাজমুলের ব্যাটে।

বাংলাদেশ: ৭.১ ওভারে ২২/২

আরও যাঁরা

এবার মুমিনুলও

আউট হয়ে গেলেন মুমিনুল হকও। তিনিও উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন রাবাদার বলে। অফ স্টাম্পের সামান্য বাইরের বলে একটু বাড়তি বাউন্স ছিল, মুমিনুল বলটা ডিফেন্ড করতে গিয়েছিলেন, তাঁর ব্যাট ছুয়ে বল গেছে উইকেটকিপারের গ্লাভসে।

বাংলাদেশ : ৩.১ ওভারে ৭/২

প্রথম বলেই আউট মাহফিজুল

আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম বল। ম্যাচেরও প্রথম।

আর সেই বলেই আউট হয়ে গেলেন মাহফিজুল ইসলাম। কাগিসো রাবাদার বলে গালিতে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়েছেন এই ডানহাতি ওপেনার।

নতুন ব্যাটসম্যান মুমিনুল হক।

মাহফিজুলের অভিষেক

বাংলাদেশের হয়ে আজ অভিষেক হচ্ছে মাহফিজুল ইসলামের। ২২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান তানজিদ হাসানের সঙ্গে ওপেনিংয়ে নামবেন।

মাহফিজুল সম্পর্কে জানতে পড়ুন এই প্রতিবেদনটি: জাতীয় দলে নতুন ডানহাতি ওপেনার কে এই মাহফিজুল

বাংলাদেশের একাদশে যাঁরা

নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন।

টসে জিতে ব্যাটিং

কয়েন ছুঁড়েছেন টেম্বা বাভুমা, জিতেছেন নাজমুল হোসেন।

সিরিজের প্রথম টেস্টে টসে জিতে আগে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক জানিয়েছেন, তিন পেসার ও এক স্পিনার রেখে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

স্বাগত

বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের লাইভ ব্লগে সবাইকে স্বাগত। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলছে বাংলাদেশ। আজ জোহানেসবার্গে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট।

ম্যাচটির তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ, তথ্য ও পরিসংখ্যান জানতে চোখ রাখুন প্রথম আলোর লাইভ ব্লগে।