প্রতিপক্ষ বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার জন্য নামটা একসময় খুব বেশি দুশ্চিন্তার ছিল না। তবে সময় বদলেছে। বদলেছে বাংলাদেশও। বিশেষ করে পেস বোলিংয়ে উন্নতি এবং পেস ও বাউন্সের বিপক্ষে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস দেখে এবার বেশ সতর্ক দক্ষিণ আফ্রিকা।

দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশকে হালকাভাবে না নেওয়ার জন্য সতীর্থদের সতর্কবার্তা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এইডেন মার্করাম। তাঁর মতে, পেস ও বাউন্সের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানরা এখন আগের চেয়ে অনেক ভালো খেলছেন।

১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর, সেঞ্চুরিয়নে।

মার্করামের চোখে, বাংলাদেশ এখন আগের তুলনায় পরিপূর্ণ টেস্ট দল। এত দিন স্পিন আক্রমণই ছিল বাংলাদেশের প্রধান শক্তি। তবে মানসম্পন্ন পেসার যুক্ত হওয়ায় দলটির বোলিং আক্রমণ এখন অনেক বেশি শক্তিশালী। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে সুপার স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে মার্করাম বলেছেন, ‘তারা প্রমাণ করছে, পেস ও বাউন্স সামলানোর মতো ব্যাটসম্যানও তাদের আছে।’


শুধু ব্যাটিং নয়, বাংলাদেশের পেস আক্রমণেরও প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পারফরম্যান্সকেও দলটির উন্নতির প্রমাণ হিসেবে দেখছেন তিনি। মার্করামের সতর্কবার্তা, ‘আমাদের এই সিরিজের জন্য ২০০ ভাগ প্রস্তুত থাকতে হবে। সিরিজটি সত্যিই কঠিন হবে।’

দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমার তো আরও এক ধাপ এগিয়ে। তাঁর মতে, দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত বাংলাদেশের যত দলের বিপক্ষে খেলেছে, তার মধ্যে এবারের দলটিই হতে পারে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। হারমার বলেছেন, ‘আমার মনে হয়, বাংলাদেশের বিপক্ষে আমরা এখন পর্যন্ত যতবার খেলেছি, এবারের দলটি হবে তাদের মধ্যে সবচেয়ে কঠিন।’

সাইমন হারমার


বাংলাদেশের পেসার, স্পিনার ও ব্যাটিং শক্তির প্রশংসা করেছেন হারমার। তাঁর কথা, ‘তাদের কয়েকজন বোলার আছে, যারা প্রচণ্ড গতিতে বল করতে পারে।’

দক্ষিণ আফ্রিকার আরেক স্পিনার কেশব মহারাজও একই মত দিয়েছেন। তাঁর মতে, ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে ভালো ভারসাম্য খুঁজে পেয়েছে বাংলাদেশ। অভিজ্ঞ স্পিনারদের পাশাপাশি উঠে আসছেন তরুণ পেসাররাও। মহারাজ বলেছেন, ‘তাদের বেশ কয়েকজন ভালো ফাস্ট বোলার আছে। কয়েকজন তরুণও উঠে আসছে।’ সতীর্থদের তিনি সতর্ক করেছেন, ‘এমন দলকে আমরা কোনোভাবেই হালকাভাবে নিতে পারি না।’