মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। যদিও ট্রাম্পের এবারের এশিয়া সফরে দুজনের মধ্যে কোনো বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না। রুবিও উল্লেখ করেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো তাদের সঙ্গে আলোচনা ও যোগাযোগ বজায় রাখা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর চলমান এশিয়া সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সঙ্গে বৈঠকে বসছেন না। তবে তিনি তাঁর সঙ্গে আলোচনায় বসতে ‘প্রস্তুত’ আছেন।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সাংবাদিকদের রুবিও বলেন, ‘এই বৈঠক হয়তো এখনই ঘটবে না, তবে তিনি উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বৈঠক করতে প্রস্তুত।’

রুবিও বলেন, ‘উত্তর কোরিয়ার সঙ্গে আমাদের যদি কোনো সমস্যা থাকে, তবে তা সমাধানের একমাত্র উপায় হলো তাদের সঙ্গে আলোচনায় বসা।’

ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে তিনবার বৈঠক করেছিলেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর আবারও তাঁর সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে উত্তর কোরিয়া বারবার বলে আসছে, যুক্তরাষ্ট্র পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহার না করলে কোনো সংলাপ হবে না।

রুবিও সংবাদমাধ্যমকে বলেন, কারও সঙ্গে দেখা করা এবং কথা বলাকে প্রেসিডেন্ট কখনোই ছাড় দেওয়া হিসেবে দেখেননি।

রুবিও বলেন, ‘তিনি (ট্রাম্প) প্রায়ই যুক্তি দেন এবং আমিও মনে করি তা যথার্থই। যাদের সঙ্গে আপনার মতবিরোধ রয়েছে, তাদের সঙ্গে কথা না বললে বা আলোচনায় বসতে রাজি না হলে আপনি কীভাবে সমস্যার সমাধান করবেন?’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের বলছি না, আগামীকালই কোনো বৈঠক হতে যাচ্ছে। আমি শুধু বলছি, প্রেসিডেন্ট তাঁর প্রথম মেয়াদে যেমনটি করেছিলেন, তেমনই আবার দেখা করতে এবং আলোচনা করতে ইচ্ছুক।’

রুবিও আরও যোগ করেন, ‘এই বৈঠক থেকে ইতিবাচক কোনো ফলাফল আসবে কি না, তা চেষ্টা না করলে আমরা কখনোই জানতে পারব না। এই বৈঠক না–ও ঘটতে পারে। তবে তিনি এটি করতে প্রস্তুত। তিনি অতীতেও বিষয়টি স্পষ্ট করেছেন।’

আগের তিনটি বৈঠক ব্যর্থ হওয়ার পরও ট্রাম্প কেন চতুর্থবারের মতো কিমের সঙ্গে দেখা করতে চান তা স্পষ্ট নয়। কারণ, নানা প্রতিবেদন থেকে জানা যায়, উত্তর কোরিয়া ইতিমধ্যে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র অর্জন করেছে।

চীনে এশীয়–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২১টি দেশের জোট অ্যাপেকের সম্মেলনে যোগ দিতে ট্রাম্প বর্তমানে চীনে রয়েছেন।

কোয়াডের বৈঠকের এক ফাঁকে (ডান থেকে) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ১৭ নভেম্বর ২০২৬, ম্যানিলা

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এ অনুষ্ঠানে ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ অন্য নেতাদের স্বাগত জানান। এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, বিশ্বের এই তিন নেতার মধ্যে অনুষ্ঠেয় ঐতিহাসিক বৈঠকে কিমও যোগ দিতে পারেন।

উত্তর কোরিয়ার নেতা চীনের সীমান্তের কাছে একটি পর্যটন এলাকার নির্মাণকাজ পরিদর্শন করার পর ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের গুঞ্জন আরও জোরালো হয়েছে। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর খবরে এমনটা বলা হয়েছে।

কেসিএনএর মতে, কিম রবি ও সোমবার সামজিয়ন বিমানবন্দরের পুনর্নির্মাণ কাজ, একটি পর্যটন রেললাইন এবং একটি স্কি রিসোর্ট ঘুরে দেখেন। তিনি বলেন, রিসোর্টের হোটেল, লজ ও আবাসনব্যবস্থা ত্রুটিহীন এবং সর্বোচ্চ প্রশংসার যোগ্য।

ট্রাম্পের সঙ্গে দেখা করতে কিম চীন সফর করতে পারেন—এমন জল্পনার মধ্যেই তার এই পরিদর্শন অনুষ্ঠিত হলো। কিম গত মাসে উদ্বোধন হওয়া একটি সেতু পার হয়ে চীন সফর করেছিলেন। এর আগে গত বছরের সেপ্টেম্বরেও বেইজিংয়ে একটি সামরিক কুচকাওয়াজে যোগ দিতে চীন গিয়েছিলেন তিনি।

কিয়ংনাম ইউনিভার্সিটির ফার ইস্ট ইনস্টিটিউটের অধ্যাপক কিম ডং ইউপের উদ্ধৃতি দিয়ে দ্য জাপান টাইমস জানিয়েছে, ‘ধরা যাক, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব দিল। কিন্তু নিষেধাজ্ঞা এমনিতেই তো কোনো কাজ করছে না। এতে কিমের কোনো লাভ নেই। তিনি কেন যাবেন এবং নিজেকে সম্ভাব্য অনিশ্চয়তার মুখে ফেলবেন?’