অনেক দিনের ইচ্ছা ছিল, কেন্দ্রীয় পর্যায় থেকে নিজ হাতে কোনো পুরস্কার গ্রহণ করব। সেই স্বপ্ন বুকে নিয়েই অপেক্ষায় ছিলাম ‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানের। নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই যাওয়ার অপেক্ষা বাড়তে থাকে। তখনো জানতাম না, এই যাত্রা কত বিচিত্র অভিজ্ঞতায় ভরিয়ে দেবে।

যাত্রার শুরুতেই ছিল একের পর এক নাটকীয়তা। ট্রেনের টিকিট না পাওয়ায় শেষ পর্যন্ত বাসেই রওনা হওয়ার সিদ্ধান্ত নিই। রাত নয়টার দিকে বাস ছাড়ার কথা। বাসা থেকে বের হই রাত ৮টা ১০ মিনিটে। সিলেট ওসমানী মেডিকেল এলাকার কাছ থেকে কদমতলী বাসস্ট্যান্ডের উদ্দেশে একটি সিএনজিতে উঠলাম। কিন্তু চালকের শর্ত, পাঁচজন যাত্রী পূর্ণ না হলে গাড়ি ছাড়বে না। সময় গড়িয়ে প্রায় ৮টা ৪০ মিনিট, অথচ যাত্রী মাত্র তিনজন! আর অপেক্ষা নয়, নেমে পড়লাম।এরপর শুরু হলো আরেক দফা ছোটাছুটি। বেশি ভাড়া দিয়ে একটি অটোরিকশায় উঠলাম। কিন্তু কাজীরবাজার ব্রিজ পার হওয়ার পর পুলিশের উপস্থিতি দেখে চালক আর সামনে যেতে রাজি হলেন না। আবার গাড়ি বদল। শেষ পর্যন্ত রাত ৯টা ৫ মিনিটের দিকে পৌঁছালাম বিলাস কাউন্টারে। এমন সব ছোট ছোট বাধা পেরিয়েই শুরু হলো আমাদের ঢাকা অভিমুখী যাত্রা।

স্মৃতি সংরক্ষণ

বাসে ঢাকা পৌঁছে মহাখালী থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চলে এলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে। লঞ্চে উঠে ফ্রেশ হয়েই বন্ধু জাকারিয়াকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম চারপাশটা ঘুরে দেখতে। নতুন পরিবেশ, নদীর পাড়, মানুষের ব্যস্ততা—সবকিছুই বেশ উপভোগ করছিলাম। কিছু দূর হাঁটতেই চোখে পড়ল ছোট্ট একটি খাবারের হোটেল। ভেতরে মানুষের বেশ ভিড়, চলছে জমজমাট খাবারদাবার। আমিও বসে পড়লাম। অর্ডার করলাম পরোটা, ডিমের অমলেট আর ডালভাজি; জাকারিয়া খাবে ভাত। অনুষ্ঠানের নাশতা পেতে দেরি হতে পারে বলে আগেভাগেই পেটপূজার ব্যবস্থা!

লঞ্চের পুরো পরিবেশটাই আমার কাছে ছিল উপভোগের বিষয়। চারপাশ ঘুরে দেখা, নদীর হাওয়া, নতুন মানুষ আর নতুন অভিজ্ঞতা—সবকিছুই মনে গেঁথে যাচ্ছিল। এমনকি লঞ্চের ছাদেও উঠে কিছুটা সময় কাটিয়েছি। পরে ফিরে এসে সবার সঙ্গে আড্ডা, গল্প আর হাসি-আনন্দে মেতে উঠলাম।

সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বন্ধুদের আন্তরিকতা। পরিচিত-অপরিচিত প্রায় সবার সঙ্গেই কথা হয়েছে। কোথাও কোনো দূরত্ব ছিল না। বন্ধুসভার এই বন্ধন যেন মুহূর্তেই সবাইকে আপন করে নেয়। গান, নাচ, আড্ডা—সব মিলিয়ে সময়টা কীভাবে কেটে যাচ্ছিল, টেরই পাচ্ছিলাম না।

পুরস্কার গ্রহণের মুহূর্তে

তবে আনন্দের মধ্যেও একটা সময় মনটা অস্থির হয়ে উঠল। যখন পুরস্কার প্রদানের পর্ব শুরু হলো, একের পর এক বন্ধুসভার নাম ঘোষণা করা হচ্ছিল, বন্ধুরা মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করছিলেন। অথচ আমাদের মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার নাম তখনো ঘোষণা করা হচ্ছিল না। প্রতিবার একটি নাম ঘোষণার পর মনে হচ্ছিল, এবার বুঝি আমাদের পালা। আমার এই সময় ভেতর থেকে বুক ফেটে যাচ্ছিল মনে হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পাশে থাকা বন্ধু জাকারিয়া সাহস দিয়ে বলল, ‘টেনশন নিস না রুহেল, আমরা পুরস্কার পাবই।’

অবশেষে যখন একটি ভালো কাজের স্বীকৃতি হিসেবে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার নাম ঘোষণা করা হলো, আনন্দের সেই মুহূর্ত ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছিল, এতক্ষণের অপেক্ষা, অস্থিরতা আর প্রত্যাশা সবকিছু যেন এক নিমেষেই সার্থক হয়ে গেল। ইচ্ছা করছিল সিলেটে থাকা একজনকে ফোন করে মুহূর্তটির আনন্দ ভাগ করে নিই।

পুরস্কার গ্রহণের সময় আনিসুল হক ভাই মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার কার্যক্রমের প্রশংসা করেন। তাঁর মুখে আমাদের বন্ধুসভার কথা ও কাজের স্বীকৃতি শুনে সত্যিই ভালো লেগেছিল। এ ধরনের স্বীকৃতি শুধু আনন্দ দেয় না; বরং ভবিষ্যতে আরও ভালো কাজ করার সাহস ও অনুপ্রেরণা জোগায়।

আয়োজনজুড়েই ছিল নানা রকম খাবারের সমারোহ। আইসক্রিম থেকে শুরু করে কফি—সবকিছুই বেশ উপভোগ করেছি। তবে দিনের শেষভাগের সাংস্কৃতিক আয়োজন ছিল বিশেষ আকর্ষণীয়। বন্ধুদের সঙ্গে নাচ, গান আর আনন্দ-উল্লাসে সময়টা যেন অন্য এক মাত্রা পেয়েছিল। এমন কিছু মুহূর্ত থাকে, যেখানে বয়স, পদ-পদবি কিংবা পরিচয়ের কোনো গুরুত্ব থাকে না; থাকে শুধু বন্ধুত্ব আর একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার নির্মল অনুভূতি।

ফেরার আগে বন্ধুসভার পরিচালনা পর্ষদের অনেকের সঙ্গেই দেখা হয়েছে, কথা হয়েছে। তাঁদের আন্তরিকতা, উৎসাহ ও ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে।

সব মিলিয়ে ‘এসো মিলি জলধারায় ২.০’ আমার কাছে শুধুই একটি প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন নয়; এটি ছিল দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের গল্প, বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি হওয়ার গল্প এবং একটি সম্মিলিত ভালো কাজের স্বীকৃতি পাওয়ার আনন্দ। যাত্রাপথের ছোট ছোট বিড়ম্বনা থেকে শুরু করে পুরস্কার পাওয়ার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত—সবকিছুই স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে।

বন্ধু, মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা