কিশোর বয়সটাই হলো কৌতূহলের। অজানাকে জানার কৌতূহল। আকাশের ওই মিটমিটে তারাগুলো আসলে কী, ডাইনোসররা কেন পৃথিবী থেকে হারিয়ে গেল কিংবা মানুষের মগজের ভেতর ঠিক কী চলে—এমন হাজারো প্রশ্ন সারাক্ষণ উঁকি দেয় কচি মনে। কিন্তু বিজ্ঞানের বইয়ের কথা শুনলে কিশোর মনে জেঁকে বসে একধরনের ভয়—জটিল তত্ত্ব, খটমটে পরিভাষা আর কঠিন সব সমীকরণের ভয়।

ফলে বিজ্ঞানের প্রতি আগ্রহ ধরে রাখা ছেলেমেয়েদের জন্য কঠিন হয়ে পড়ে। ভড়কে যায় কিশোরের পাঠকসত্তা। তবে সব বইয়ের ক্ষেত্রে কিন্তু একই কথা খাটে না। বিশেষ করে জনপ্রিয় বিজ্ঞানের বইগুলোর ক্ষেত্রে। বিশ্বজুড়ে বিজ্ঞানের প্রতি ভালোবাসা তৈরিতে এ বইগুলোর ভূমিকা অসীম। এদের মধ্যেও আলাদা একটা ভাগ আছে, যা লেখা হয় কেবল কিশোরদের কথা ভেবে। তেমনই একটি বই নিয়ে কথা বলব আজ।

কিশোরদের বিজ্ঞানভীতি দূর করার দারুণ এক কৌশল বাতলে দিয়েছেন মার্কিন লেখক ও কার্টুনিস্ট হোর্হে চ্যাম। তাঁর লেখা অলিভার’স গ্রেট বিগ ইউনিভার্স নামের একটি বইয়ের মাধ্যমে।

মহাবিশ্বের অলিতে-গলিতে এক রুদ্ধশ্বাস অভিযানের কাহিনি বলা যেতে পারে বইটিকে। এর নায়ক হলো অলিভার নামের ১১ বছর বয়সী এক দুরন্ত বালক।

হোর্হে চ্যাম পেশায় রোবটিকস প্রকৌশলী এবং বিজ্ঞান যোগাযোগকর্মী। বিশ্বের জনপ্রিয় বিজ্ঞান পডকাস্ট ‘ড্যানিয়েল অ্যান্ড হোর্হে এক্সপ্লেইন দ্য ইউনিভার্স’-এর সহ-সঞ্চালক হিসেবে তিনি বিশ্বজুড়ে পরিচিত। বড়দের জন্য বিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজ করে বেশ কিছু বই লিখেছেন তিনি। সেই অভিজ্ঞতাকে আরও শাণিত করে সহজ ভাষায় কিশোরদের জন্য কলম ধরেছেন চ্যাম। লিখেছেন অলিভার’স গ্রেট বিগ ইউনিভার্স। বইটির বাংলা রূপান্তর করেছেন আবুল বাসার, অলিভারের বিপুল মহাবিশ্ব নামে।

এটিকে শুধু জনপ্রিয় বিজ্ঞানের বইয়ের কাতারে রাখলে অন্যায় হবে। বরং মহাবিশ্বের অলিতে-গলিতে এক রুদ্ধশ্বাস অভিযানের কাহিনি বলা যেতে পারে বইটিকে। এর নায়ক হলো অলিভার নামের ১১ বছর বয়সী এক দুরন্ত বালক। অলিভারের স্বপ্ন, সে বড় হয়ে একজন জ্যোতিঃপদার্থবিদ হবে। সে লক্ষ্যে পৌঁছানোর জন্য সে নিজেই একটি পথ বেছে নেয়। ঠিক করে, পুরো মহাবিশ্বের রহস্য সে নিজের মতো করে বুঝবে এবং অন্যদেরও বোঝাবে।

বইটির উপস্থাপনভঙ্গি একেবারেই গতানুগতিক বিজ্ঞান বইয়ের মতো নয়। এটি বরং ডায়েরি ও কমিকসের এক চমৎকার মেলবন্ধন। অলিভার তার নিজের নোটবুকে মজার মজার সব ছবি এঁকে, টীকা-টিপ্পনী কেটে মহাবিশ্বের গল্প বলছে। বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ থেকে শুরু করে সৌরজগৎ, কৃষ্ণগহ্বর, ডার্ক ম্যাটার, পৃথিবীর সৃষ্টি, প্রাণের বিকাশ—কী নেই এই বইয়ে! এমনকি মানুষের মস্তিষ্ক কীভাবে কাজ করে বা কোয়ান্টাম জগতের অদ্ভুতুড়ে নিয়মকানুন কেমন, তা-ও অলিভার ব্যাখ্যা করেছে অত্যন্ত সরল ও হাস্যরসাত্মক ভঙ্গিতে। আসলে অলিভারের ছদ্মবেশে কাজটি করেছেন হোর্হে চ্যাম নিজেই।

হোর্হে চ্যাম পেশায় রোবটিকস প্রকৌশলী এবং বিজ্ঞান যোগাযোগকর্মী। বিশ্বের জনপ্রিয় বিজ্ঞান পডকাস্ট ড্যানিয়েল অ্যান্ড হোর্হে এক্সপ্লেইন দ্য ইউনিভার্স-এর সহ-সঞ্চালক হিসেবে তিনি বিশ্বজুড়ে পরিচিত।
অলিভারের বিপুল মহাবিশ্ব বইয়ের প্রচ্ছদ

একনজরে

অলিভারের বিপুল মহাবিশ্ব

লেখক ও অলংকরণ: হোর্হে চ্যাম

রূপান্তর: আবুল বাসার

প্রকাশক: প্র প্রকাশন

পৃষ্ঠা: ১৯২

দাম: ৪২৫ টাকা

বইটি পড়ার সময় পাঠকের মনে হয় না যে সে গণিতের কঠিন কোনো তত্ত্ব পড়ছে। বরং মনে হয়, অলিভার নামের এক বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছে আর শুনছে মহাজাগতিক অভিযানের গল্প।

গল্পের ছলে বিজ্ঞানের গূঢ় তত্ত্বগুলো পাঠকের মগজে গেঁথে দেওয়ার অদ্ভুত মুনশিয়ানা আছে চ্যামের। সেই দক্ষতার ছাপ স্পষ্ট দেখা গেছে এই বইয়ে। পাতায় পাতায় অলিভারের মজার সব কার্টুন, স্কেচ আর সংলাপ পাঠককে যেমন হাসায়, তেমনি বিজ্ঞানের জটিল জগতের গভীর ছবি এঁকে দেয় মগজে। জটিল কোনো গাণিতিক সূত্রের মারপ্যাঁচে যাননি চ্যাম। বরং চারপাশের চেনা পরিবেশের উদাহরণ দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন মহাকর্ষ বল কিংবা আলোর গতির মতো বিষয়গুলো। ফলে বইটি পড়ার সময় পাঠকের মনে হয় না যে সে গণিতের কঠিন কোনো তত্ত্ব পড়ছে। বরং মনে হয়, অলিভার নামের এক বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছে আর শুনছে মহাজাগতিক অভিযানের গল্প।

মোট ১১টি অধ্যায়ে সাজানো হয়েছে বইটি। প্রথম অধ্যায়ে অলিভার নিজের ও তার পরিবারের পরিচয় তুলে ধরে। কেন সে মহাবিশ্ব সম্পর্কে জানতে আগ্রহী, সে বিষয়ে একটি ধারণা দেয়। পাশাপাশি মহাবিশ্ব সম্পর্কে জানতে শিশু-কিশোরদের কী কী প্রস্তুতি থাকা দরকার, তারও একটা রূপরেখা পাওয়া যায় এ অধ্যায় থেকে।

দ্বিতীয় অধ্যায়ের আলোচনা অনাদিকাল থেকে মানুষের মনে জেগে ওঠা চিরায়ত কিছু প্রশ্ন নিয়ে। সেগুলোর উত্তর খোঁজারও চেষ্টা করা হয়েছে এই অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ের আলোচনা সৌরজগৎকেন্দ্রিক। সেই সঙ্গে মহাকাশবিজ্ঞান চর্চার কিছু পরিভাষা ও মাপজোখের হিসাবের পদ্ধতিও বাতলে দিয়েছে অলিভার এ অধ্যায়ে।

মোট ১১টি অধ্যায়ে সাজানো হয়েছে বইটি। প্রথম অধ্যায়ে অলিভার নিজের ও তার পরিবারের পরিচয় তুলে ধরে। কেন সে মহাবিশ্ব সম্পর্কে জানতে আগ্রহী, সে বিষয়ে একটি ধারণা দেয়।

চতুর্থ অধ্যায়ের আলোচ্য বিষয় হলো মহাকর্ষ বল, নিউটন থেকে আইনস্টাইন পর্যন্ত এই বলের ব্যাখ্যার বিবর্তন এবং স্থানকালের বক্রতা। পঞ্চম অধ্যায়ে বলা হয়েছে নক্ষত্রদের জন্মকথা। ষষ্ঠ অধ্যায়ে রয়েছে নক্ষত্রের মৃত্যুকাহিনি। হরেক রকম মৃত্যু—কৃষ্ণগহ্বর, শ্বেত বামন, লোহিত দানব, নিউট্রন তারা—আরও কত রকম পরিণতি আর ভারী মৌলগুলোর জন্মকথা উঠে এসেছে এখানে।

এরপরের অধ্যায়গুলোতে একে একে উঠে এসেছে বিগ ব্যাং, মহাবিশ্বের বেড়ে ওঠার কাহিনি, ডার্ক ম্যাটার ও এলিয়েনের গল্প। সবশেষে বিদায়ের সুর—অর্থাৎ মহাবিশ্বের ভবিষ্যৎ কিংবা সম্ভাব্য পরিণতির কথা। সব মিলিয়ে, গতানুগতিক বিজ্ঞানের বইয়ের বাইরে মহাবিশ্বকে ভিন্নভাবে দেখা ও অনুসন্ধানের এক অনন্য বই হয়ে উঠেছে এটি।

আট থেকে আশি—সব বয়সের পাঠকের উপযোগী এই বইটির বাংলা সংস্করণ প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। ঝকঝকে ছাপা, দারুণ সব কার্টুন আর মজবুত বাঁধাইয়ের বইটি পাওয়া যাচ্ছে দেশের প্রায় সব বইয়ের দোকান ও অনলাইন বুকশপে।