চুলের যত্নে শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করাই ছিল এত দিনের পরিচিত নিয়ম। তবে সেই নিয়মে একটু বদল এনেছে নতুন ট্রেন্ড ‘ডার্টি হেয়ার কন্ডিশনিং’।
‘ডার্টি হেয়ার কন্ডিশনিং’ ট্রেন্ডে শ্যাম্পু করার আগেই চুলে কন্ডিশনার লাগানো হয়। চুলের আর্দ্রতা ধরে রাখা, রুক্ষতা কমানো এবং চুলকে নরম ও মসৃণ রাখাই এই পদ্ধতির মূল উদ্দেশ্য। ডার্টি হেয়ার কন্ডিশনিং ট্রেন্ডটি মূলত জেন জি প্রজন্মের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। টিকটকের হেয়ার কেয়ার কমিউনিটি বা ‘হেয়ারটক’-এর হাত ধরে এই ট্রেন্ডটি তরুণদের মধ্যে দ্রুত ভাইরাল হয়েছে।
ডার্টি হেয়ার কন্ডিশনিং কী?

ডার্টি হেয়ার কন্ডিশনিংকে প্রি-পু বা প্রি-শ্যাম্পু কন্ডিশনিংও বলা হয়। পদ্ধতিটি বেশ সহজ। শ্যাম্পু করার আগে চুলের মাঝের অংশ থেকে আগা পর্যন্ত কন্ডিশনার লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। এরপর পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে নিতে হয়।
সাধারণত শ্যাম্পু মাথার ত্বকের ময়লা, অতিরিক্ত তেল ও চুলে জমে থাকা পণ্যের অবশিষ্টাংশ পরিষ্কার করে। তবে শ্যাম্পু করার সময় চুলের নিচের অংশ থেকেও কিছুটা আর্দ্রতা কমে যেতে পারে। বিশেষ করে যাঁদের চুল শুষ্ক, তাঁদের ক্ষেত্রে বিষয়টি বেশি অনুভূত হতে পারে।
চুলে শ্যাম্পু দেওয়ার আগে কন্ডিশনার ব্যবহার করলে চুলের ওপর একটি সুরক্ষা স্তর তৈরি হয়। ফলে ধোয়ার সময় চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। দুবাইয়ের বিহেভ হেয়ার অ্যান্ড বডি স্পার হেয়ার স্টাইলিস্ট আনা মারিয়া গাইবোভার মতে, এই পদ্ধতিতে চুল নরম ও উজ্জ্বল দেখায়, জট কমে এবং চুলের যত্ন নেওয়াও সহজ হয়।
কেন জনপ্রিয় হচ্ছে এই পদ্ধতি?

শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করলে অনেক সময় চুল নরম হলেও গোড়া চুপসে যায়। বিশেষ করে যাঁদের চুল পাতলা, তাঁদের ক্ষেত্রে অতিরিক্ত কন্ডিশনার চুলকে ভারী করে তুলতে পারে। ডার্টি হেয়ার কন্ডিশনিংয়ে শ্যাম্পুর আগেই কন্ডিশনার ব্যবহার করা হয়। ফলে চুলের নিচের অংশে আর্দ্রতা ও কোমলতা বজায় রাখার পাশাপাশি গোড়ায় ভারী ভাব এড়ানোও সম্ভব হতে পারে।
এ ছাড়া এই ট্রেন্ডে নতুন কোনো পণ্য কেনার প্রয়োজন নেই। নিয়মিত ব্যবহৃত কন্ডিশনার দিয়েই করা যায়। তাই সহজে চুলের যত্নের রুটিনে যুক্ত করা সম্ভব হচ্ছে এই ট্রেন্ড।
কোন ধরনের চুলের জন্য উপযোগী?

শুষ্ক, কোঁকড়া, ঘন ও সহজে জট পাকায়, এমন চুলের জন্য ডার্টি হেয়ার কন্ডিশনিং বেশ উপযোগী হতে পারে। চুলের আঁশ নরম রাখতে এবং জট ছাড়ানোর সময় ঘর্ষণ কমাতে সাহায্য করে এই পদ্ধতি। ফলে চুল ভেঙে যাওয়ার ঝুঁকিও কিছুটা কমতে পারে।
যাঁদের চুলে নিয়মিত রিবন্ডিং করা হয়, তাঁদের জন্যও এটি সহায়ক হতে পারে। চুলের কোমলতা ও উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে প্রি-পু কন্ডিশনিং। এমনকি পাতলা চুলেও এটি কাজে আসতে পারে, বিশেষ করে যাঁদের চুল আর্দ্রতা চায়, কিন্তু সাধারণ কন্ডিশনার ব্যবহারে সহজেই চুপসে যায়।
তবে তৈলাক্ত মাথার ত্বক কিংবা খুব পাতলা চুল হলে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। ভারী কন্ডিশনার ব্যবহার করলে চুলে পণ্যের অবশিষ্টাংশ জমতে পারে এবং চুল আরও চুপসে যেতে পারে। তাই মাথার ত্বকে নয়, চুলের মাঝের অংশ থেকে আগা পর্যন্ত কন্ডিশনার লাগানোই ভালো।
কীভাবে করবেন ডার্টি হেয়ার কন্ডিশনিং?

পদ্ধতিটি খুবই সহজ। শ্যাম্পু করার আগে শুকনো বা না-ধোয়া চুলের মাঝের অংশ থেকে আগা পর্যন্ত কন্ডিশনার লাগান। অন্তত পাঁচ মিনিট অপেক্ষা করুন। চুল খুব শুষ্ক হলে কিছুটা বেশি সময় রাখা যেতে পারে। তবে কন্ডিশনারের প্যাকেটে দেওয়া ব্যবহারের নির্দেশনাও মেনে চলুন।
এরপর পানি দিয়ে কন্ডিশনার ধুয়ে ফেলুন। এবার মাথার ত্বকে শ্যাম্পু লাগিয়ে পরিষ্কার করুন। চুলের আগার অংশে আলাদা করে জোরে ঘষার প্রয়োজন নেই; শ্যাম্পুর ফেনা ধুয়ে যাওয়ার সময় স্বাভাবিকভাবেই ওই অংশ পরিষ্কার হয়ে যাবে।
শুষ্ক ও ঘন চুল হলে প্রতিবার শ্যাম্পুর আগে এই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। অন্য ধরনের চুলের ক্ষেত্রে সপ্তাহে এক বা দুইবার দিয়ে শুরু করা ভালো। চুলের ধরন ও অবস্থা বুঝে ব্যবহারের নিয়ম ঠিক করুন।
যেসব ভুল এড়িয়ে চলবেন

ডার্টি হেয়ার কন্ডিশনিংয়ের ক্ষেত্রে কয়েকটি বিষয় মনে রাখা জরুরি। প্রথমত, কন্ডিশনার সরাসরি মাথার ত্বকে লাগাবেন না। চুলের মাঝের অংশ ও আগায় ব্যবহার করুন। দ্বিতীয়ত, অতিরিক্ত কন্ডিশনার লাগানোর প্রয়োজন নেই। বেশি পণ্য ব্যবহার করলে শ্যাম্পু করার পরও চুলে ভারী ভাব থাকতে পারে।
কন্ডিশনার লাগানোর পর খুব দ্রুত ধুয়ে ফেলবেন না। অন্তত পাঁচ মিনিট সময় দিন। আবার শ্যাম্পু করার সময় চুলের দৈর্ঘ্যের অংশ জোরে ঘষবেন না। মাথার ত্বক পরিষ্কারের দিকে বেশি মনোযোগ দিন। অতিরিক্ত ভারী বা সিলিকনসমৃদ্ধ কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকুন, কারণ কিছু ফর্মুলা চুলে পণ্যের অবশিষ্টাংশ জমাতে পারে।
আরেকটি বিষয় মনে রাখা প্রয়োজন, ডার্টি হেয়ার কন্ডিশনিং চুলের যত্নের একটি পদ্ধতি মাত্র। এটি চুলের ক্ষতি সারানোর বিকল্প নয়। চুল বেশি ক্ষতিগ্রস্ত হলে নিয়মিত হেয়ার মাস্ক, প্রয়োজনমতো ট্রিম এবং বিশেষজ্ঞের পরামর্শও জরুরি।
চুলের জন্য কতটা কার্যকর?

কন্ডিশনার চুলের ওপরের স্তর মসৃণ করতে, ঘর্ষণ ও জট কমাতে এবং চুলকে নরম রাখতে সাহায্য করে। তাই শ্যাম্পুর আগে কন্ডিশনার ব্যবহারের পেছনে যৌক্তিকতা রয়েছে। তবে এই পদ্ধতির কার্যকারিতা নিয়ে এখনো পর্যাপ্ত বৈজ্ঞানিক গবেষণা নেই।
দুবাইয়ের সিইয়া ক্লিনিকের অ্যাস্থেটিক ফিজিশিয়ান ডা. শিরিন হুসাইন মনে করেন, এটি মূলত চুলের সৌন্দর্য ও ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত একটি পদ্ধতি। চুলের বৃদ্ধি বাড়ানো, চুল পড়া ঠেকানো কিংবা মাথার ত্বকের স্বাস্থ্য ভালো করার ক্ষেত্রে এর কার্যকারিতার শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই।
তাই চুলকে নরম, মসৃণ ও সহজে সামলানোর উপায় হিসেবে ডার্টি হেয়ার কন্ডিশনিং চেষ্টা করে দেখতে পারেন। তবে ট্রেন্ড অনুসরণ করার পাশাপাশি নিজের চুলের ধরন ও প্রয়োজন বুঝে যত্ন নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ছবি: এআই





