দেশের যোগাযোগব্যবস্থার উন্নয়নে সেতু প্রয়োজন। বড় সেতু দরকার, মাঝারি সেতু দরকার, ছোট সেতু দরকার, অতি ছোট সেতুও দরকার। তাই সেতু নির্মাণের বিরোধিতা করছি না। তবে সেতু নির্মাণের পরিকল্পনা হতে হবে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে, ব্যক্তির ইচ্ছায় নয়।

আমাদের দেশে অনেক সময় ক্ষমতাধর ব্যক্তির প্রভাবে সেতুর স্থান ঠিক হয়। দেখা যায়, কাছাকাছি আরেকটি সেতু আছে। তবু নতুন সেতু নির্মাণ করা হচ্ছে। নতুন সেতু নির্মাণের ক্ষেত্রে স্থান নির্ধারণ করতে হবে সর্বোচ্চসংখ্যক মানুষের কাজে আসছে কি না, সে বিবেচনায়।

সেতু নির্মাণের ক্ষেত্রে নদী ও খালের স্বাভাবিক প্রবাহ ও নৌ চলাচল কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। দেশে একটা অভ্যাস আছে যে খরচ কমানোর জন্য সেতু ছোট করে নির্মাণ করা হয়। নদীর দুই পাশে ভরাট করে ছোট সেতু নির্মাণ অত্যন্ত ক্ষতিকর। এর ফলে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত হয়, নদী গতিপথ পরিবর্তন করতে পারে এবং ধীরে ধীরে নাব্যতা হারিয়ে মৃত্যুর দিকে ধাবিত হতে পারে।

পাশাপাশি সেতুর উচ্চতা ও নকশা যথাযথ না হলে নৌ পরিবহন বাধাগ্রস্ত হয়, যা শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলে। আমাদের দেশের পুরোনো সেতুগুলো অনেকটা উটের পিঠের মতো। নৌ চলাচলের ব্যবস্থা রাখতে ওরকম সেতু করা হয়েছিল। এখন সেতু নিচু করে নির্মাণ করা হয়।

সেতুর দুই পাশের অ্যাপ্রোচ রোড (সংযোগ সড়ক) এবং আশপাশের উন্মুক্ত স্থান যথাযথভাবে পরিকল্পনা করা জরুরি। কারণ, সেতুকে কেন্দ্র করে বাজার বা দোকানপাট হতে পারে।

প্রতিটি প্রকল্প বাস্তবায়নের আগে পরিবেশগত প্রভাব মূল্যায়ন নিশ্চিত করতে হবে। ১০০ মিটারের কম দৈর্ঘ্যের সেতুর ক্ষেত্রে সমীক্ষা না করানো গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে স্থানীয় জনগণের মতামত গ্রহণ এবং প্রকল্পের মান নিয়ন্ত্রণে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

সর্বোপরি, সেতু নির্মাণের নামে নদী ও পরিবেশের ক্ষতি করে যোগাযোগব্যবস্থার উন্নয়ন কখনোই টেকসই উন্নয়ন হতে পারে না। সেতু নির্মাণের প্রতিটি পর্যায়ে জনস্বার্থ, পরিবেশ সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনাকে সমান গুরুত্ব দিতে হবে।

  • আইনুন নিশাত: ইমেরিটাস অধ্যাপক, ব্র্যাক ইউনিভার্সিটি।