বন্ধুর মেসের এক ঘরে থাকতেন ১৫ জন। তাঁদের একজন শরীফুল রাজ। টাকার অভাবে তখন তাঁর পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম। সেই সময় একটি বিজ্ঞাপনচিত্রে কাজ পেলেন। মূল মডেল আরিফিন শুভ, সারিকা ও নিলয়ের আশপাশে যে তরুণদের দেখা যাবে, রাজ ছিলেন সেই দলে। কয়েক দিন মহড়ার পর হলো শুটিং। কাজ শেষে হাতে পেলেন আট হাজার টাকা। সেদিনের কথা মনে করে প্রথম আলোকে রাজ বলেছিলেন, ‘সেই আনন্দের কথা বলে বোঝানো যাবে না।’

আজ ১৮ নভেম্বর, শরীফুল রাজের জন্মদিন। এদিন নতুন সিনেমার পোস্টার প্রকাশ করে তানিম রহমান অংশু জানালেন, তাঁর ‘লিম্বো’র প্রধান চরিত্রে অভিনয় করবেন রাজ। এই নির্মাতার ‘ন ডরাই’-এ সার্ফারের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। সাত বছর পর আবার একসঙ্গে কাজ করছেন দুজন। এবার তাঁদের সিনেমার পটভূমি মহাকাশ।

যে শহর ছেড়েছিলেন, সেখানেই নতুন শুরু

রাজের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। বাবার চাকরিসূত্রে বেড়ে ওঠার বড় একটা সময় কেটেছে সিলেটে। হাইস্কুলের পড়া শেষে ভর্তি হন এমসি কলেজে। ছাত্রজীবনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সক্রিয় সদস্য ছিলেন। ২০০৯ সালে পড়াশোনার জন্য ঢাকায় আসেন। প্রথম দেখাতেই শহরটা ভালো লেগেছিল। কিন্তু খরচ সামলাতে না পেরে এক বছরের মধ্যেই চলে যান নারায়ণগঞ্জে, মামার কাছে।

পরের বছর ঢাকায় ফিরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন রাজ। আর্থিক টানাপোড়েনের সেই সময়ে বন্ধু হাবিব তাঁকে নিজের মেসে জায়গা দেন। দিনে ক্লাস, সন্ধ্যায় ধানমন্ডি ৮ নম্বরে আড্ডা। সেই আড্ডাতেই বিজ্ঞাপনচিত্র নির্মাণের সঙ্গে যুক্ত কয়েকজনের সঙ্গে পরিচয় হয় তাঁর। তাঁদের একজন রাজকে নিয়ে যান নির্মাতা পিপলু আর খানের অফিসে। সেখান থেকেই আসে প্রথম বিজ্ঞাপনচিত্রে কাজের সুযোগ।
এরপর বিজ্ঞাপনচিত্রে ছোট ছোট কাজ করেছেন, দু-এক জায়গায় চাকরিও করেছেন। এ সময় মডেলিংয়ের প্রতি আগ্রহ বাড়ে। ২০১১ সালে বুলবুল টুম্পার গ্রুমিং স্কুলে ভর্তি হন রাজ। পরের বছর শুরু করেন র্যাম্পে হাঁটা। ফটোশুট আর র‍্যাম্পের আয়ে ঢাকায় চলার খরচ কিছুটা সামলে নেন।

১৮ নভেম্বর, শরীফুল রাজের জন্মদিন। এদিন নতুন সিনেমার পোস্টার প্রকাশ করে তানিম রহমান অংশু জানালেন, তাঁর ‘লিম্বো’র প্রধান চরিত্রে অভিনয় করবেন রাজ। এই নির্মাতার ‘ন ডরাই’-এ সার্ফারের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।
শরীফুল রাজ

প্রথম সিনেমার পরও ফিরতে হয়েছিল র‍্যাম্পে

২০১৫ সালে একদিন বুলবুল টুম্পা ফোন করে জানালেন, নির্মাতা রেদওয়ান রনি তাঁকে অফিসে ডেকেছেন। রনির নাটকের ভক্ত ছিলেন রাজ। খানিকটা ভয় নিয়েই গেলেন অডিশন দিতে। পরদিন আবার ডাক পড়ল। এবার পেলেন ‘আইসক্রিম’-এ অভিনয়ের প্রস্তাব।

প্রথম সিনেমার প্রস্তুতি নিতে র‍্যাম্প ও ফটোশুটের কাজ ছেড়ে দিয়েছিলেন রাজ। একসময় হাতে টাকা ফুরিয়ে গেলে রনির অফিসেই থেকেছেন। ২০১৬ সালে ‘আইসক্রিম’ মুক্তির পর পরিচিতি পেলেন । তবে পছন্দমতো গল্পের জন্য অপেক্ষা করতে হলো। চলার খরচ জোগাতে ২০১৭ ও ২০১৮ সালে আবার র‍্যাম্প ও ফটোশুটে ফিরলেন।

সিনেমার প্রতি টানটা অবশ্য আরও পুরোনো। রাজের বাড়িতে সবাই সিনেমা ভালোবাসেন। তাঁর মা সুযোগ পেলেই ‘রূপবান’ কিংবা ‘বেদের মেয়ে জোসনা’ দেখতে বসেন। রাজ মনে করেন, সিনেমার ঝোঁকটা পেয়েছেন পরিবার থেকেই।
শরীফুল রাজ।

সিনেমার প্রতি টানটা অবশ্য আরও পুরোনো। রাজের বাড়িতে সবাই সিনেমা ভালোবাসেন। তাঁর মা সুযোগ পেলেই ‘রূপবান’ কিংবা ‘বেদের মেয়ে জোসনা’ দেখতে বসেন। রাজ মনে করেন, সিনেমার ঝোঁকটা পেয়েছেন পরিবার থেকেই।
২০১৯ সালে মুক্তি পায় রাজ অভিনীত ‘ন ডরাই’। পরে ‘পরাণ’ ও ‘হাওয়া’ তাঁকে আরও বেশি দর্শকের কাছে নিয়ে যায়। ‘গুণিন’, ‘কাজলরেখা’, ‘ওমর’ ও ‘দেয়ালের দেশ’-এও ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা গেছে তাঁকে।

‘গুণিন’-এর শুটিংয়ে পরীমনির সঙ্গে পরিচয় রাজের। সেখান থেকেই প্রেম। পরিচয়ের সাত দিনের মাথায়, ২০২১ সালের ১৭ অক্টোবর, গোপনে বিয়ে করেন দুজন। পরের জানুয়ারিতে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তাঁরা। তাঁদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্মের পর দাম্পত্যে টানাপোড়েন দেখা দেয়। একপর্যায়ে আলাদা হয়ে যান রাজ ও পরীমনি। সে সময় প্রথম আলোকে রাজ বলেছিলেন, তাঁদের দুজনের একান্ত বিষয়গুলো যেন সন্তানের ওপর প্রভাব না ফেলে, সেদিকে খেয়াল রাখবেন।

২০১৯ সালে মুক্তি পায় রাজ অভিনীত ‘ন ডরাই’। পরে ‘পরাণ’ ও ‘হাওয়া’ তাঁকে আরও বেশি দর্শকের কাছে নিয়ে যায়। ‘গুণিন’, ‘কাজলরেখা’, ‘ওমর’ ও ‘দেয়ালের দেশ’-এও ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা গেছে তাঁকে।

যে জন্মদিনে ‘হাওয়া’ ছিল সেরা উপহার

একসময় জন্মদিন নিয়ে বিশেষ আগ্রহ ছিল না রাজের। সিনেমায় পরিচিতি পাওয়ার পর দিনটির অভিজ্ঞতা বদলে গেল। রাত ১২টা থেকেই শুভেচ্ছা জানাতে ফোন করতেন ভক্ত ও সহকর্মীরা। কেউ কেউ দেখাও করতে চাইতেন।

এক জন্মদিনে প্রথম আলোর সঙ্গে যখন কথা হচ্ছিল, রাজ তখন ‘হাওয়া’র ডাবিং করতে যাচ্ছিলেন । ছবিটি তখনো মুক্তি পায়নি। নিজের পছন্দের কাজটি নিয়ে সেদিন বলেছিলেন, ‘জন্মদিনে হাওয়া আমার সেরা উপহার।’

একসময় জন্মদিন নিয়ে বিশেষ আগ্রহ ছিল না রাজের। সিনেমায় পরিচিতি পাওয়ার পর দিনটির অভিজ্ঞতা বদলে গেল। রাত ১২টা থেকেই শুভেচ্ছা জানাতে ফোন করতেন ভক্ত ও সহকর্মীরা। কেউ কেউ দেখাও করতে চাইতেন।
শরীফুল রাজ

এবার জন্মদিনের কয়েক দিন আগে পুরস্কারের মঞ্চে আরেকটি স্মরণীয় মুহূর্ত পেলেন রাজ। বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডে মোশাররফ করিমের সঙ্গে যৌথভাবে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। টেলিভিশনে যাঁর অভিনয় দেখে মুগ্ধ হতেন, পুরস্কার নিতে গিয়ে তাঁর পা ছুঁয়ে শ্রদ্ধা জানান রাজ। মোশাররফ করিম তাঁকে বুকে টেনে নেন। চলতি বছর তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’-এ একসঙ্গে অভিনয় করেছেন দুজন।

‘এবার সার্ফিং হবে আকাশে’

গত জুনে ‘লিম্বো’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তানিম রহমান অংশু। এই ছবি দিয়েই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ফিরছেন তিনি। জন্মদিনে রাজকে শুভেচ্ছা জানাতে গিয়ে ‘ন ডরাই’-এর প্রসঙ্গ টেনে ফেসবুকে লিখেছেন, ‘এবার সার্ফিং হবে আকাশে।’ রাজও নিজের ফেসবুকে পোস্টার প্রকাশ করে ছবিটিতে যুক্ত হওয়ার খবর জানিয়েছেন।
অংশু জানান, ‘ন ডরাই’-এর পর থেকেই রাজের সঙ্গে আরেকটি ছবি করার ইচ্ছা ছিল তাঁর। রাজকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ও খুবই ন্যাচারাল অ্যাক্টর। গত পাঁচ-ছয় বছরে ওর অভিনয়ের আরও অনেক উন্নতি হয়েছে। ও নিজে মানুষ হিসেবেও এখন অনেক বেশি ম্যাচিউর, অনেক পরিণত। আর সেটা ওর অভিনয়েও পাওয়া যায়।’

আবার অংশুর পরিচালনায় কাজ করার সুযোগ পেয়ে রাজও উচ্ছ্বসিত । তিনি বলেন, ‘তাঁর সঙ্গে আগের কাজের অভিজ্ঞতাও দারুণ ছিল। এবার তিনি একটি সিনেমা নিয়ে যেভাবে ভাবছেন, সেই ভাবনার অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।’

‘লাপাতা লেডিস’-এর গল্পকার বিপ্লব গোস্বামী ‘লিম্বো’র চিত্রনাট্য করেছেন। এটিও ছবিটি নিয়ে তাঁর আগ্রহের একটি কারণ বলে জানান রাজ।

টিজারে দেখা যায়, এক নারীর লাল আঁচল উড়ছে। তাঁর পেছনে পৃথিবী ছেড়ে মহাকাশের পথে যাচ্ছে একটি মহাকাশযান। টিজারের সঙ্গে অংশু লিখেছেন, ‘সীমাহীন এই যাত্রায় কে ছেড়ে যাচ্ছে তার ভালোবাসার মানুষটাকে?’ ওই প্রশ্নেই মিলেছে ছবির প্রেম ও বিচ্ছেদের আভাস।

‘লিম্বো’র পাশাপাশি সাবিলা নূরের সঙ্গে ‘কালাভুনা প্যারাডক্স’-এও থাকছেন রাজ। চুক্তিবদ্ধ হয়েছেন সৈয়দ শাকিলের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে।
শরীফুল রাজ

এখন চলছে ছবির নির্মাণপূর্ব প্রস্তুতি ও শিল্পী নির্বাচন। নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। দীর্ঘ বিরতির পর ছবিটিতে তাসকিন রহমানেরও অভিনয়ের কথা রয়েছে। ২০২৭ সালের এপ্রিলে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে অংশুর। তিনটি দেশে শুটিং করতে চান তিনি। একই বছর প্রেক্ষাগৃহে মুক্তির আগে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখানোর পরিকল্পনাও আছে তাঁর।

‘লিম্বো’র পাশাপাশি সাবিলা নূরের সঙ্গে ‘কালাভুনা প্যারাডক্স’-এও থাকছেন রাজ। চুক্তিবদ্ধ হয়েছেন সৈয়দ শাকিলের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে।

প্রথম সিনেমার জন্য প্রস্তুতি নিতে গিয়ে একসময় পরিচালকের অফিসেই থাকতে হয়েছিল তাঁকে। অভিষেকের এক দশক পর সেই অভিনেতার জন্মদিনের খবর হয়ে এল এমন এক গল্প, যার শুরুতেই পৃথিবী ছেড়ে যায় একটি মহাকাশযান।