আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারকদের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারে—এমন আশঙ্কা বাড়ছে। বিচারকদের মধ্যে এ বছর শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাইও রয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত এ আদালত যদি রায় দেন—মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন (জেনোসাইড) চালিয়েছে, তাহলে এ নিষেধাজ্ঞা আসতে পারে।
এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে জেনোসাইড বা জাতিগত নিধনের জন্য দায়ী করে রায় দেননি আইসিজে। আগের মামলাগুলোয় বড় চ্যালেঞ্জ ছিল অপরাধের ‘অভিপ্রায়’ প্রমাণ করা। জাতিগত নিধন বলতে কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায়ে সংঘটিত কর্মকাণ্ডকে বোঝায়।
বেঁচে যাওয়া রোহিঙ্গাদের পক্ষে আইনজীবীরা বলছেন, মিয়ানমারের সেনাবাহিনীর কর্মকাণ্ডের ধরন থেকেই গোষ্ঠীটিকে ধ্বংসের চেষ্টা স্পষ্ট হয়েছে। ২০১৬ ও ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় পালিয়ে যাওয়ার পথে মানুষকে হত্যা করাও এর মধ্যে রয়েছে।
রোহিঙ্গা বেঁচে যাওয়া ব্যক্তিদের পক্ষে আইনজীবীরা বলছেন, মিয়ানমারের সেনাবাহিনীর কর্মকাণ্ডের ধরন থেকেই গোষ্ঠীটিকে ধ্বংসের চেষ্টা স্পষ্ট হয়।
জাতিগত নিধনের রায় নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ
জাতিগত নিধন সনদ কীভাবে ব্যাখ্যা করা হবে, তা নির্ধারণের দায়িত্ব স্বাধীন বিচারকদের। তবে সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞা থেকে নিজেদের সম্পদ কীভাবে সুরক্ষিত রাখা যায়, সে বিষয়ে পরামর্শ নিয়েছেন আইসিজের বিচারকেরা। জাতিগত নিধনের পক্ষে রায় এলে ওয়াশিংটন মনে করতে পারে, আদালত এ অপরাধ প্রমাণের আইনি মানদণ্ড শিথিল করেছেন।
হোয়াইট হাউসের ঘনিষ্ঠ প্রভাবশালী গবেষণাপ্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস (এফডিডি) পূর্বাভাস দিয়েছে, গণহত্যার পক্ষে রায় এলে যুক্তরাষ্ট্র আইসিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আশঙ্কা, চূড়ান্ত রায়ে জাতিগত নিধনের অভিপ্রায় প্রমাণের পদ্ধতি স্পষ্ট হতে পারে। এর ফলে একটি নজির তৈরি হবে। এতে ভবিষ্যতে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল জাতিগত নিধন চালিয়েছে—এমন রায় দেওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পেতে পারে।
মিয়ানমার রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনের অভিযোগ অস্বীকার করেছে। দেশটির দাবি, তারা বিদ্রোহীদের সামরিক তৎপরতা দমনের জন্য অভিযান চালিয়ে ছিল।
জাতিসংঘের সর্বোচ্চ আদালত হিসেবেও পরিচিত আইসিজে বিভিন্ন রাষ্ট্রের মধ্যকার বিরোধ নিষ্পত্তি করেন। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধ ও অন্যান্য আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আইসিসির বিচারকদের ওপর ইতিমধ্যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পুরো প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। আইসিসিকে ‘নিয়ন্ত্রণহীন আদালত’ বলে অভিহিত করেছে তারা। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, আইসিসি মার্কিন সেনাদেরও বিচারের আওতায় আনতে পারে।

নাভি পিল্লাইকে ওয়াশিংটনের হুঁশিয়ারি
গাম্বিয়া রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনের মামলার একটি পক্ষ। তাই দেশটি একজন অস্থায়ী বিচারক নিয়োগের অধিকার পেয়েছে। তারা দক্ষিণ আফ্রিকার আইনজীবী নাভি পিল্লাইকে এ দায়িত্ব দিয়েছে। গত অক্টোবরে তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। তবে আদালতে তাঁর দায়িত্ব গাম্বিয়ার পক্ষে আইনজীবীর মতো কাজ করা নয়, বরং একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করা।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালৎস গাম্বিয়ার পক্ষে নিয়োগ পাওয়া বিচারক নাভি পিল্লাইসহ আইসিজের ১৫ বিচারককে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ‘বিশ্বায়নবাদী, ভুয়া বিচারকেরা যেন আমাদের সেনাদের বিরুদ্ধে আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারেন, তা নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র।’
গত মাসে ওয়ালৎস বলেন, ‘আইসিজের অস্থায়ী বিচারক নাভি পিল্লাই মিয়ানমার-বিষয়ক চলমান মামলার বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করছেন। তাঁর উদ্দেশ্য গণহত্যা প্রমাণের আইনি মানদণ্ড শিথিল করা। এতে দুর্বল ও মিথ্যা একটি মানদণ্ড তৈরি হবে। পরে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে বেসামরিক মানুষের আড়ালে থাকা সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করলে মার্কিন ও মিত্রদেশগুলোর সেনাদের বিরুদ্ধে এ মানদণ্ড ব্যবহার করা হতে পারে।’
পিল্লাইকে উদ্দেশ করে ওয়ালৎস আরও বলেন, ‘আমরা আপনাদের উদ্দেশ্য বুঝতে পারছি। আইসিজে এই মামলার বিচারপ্রক্রিয়া কীভাবে পরিচালনা করেন, তা আমরা খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করব।’
গত শুক্রবার এক ভাষণে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘এই বিশ্ব অভিজাতদের কাছে আন্তর্জাতিক আইন...সর্বজনীন নীতির আড়ালে নিজেদের স্বার্থ এগিয়ে নেওয়ার একটি হাতিয়ার।’
আইসিজের রায় ঘিরে আন্তর্জাতিক অবস্থান
এর আগে আইসিজের পরামর্শমূলক মতামতের সমালোচনা করেছে ইসরায়েল। ২০২৪ সালে গাজায় আরও বেশি ত্রাণ প্রবেশ করতে দেওয়া এবং জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিলেন নেদারল্যান্ডসের হেগভিত্তিক এ আদালত। ইসরায়েল সেই নির্দেশ মানতে অস্বীকৃতি জানায়।
মিয়ানমারের মামলায় যুক্তরাজ্য ও ইউরোপের আরও পাঁচটি দেশ যৌথভাবে ২৪ পৃষ্ঠার একটি লিখিত বক্তব্য জমা দিয়েছে। এতে বলা হয়েছে, জাতিগত নিধনের অভিপ্রায় নির্ধারণের সময় আইসিজের উচিত বিভিন্ন ‘তথ্য ও পরিস্থিতি’ সামগ্রিকভাবে বিবেচনা করা।
বক্তব্যে আরও বলা হয়েছে, জাতিগত নিধন শুধু হত্যাকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়। শিশুদের সঙ্গে আচরণ, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং জোর করে বাস্তুচ্যুতির বিষয়গুলোও এ ক্ষেত্রে প্রাসঙ্গিক।
কয়েক বছর আগপর্যন্ত আইসিজের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলনামূলকভাবে নমনীয় ছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্টনি ব্লিঙ্কেন দায়িত্ব পালনের সময় যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত ছিল, মিয়ানমার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে।
আইসিজের ১৫ জন বিচারককে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদ নির্বাচিত করে। তাঁদের মেয়াদ ৯ বছর।
হোয়াইট হাউসের ঘনিষ্ঠ প্রভাবশালী গবেষণাপ্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস (এফডিডি) পূর্বাভাস দিয়েছে, গণহত্যার পক্ষে রায় এলে যুক্তরাষ্ট্র আইসিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।
আইসিসির সমালোচনার জবাব দিতে আগামী এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন রুবিও। এর মধ্যে জবাব না পেলে নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার আইসিসি আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে সম্ভাব্য বেআইনি কর্মকাণ্ডের জন্য মার্কিন সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের বিচারের পরিকল্পনা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন ধরে কার্যত স্থবির হয়ে থাকা এ তদন্ত স্থগিত করা হয়েছে। কারণ, এ বিষয়ে প্রমাণ সংগ্রহ কঠিন হবে বলে একমত হওয়া গেছে। এর একটি পরোক্ষ প্রভাব হতে পারে, আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা থেকে সরে আসার বিষয়ে যুক্তরাষ্ট্র আরও আগ্রহী হয়ে উঠবে।





