প্রতিটি সংসদীয় আসনে সংসদ সদস্যদের নেতৃত্বে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) নাজিবুর রহমান। গোপালগঞ্জে নাশকতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এই প্রস্তাব করেন তিনি।

আজ বুধবার জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল’ পাসের আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাব উত্থাপন করেন নাজিবুর রহমান।

নাজিবুর রহমান বলেন, ‘আমরা যখন এই বিলের ওপর আলোচনা করছি, তখন গোপালগঞ্জের একজন এমপির বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আজও সেখানে টুঙ্গিপাড়ায় আমাদের ইউনিয়নের আমিরের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে।’

জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য বলেন, ‘আমরা ফ্যাসিবাদবিরোধী অনেক কথাই অনেকভাবে বলি। সুন্দর সুন্দর বুলি কপচাই। কিন্তু এই ফ্যাসিবাদকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, এই ফ্যাসিবাদের শিকড় যদি আমরা উপড়ে ফেলতে না পারি, এই দেশ সাফারার (ভোগান্তির শিকার) হবে। এই বিলের যে বিষয়গুলো—সুবিধা, সুফল জনগণ তা ভোগ করতে পারবে না।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে নাজিবুর রহমান বলেন, ‘জেলায় জেলায়, প্রতিটি কনস্টিটিউয়েন্সিতে (নির্বাচনী এলাকা) আমাদের এমপিদের নেতৃত্বে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি হোক।’

প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদের ভূত রয়ে গেছে মন্তব্য করে নাজিবুর রহমান বলেন, এ ব্যাপারে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে; শুধু বদলি করলে হবে না।

নিজ নির্বাচনী এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে অভিযোগ তুলে পাবনা–১ আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান বলেন, ওই কর্মকর্তার বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগও দিয়েছিলেন। ওসি ফেসবুকে আওয়ামী লীগের প্রশংসা করেছিলেন। কয়েক দিন আগেও পত্রিকায় প্রতিবেদন এসেছে, তিনি আওয়ামী লীগের নেতা–কর্মীদের আশ্রয় দিচ্ছেন। এ ধরনের ব্যক্তিদের খুঁজে খুঁজে শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।

আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর আরেক সংসদ সদস্য সাইফুল আলমও গোপালগঞ্জের পরিস্থিতি এবং সেখানে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জেলা প্রশাসককে প্রত্যাহার করা হলেও পুলিশ সুপারকে ফেনীর মতো বড় জেলায় পদায়ন করা হয়েছে।

সাইফুল আলম বলেন, গোপালগঞ্জ একটি ছোট জেলা। সেখানকার এসপিকে ফেনীর মতো বড় একটি জেলায় দিয়ে পুরস্কার দেওয়া হয়েছে।