বইয়ের নাম: ভারতশিল্পের উপনিবেশায়ন ও সুলতানের বিউপনিবেশায়ন ভাবনা; লেখক: সৈয়দ নিজার; প্রকাশক: চৈতন্য প্রকাশন; প্রকাশস্থান: সিলেট; প্রকাশকাল: ২০১৭, পৃষ্ঠা: ১৬৬
পিয়েরে বরদু তাঁর Distinction গ্রন্থে বলেন, “... art and cultural consumption are predisposed, consciously and deliberately or not, to fulfil a social function of legitimating social differences.” (বরদু ১৯৯৬ : ৭)। বরদু তাঁর গ্রন্থে দাবি করেছেন যে রুচি, বিশেষ করে শিল্প উপভোগের রুচির ভিন্নতা শ্রেণি-পার্থক্য তৈরি করে এবং শ্রেণি-পরিচয় নির্মাণ করে। শ্রেণি-পরিচয় নির্মাণ, বিশেষত শ্রেণির উচ্চতা, উৎকর্ষ নির্মাণ ও রক্ষার গুরুত্বপূর্ণ সহায় হচ্ছে শিল্পভোক্তার রুচি। ফলে রুচি সামাজিক শ্রেণিবিন্যাসের রাজনৈতিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ক্রীড়নক। এই রুচিবোধের মাধ্যমেই নির্মিত হয় শ্রেণিব্যবধান, যা কোনো শ্রেণিকে উচ্চতর আবার কোনো শ্রেণিকে নিম্নতর হিসেবে উপস্থাপন করে। বরদুর আলোচনা সামাজিক শ্রেণিগুলোর ব্যবধানকে কেন্দ্র করে আবর্তিত হলেও তাঁর ‘রুচি ও ফারাক নির্মাণ’-এর ধারণা উপনিবেশক ও উপনিবেশিত—এ দুই শ্রেণির জন্যও সমানভাবে প্রযোজ্য। কারণ উপনিবেশক যখন উপনিবেশিতের অঞ্চল দখল করে এবং তার শাসনকে নৈতিকভাবে সিদ্ধ করে তুলতে চায়, তখন তার জন্য জরুরি হয়ে পড়ে নিজের উৎকর্ষ ও অধীনস্থের অধস্তনতা নির্মাণের। আর এটা করার সবচেয়ে সোজা ও কার্যকর উপায় হচ্ছে রুচির উৎকর্ষ প্রদর্শন ও ‘ফারাক নির্মাণ’। সৈয়দ নিজারের ভারতশিল্পের উপনিবেশায়ন ও সুলতানের বিউপনিবেশায়ন ভাবনা গ্রন্থে মূলত উঠে এসেছে এই ফারাক নির্মাণের রাজনীতি এবং এর বিরুদ্ধাচরণও কীভাবে ফারাকটিকেই আরও শক্তিশালী করে তুলেছে তার ইতিহাস। গ্রন্থের দ্বিতীয় ভাগে লেখক সুলতানকে উপজীব্য করে ইঙ্গিত করেছেন কীভাবে এই উপনিবেশকের রাজনীতি থেকে বের হয়ে বি-উপনিবেশিত আত্মপরিচয় নির্মাণ করা যায়। ফলে গ্রন্থটি ভারতশিল্পের উপনিবেশায়ন ও বি-উপনিবেশায়নকে কেন্দ্র করে আবর্তিত হলেও এটি মূলত বি-উপনিবেশিত আত্মপরিচয় নির্মাণের জ্ঞানতাত্ত্বিক প্রয়াস বা কীভাবে বি-উপনিবেশায়ন সম্ভব তার ইঙ্গিত।
লেখক বইয়ের ভূমিকায় বলেছেন :
রেনেসাঁ এবং পরবর্তী কয়েক শ বছর ইউরোপীয় চিন্তক এবং দার্শনিকগণ মনে করতেন শিল্পের অন্যতম মাপকাঠি হচ্ছে তার বাস্তবতাকে উপস্থাপনের ক্ষমতা। প্রাক্-ঔপনিবেশিক ভারতীয় চিত্রকলা রৈখিক পরিপ্রেক্ষিত নির্ভর না হওয়ার কারণে বাস্তবতার প্রতিচ্ছবি উপস্থাপনের ক্ষমতা তার নেই। এই যুক্তিতে ঔপনিবেশিক জ্ঞানকাণ্ডে ভারতীয় চিত্রকলা উপস্থাপিত হয়েছে ‘CRAFT’ হিসেবে, ‘FINE ART’ হিসেবে নয়, যা জ্ঞানতাত্ত্বিক বৈধতা দিয়েছে ঔপনিবেশিক উন্নয়ন প্রস্তাবের (নিজার ২০১৭ : ৮)।
অর্থাৎ, যে ফারাক শ্রেণিগত উৎকর্ষ নির্মাণ ও রক্ষার জন্য জরুরি তা শিল্পকলার ক্ষেত্রে ঔপনিবেশিক জ্ঞানকাণ্ড নির্মাণ করেছিল বাস্তবতাকে উপস্থাপনের ক্ষমতাকে কেন্দ্র করে এবং আরও নির্দিষ্ট করে বললে রৈখিক পরিপ্রেক্ষিত কৌশলের ব্যবহারকে কেন্দ্র করে। এই ফারাক কেবল ইউরোপীয় শিল্পেরই উৎকর্ষ প্রমাণ করে না, তা ইউরোপের রুচি ও বরদুর সূত্রমতে ইউরোপের শ্রেণি বা জাতিগত উৎকর্ষও প্রমাণ করে। ফলে এ ক্ষেত্রে ভারতশিল্পের বি-উপনিবেশায়নের প্রাথমিক শর্তই হচ্ছে এই নির্মিত ফারাকের জ্ঞানতাত্ত্বিক ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা এবং কোন প্রক্রিয়ায় উপনিবেশায়ন ঘটেছিল, তা স্পষ্ট করে দেখানো। লেখক ঠিক এই কাজটিই করেছেন ইউরোপীয় ও ভারতীয় শিল্পের অভিমূখিতার তুলনামূলক আলোচনার মাধ্যমে। তিনি দার্শনিক ঢঙে উপনিবেশকের দাবির জ্ঞানতাত্ত্বিক দাবি নিয়েই প্রশ্ন তুলেছেন এবং দেখিয়েছেন ইউরোপীয় ও ভারতীয় শিল্পের অভিমুখিতা ভিন্ন, আর তাই উভয়ের অঙ্কনকৌশলও ভিন্ন। ফলে তাদের মধ্যে উৎকর্ষ বা অপকর্ষের তুলনা চলে না। কিন্তু এখানে যে ব্যাপারটি পরিষ্কার হওয়া সবচেয়ে জরুরি তা হচ্ছে, এই অভিমুখিতার ভিন্নতা কোনোভাবেই ঔপনিবেশিক জ্ঞানকাণ্ড যে ফারাক নির্মাণ করে তাকে সাহায্য করে না, বরং উপনিবেশকে বৈধতা দেওয়া সেই ফারাককে জ্ঞানতাত্ত্বিকভাবেই ঘুচিয়ে দেয়। লেখক বেশ কিছু গ্রন্থ যেমন বিষ্ণুধর্মোত্তর পুরাণ, পঞ্চদশী ও শকুন্তলার উদাহরণ টেনে দেখিয়েছেন ভারতীয় শিল্পকলাও প্রাক্-ঔপনিবেশিক আমলে বাস্তবতাকেই উপস্থাপন করতে চেয়েছে। পার্থক্য কেবল এখানেই যে বাস্তবতার উপস্থাপন বলতে ইউরোপীয়রা যা বুঝেছে, ভারতীয়রা তা বোঝেনি। লেখকের মতে, ইউরোপীয়রা যে বাস্তবতার উপস্থাপনপ্রয়াসী, তা ব্যক্তিসাপেক্ষ এবং ভারতীয়রা যে বাস্তবতার উপস্থাপনপ্রয়াসী, তা ব্যক্তিনিরপেক্ষ। একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটি স্পষ্ট করা যাক।
আমরা জানি, যেকোনো ট্রেনের সব বগিই সাধারণত একই আকারের হয়। কোনো বগির থেকে কোনো বগি ছোট বা বড় হয় না। কিন্তু কোনো ব্যক্তি যে অবস্থান থেকেই ট্রেনটি দেখুক না কেন, সে সব বগি সমান দেখবে না। তার কাছে দৃষ্টির সব থেকে কাছের বগিটিকে সবচেয়ে বড় এবং সব থেকে দূরের বগিটিকে সবচেয়ে ছোট মনে হবে। আর এই দৃষ্টি সাপেক্ষে বড় থেকে ছোট হয়ে আসার প্রক্রিয়াটা হবে একবারে গাণিতিক। ইউরোপীয় চিত্রকলা মূলত এই দৃষ্টিকোণনির্ভর বাস্তবতাকে উপস্থাপন করেছে। আর যেহেতু এই দৃষ্টিকোণনির্ভর বাস্তবতার উপস্থাপন গাণিতিক নিয়ম মেনে সম্ভব, তাই রেনেসাঁ-উত্তর ইউরোপীয় চিত্রকলার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রৈখিক পরিপ্রেক্ষিত কৌশলের ব্যবহার। অন্যদিকে ভারতীয় শিল্পকলায় উপস্থাপিত বাস্তবতা ব্যক্তিনিরপেক্ষ, যা বস্তুর সামান্য বৈশিষ্ট্যের উপস্থাপনপ্রয়াসী। কারণ ভারতীয়রা মনে করেছে ব্যক্তিনিরপেক্ষ বস্তুর সামান্য চরিত্রের উপস্থাপনই বাস্তবতার উপস্থাপন। ফলে প্রাক্-ঔপনিবেশিক ভারতীয় চিত্রশিল্পীরা যদি ট্রেন আঁকতেন, তবে ওই ট্রেনের সব কটি বগিই সমান হতো এবং তাতে উঠে আসত সব ট্রেনের সামান্য চিত্র।
লেখক ভারতশিল্পের অভিমুখিতা স্পষ্ট করতে গিয়ে শিল্পের ষড়াঙ্গ ধারণার উল্লেখ করেছেন। এই ষড়াঙ্গের প্রথম ধাপ হলো রূপভেদ, যা মূলত এক বস্তুর সঙ্গে অপর বস্তুর পার্থক্যকে নির্দেশ করে। ষড়াঙ্গের দ্বিতীয় অঙ্গ হলো প্রমাণ। এই ধাপে বস্তুর আকার-আকৃতি সম্পর্কে জানা যায়, যা ওই বস্তু সম্পর্কে যথার্থ জ্ঞানলাভের উপায়। এরপর ষড়াঙ্গের তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ‘ভাব’, যা ইউরোপীয় শিল্পের সঙ্গে ভারতীয় শিল্পের অভিমুখিতার পার্থক্য সৃষ্টি করেছে। বিভিন্ন বস্তুর মধ্যে মিলগুলো লক্ষ করে সেই মিলগুলোর সমন্বয়ে যখন কোনো চিত্র পাওয়া যায়, তখন ওই চিত্র হয় ব্যক্তিনিরপেক্ষ এবং সার্বিক। ভারতীয় শিল্পদর্শনে একে বলা হয়েছে সামান্য লক্ষণ। আবার বস্তুর সামান্য বৈশিষ্ট্যের পর ওই বস্তুর সঙ্গে অপরাপর বস্তুর সম্পর্ক, অর্থাৎ ওই বস্তুর পরিবেশ-প্রতিবেশ-প্রেক্ষিত যখন নির্ণীত ও উপস্থাপিত হয়, তখন ভারতীয় শিল্পদর্শনে একে বলা হয় জ্ঞান লক্ষণ। এই সামান্য লক্ষণ ও জ্ঞান লক্ষণের যোগে সৃষ্টি হয় ‘ভাব’ এবং ভারতীয় চিত্রকলার অন্যতম প্রধান বৈশিষ্ট্য এই ভাবনির্ভরতা। যেহেতু রৈখিক পরিপ্রেক্ষিত কৌশল দূরত্ব অনুসারে বস্তুর আকার ও উজ্জ্বলতা উপস্থাপন করতে পারে শুধু, কিন্তু বস্তুর সঙ্গে প্রতিবেশের সম্পর্ক উপস্থাপন করতে পারে না, সেহেতু ভারতশিল্পের অভিমুখিতা বিবেচনায় রৈখিক পরিপ্রেক্ষিত কৌশল কখনো প্রয়োজনীয় হয়ে ওঠেনি। এ ছাড়া এই কৌশলের প্রাসঙ্গিকতা ভারতশিল্পে না থাকার প্রায়োগিক কারণ হিসেবে লেখক উল্লেখ করেছেন এই অঞ্চলের গ্রীষ্মপ্রধান বৈশিষ্ট্যকে। সূর্যের আলোর তীব্রতা বেশি হলে দূরদৃষ্টির ক্ষেত্রে রঙের পরিবর্তন হয় না বলেই অনেকের অভিমত। ফলে রৈখিক পরিপ্রেক্ষিত কৌশলের প্রয়োজনীয়তা এই অঞ্চলের শিল্পীরা অনুভব করবেন না, এটাই স্বাভাবিক।
অন্যদিকে ইউরোপীয় চিত্রকলার ইতিহাসেও সামান্য লক্ষণনির্ভর চিত্রকর্ম পাওয়া যায়। দা ভিঞ্চির বিখ্যাত চিত্র ‘ভিটুভিয়ান ম্যান’ তারই উজ্জ্বল উদাহরণ। লেখক এই চিত্রের সঙ্গে ভারতীয় চিত্রকলার দেহ অঙ্কনের মূল ভিত্তি উত্তম নবতাল অনুসারে আঁকা মানবদেহের তুলনা করে দেখিয়েছেন, উভয় চিত্রের আদর্শ মানবদেহের আকার প্রায় সম্পূর্ণ মিলে যায়, যা প্রমাণ করে যে রেনেসাঁ-পূর্ব ইউরোপীয় শিল্প ও ভারতীয় শিল্পের অভিমুখিতা অভিন্ন। ফলে ঔপনিবেশিক জ্ঞানকাণ্ড ভারতশিল্পের সঙ্গে ইউরোপীয় শিল্পের যে ফারাক নির্মাণ করে, তা জ্ঞানতাত্ত্বিকভাবেই ভেঙে পড়ে। কারণ, সংক্ষেপে বললে এই উভয় ধারার শিল্পই বাস্তবতাকে উপস্থাপন করে, পার্থক্য শুধু ব্যক্তিসাপেক্ষ ও ব্যক্তিনিরপেক্ষ বাস্তবতার ধারণায় এবং বাস্তবতার ধারণার পার্থক্যের কারণে ভারতীয় শিল্পে রৈখিক পরিপ্রেক্ষিতে কৌশলের প্রয়োজন হয়নি এবং এটা তার সামর্থ্যের প্রশ্ন নয় বরং প্রাসঙ্গিকতার প্রশ্ন। উপরন্তু, উভয় ধারাতেই ব্যক্তিনিরপেক্ষ সামান্য লক্ষণনির্ভর চিত্রকর্ম পাওয়া যায়, যার উভয়ের মাপজোখ প্রায় অভিন্ন। ফলে ভারতীয় শিল্প Craft আর ইউরোপীয় শিল্প Fine Art—এই দাবি আলোচ্য গ্রন্থে জ্ঞানতাত্ত্বিকভাবে ভুল প্রমাণিত হয়েছে।
আলোচ্য গ্রন্থের আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ঔপনিবেশিক জ্ঞানকাণ্ডের ফারাক নির্মাণের রাজনীতির চরিত্র চিহ্নায়ন, যা চিহ্নায়নে ব্যর্থ হয়েছেন আনন্দ কুমারস্বামী, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং এই সময়ের তাত্ত্বিক পার্থ চট্টোপাধ্যায়। উপনিবেশিতের একটি অবশ্যম্ভাবী চরিত্র হচ্ছে উপনিবেশকের অনুকরণ। যদিও কুমারস্বামী এবং অবনীন্দ্রনাথ উভয়েই এই অনুকরণবিরোধী এবং ভারতশিল্পের স্বতন্ত্রতাকামী, তবু তাঁরা উভয়েই ভারতশিল্পের স্বতন্ত্রতাকে চিহ্নিত করেছেন আধ্যাত্মিকতাকে উপজীব্য করে, যা আবার যুক্তিবাদিতার বিপরীত। ফলে যে ফারাক ঔপনিবেশিক জ্ঞানকাণ্ড নির্মাণ করতে ও রক্ষা করতে চেয়েছে, তা কুমারস্বামী ও অবনীন্দ্রনাথের দাবির মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। ফলে এ কথা বলা ভুল হবে না যে কুমারস্বামী ও অবনীন্দ্রনাথ ঔপনিবেশিক জ্ঞানকাণ্ডের ফারাক নির্মাণ কৌশলই বোঝেননি। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় তাঁর প্রবন্ধে খুব চমৎকারভাবে উপনিবেশকের ফারাকের রাজনীতি তুলে ধরেছেন, যদিও তার ব্যর্থতা ঠিক এর পরবর্তী ধাপে। তিনি বলেন,
The colonial states we must remember, was not just the agency that brought the modular forms of the modern to the colonies; it was also an agency that was destined never to fulfil the normalizing mission of the modern state because the premise of its power was a rule of colonial difference, namely, the preservation of the alienness of the ruling group. (চ্যাটার্জি ২০১২: ২২১)
কিন্তু এই ফারাকের রাজনীতির বিপরীতে যে জাতীয়তাবাদী প্রকল্প ভারতীয়রা হাতে নিয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়ের মতে, সেখানে তারা জাতিসত্তার অভ্যন্তরীণ ও বাহ্যিক—এ দুই পরিষ্কার বিভাজিত প্রকোষ্ঠ তৈরি করেছিল এবং অভ্যন্তরীণ অর্থাৎ আধ্যাত্মিক, সাংস্কৃতিক আত্মপরিচয়কে ঔপনিবেশিক প্রভাবের বাইরে নিয়ে গিয়েছিল। সেই সঙ্গে এই অভ্যন্তরীণ অংশকে কেন্দ্র করেই দানা বেঁধেছিল ভারতীয় জাতীয়তাবাদী রাজনীতি। কিন্তু এই রাজনীতির দুটি গভীর ফল হলো আত্মসত্তার দ্বিবিচ্ছেদায়ন এবং উপনিবেশকের কাঙ্ক্ষিত ফারাক নির্মাণকে আরও গভীর করা। এই দ্বিবিচ্ছেদায়ন বলতে নিজার বুঝিয়েছেন, আত্মসত্তা থেকে উপনিবেশের প্রভাবে প্রথমবার বিচ্ছেদের পর সেই আত্মসত্তায় ফেরার আকাঙ্ক্ষা থেকে যখন পুনরায় আত্মসত্তার নির্মাণ ঘটে, যা উপনিবেশ-পূর্ব আত্মসত্তা থেকে ভিন্ন, তখন আত্মসত্তার দ্বিবিচ্ছেদায়ন ঘটে।
এই দ্বিবিচ্ছেদায়নপ্রক্রিয়া সম্পর্কে নিজার বলেন, ‘প্রাচ্যতত্ত্ব প্রাক্-ঔপনিবেশিক সংস্কৃতির একটি বিশেষ অংশের ওপর ভিত্তি করে আত্মপরিচয় নির্মাণ করে। এই নির্মিত পরিচয় যখন ‘আধ্যাত্মিকতা’, তখন তা পুনরায় আত্মসত্তার বিচ্ছেদ ঘটায়, অর্থাৎ দ্বিবিচ্ছেদায়ন হয় (নিজার ২০১৭ : ৯৮)।
লেখক ‘ভারতশিল্প আধ্যাত্মিক না বাস্তববাদী’ অনুচ্ছেদে চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন কেন এই অঞ্চলের চিন্তার মূল বৈশিষ্ট্য আধ্যাত্মিকতা হতে পারে না। তিনি বলেন :
এ অঞ্চলের চিন্তার সামান্যচিত্রকে আধ্যাত্মিকতা ভাবা ভুল হবে, কারণ এখানে যুক্তিচর্চার দীর্ঘ ইতিহাস রয়েছে, রয়েছে বুদ্ধিভিত্তিক জ্ঞানচর্চার ইতিহাস। বৈদিক সাহিত্যে বৃহদারণ্যক উপনিষদ এবং অভিধম্মপিটকে দার্শনিক আলোচনায় যুক্তির পরিষ্কার ব্যবহার দেখা গেলেও যুক্তিবিদ্যা নিয়ে আদি গ্রন্থসমূহ হলো : কথাভথু, চরক সংহিতা এবং ন্যায়সূত্র। এই গ্রন্থসমূহ ধারাবাহিকভাবে আলোচিত, সমালোচিত ও বিশ্লেষিত হয় দিঙনাগ, ধর্মকীর্তি, অসঙ্গ, বাচস্পতি, গঙ্গেষ, কুমারিল, রঘুনাথ শিরোমণি এবং সপ্তদশ শতাব্দীর যুক্তিবিদ অন্নম ভট্ট ছাড়াও আরও অনেকের লেখায়, যা পরবর্তীকালে জন্ম দেয় প্রাচীন-ন্যায়, বৌদ্ধ-ন্যায়, জৈন-ন্যায় ও নব্য-ন্যায় নামক চারটি সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র ধারার। তবে সেই যুক্তি অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা থেকে ভিন্ন। কিন্তু অরবিন্দ, রাধাকৃষ্ণান, সুরেন্দ্রনাথসহ সে-সময়কার গবেষকদের লেখায় এখানকার বস্তুবাদী ও যুক্তিবাদী চিন্তা উপেক্ষিত হয়েছে। উপরন্তু, চরিত্র বিবেচনায় ভারতশিল্পে আধ্যাত্মিক নয়, আধ্যাত্মিকতা তার অপরাপর বিষয়গুলোর একটি (নিজার ২০১৭ : ২৫)।
এখন এই আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে যখন উপনিবেশবিরোধী জাতীয়তাবাদী রাজনীতি বিবর্তিত হয়, তখন আত্মসত্তার দ্বিবিচ্ছেদায়ন তো ঘটেই, উপরন্তু উপনিবেশের দ্বারা সৃষ্ট ক্ষতিকেই আরও গভীর করে তোলে। পার্থ চট্টোপাধ্যায় এ বিষয়টি তাঁর প্রবন্ধে ধরতে ব্যর্থ হয়েছেন অথবা উপেক্ষা করেছেন।
সৈয়দ নিজারের দাবি, কেবল পার্থ চট্টোপাধ্যায়ই নয়, সমসাময়িক অনেক তাত্ত্বিককেই নাড়া দেয়, যাঁরা মনে করেন যে এই অঞ্চলের প্রাক্-ঔপনিবেশিক তথা ঐতিহ্যিক-সাংস্কৃতিক পরিচয় সন্ধান করা উচিত আধ্যাত্মিকতার সূত্র ধরে।
এই আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে যদি দ্বিবিচ্ছেদায়ন হয়ে থাকে, তবে বি-উপনিবেশায়ন কীভাবে সম্ভব? নিজার আলোচ্য গ্রন্থে বি-উপনিবেশায়ন সম্পর্কে বলেন :
....বিউপনিবেশায়ন মানে দরজা-জানালা বন্ধ করে প্রাক্-ঔপনিবেশিক মননে ফিরে যাওয়া নয়। বাস্তবে তা সম্ভবও নয়। কিন্তু প্রাক্-ঔপনিবেশিক চিন্তার সাথে বিচ্ছেদ ঘটিয়ে বিউপনিবেশায়ন সম্ভব নয়। সে কারণে বিউপনিবেশায়নকে প্রাক্-ঔপনিবেশিক ভাবনাগুলোর সৃষ্টিশীল বৈশ্বিক রূপান্তর বলা যেতে পারে (নিজার ২০১৭ : ২৩)।
ঠিক এই সূত্র ধরেই লেখক সুলতানকে উপস্থাপন করেছেন বি-উপনিবেশায়ন প্রক্রিয়ার উদাহরণ হিসেবে। ফলে এই গ্রন্থে সুলতান বি-উপনিবেশায়ন প্রক্রিয়া ব্যাখ্যার উপলক্ষ, কিন্তু গ্রন্থের কেন্দ্রীয় ভাবনা নয়। আবার সুলতানের উদাহরণ ছাড়া গ্রন্থের পুরো প্রকল্প পূর্ণতাও পায় না।
লেখকের বি-উপনিবেশায়ন ভাবনার সূত্র ধরে যদি সুলতানকে বি-উপনিবেশিত বলতে হয় বা তাঁর ভাবনাকে বি-উপনিবেশিত ধরতে হয়, তবে শর্ত থাকে যে ভারতশিল্পের অভিমুখিতা সুলতানের চিত্রকর্মে থাকতে হবে এবং উপনিবেশের প্রভাব মাড়িয়ে সেই অভিমুখিতা রক্ষা করে বৈশ্বিক রূপান্তর ঘটতে হবে। লেখক সুলতানের বি-উপবেশায়ন ভাবনা বা সচেতনতা দেখিয়েছেন তাঁর কাজের বিষয়বস্তু ও অঙ্কনকৌশল আলোচনা ও বিশ্লেষণের মাধ্যমে। সুলতান মূলত গ্রামীণ মানুষ ও তার সংস্কৃতিকে তার ছবির বিষয় হিসেবে নিয়েছেন। এই বিষয়বস্তু নির্বাচনে যে দিকটি প্রাধান্য পেয়েছে তা হচ্ছে, উৎপাদননির্ভর গ্রামীণ জীবন উপনিবেশকের নির্যাতন সহ্য করেছে এবং পণ্য সরবরাহ করেছে, কিন্তু কখনো উপনিবেশিত হয়নি, যা হয়েছিল কলকাতা বা ঢাকার মতো শহুরে মানুষেরা। ফলে সুলতান স্বাভাবিকভাবেই অ-উপনিবেশিত গ্রামীণ কর্মময় জীবন ও তার টিকে থাকার শক্তিকে বি-উপনিবেশায়নের প্রেরণা হিসেবে নিয়েছেন। এখানে উল্লেখ থাকা ভালো যে কেবল গ্রামীণ জীবনের ছবি আঁকলেই তা বি-উপনিবেশিত চেতনার প্রকাশ হয় না। কেননা, প্রায়ই উপনিবেশের কেন্দ্র ও প্রান্ত বিভাজনে প্রান্তিক জীবন ‘বিচ্ছিন্ন অপর’ রূপে কেন্দ্রের মায়া লাভ করেছে। আর এই মায়ার উপস্থিতি কেন্দ্র ও প্রান্তের বিচ্ছেদকে আরও বাড়িয়ে তোলে। কিন্তু সুলতানের আঁকা গ্রামীণ জীবন প্রান্ত বা অপর নয়, তা আত্মসত্তার পুনর্নির্মাণের ভিত্তি ও কেন্দ্র। সুলতানের কৃষকের পেশিশক্তির আধার, সেখানে আধ্যাত্মিকতার ঠাঁই নেই। ফলে অবনীন্দ্রনাথ যেখানে ভারতমাতার আধ্যাত্মিকতায় প্রতিরক্ষা খুঁজেছেন, সুলতান সেখানে কৃষকের পেশিতে খুঁজেছেন বি-উপনিবেশায়ন সূত্র।
অন্যদিকে সুলতানের চিত্রকর্মে ভারতশিল্পের অভিমুখিতা পরিলক্ষিত হয় অঙ্কনকৌশলের দিক থেকেও। তিনিও এঁকেছেন ভাবনির্ভর চিত্র। ফলে তাঁর নারী-পুরুষ বিশাল এবং একে অপরের সঙ্গে সম্পর্কিত, অজন্তা-ইলোরার গুহাচিত্রেও যা পরিলক্ষিত হয়। আবার সুলতানের ফিগারগুলো মাইকেলেঞ্জেলোর থেকেও আলাদা। কেননা, মাইকেলেঞ্জেলোর চিত্রের দৃষ্টিবিন্দু আছে, কিন্তু সুলতানের চিত্রে নেই। পাশাপাশি ‘মাইকেলেঞ্জেলোর ফিগারগুলো কিউবিক পদ্ধতিতে আঁকা, সুলতানের রেখার টান বৃত্তীয়’ (নিজার ২০১৭ : ১১১)।
এভাবে লেখক দেখাতে সক্ষম হয়েছেন যে সুলতান বিষয়বস্তু ও অঙ্কনরীতি দুই দিক থেকেই উপনিবেশের প্রভাবগুলো মাড়িয়ে বি-উপনিবেশায়নের চেষ্টা করেছেন। তাঁর চিত্রকর্ম ঔপনিবেশিক জ্ঞানকাণ্ডের কেন্দ্র-প্রান্ত, যুক্তি-অধ্যাত্ম ইত্যাদি ফারাক নির্মাণের বিরুদ্ধ প্রয়াস। আর তাই সুলতান ভারতশিল্পের বি-উপনিবেশায়নের একটা ভাবনাসূত্র, ইঙ্গিত বা উদাহরণ, কিন্তু একমাত্র রূপরেখা নয়। সুলতানের ভাবনা ও কর্ম বি-উপনিবেশায়নের একক রূপরেখা হলে তা জাতীয় শিল্পের ধারণার মতো বিপদ ডেকে আনবে। আর তা উপনিবেশের মতোই ক্ষতিকর বলে লেখক সতর্ক করেছেন।
বাংলা ভাষায় তত্ত্বচর্চার ভাষা-নির্মাণ প্রয়াস গ্রন্থটির একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক। পুরো গ্রন্থে কোথাও লেখক ইংরেজি পারিভাষিক শব্দের ওপর নির্ভর করে তাঁর চিন্তার তত্ত্বায়ন করেননি। ব্যবহার করেছেন ‘অভিমুখিতা’, ‘দ্বিবিচ্ছেদায়ন’, ‘দ্বৈত চিৎ’-এর মতো শব্দ, যা বাংলা ভাষায় তত্ত্বচর্চার ক্ষেত্রে অবশ্যই বিশেষ সংযোজন ও নজির হয়ে থাকবে।
গ্রন্থটির প্রধানতম দুর্বলতা হচ্ছে ‘পাসিং কমেন্ট’। লেখক কোথাও কোথাও খুব বেশি তাড়াহুড়া করেছেন। যেমন লেখক ৬৭ নম্বর পৃষ্ঠায় বলেছেন, ‘হাইনরিখ জিমার ম্যাক্স মুলারের পর সবচেয়ে বিখ্যাত ও আলোচিত জার্মান ভারততত্ত্ববিদ এবং ভারতশিল্পতাত্ত্বিক’। কিন্তু এই লাইনের পর আর জিমারের প্রসঙ্গ নেই। ৭৮ পৃষ্ঠায় একইভাবে ভিকেলমানের শিল্পকলার বিবর্তনতত্ত্বের কথা এসেছে, কিন্তু তত্ত্বটি কী ছিল, তা আর জানা যায় না।
গ্রন্থটির উপসংহার খুব বেশি চেপে ছোট করে নেওয়া। ফলে উপসংহার গ্রন্থটির দাবি পূরণ করে না। পাশাপাশি পুরো গ্রন্থে সুলতানের ভাবনা বলে যে কথাগুলো উঠে এসেছে, তার সম্পূর্ণ বা যথেষ্ট তথ্যসূত্র নেই। অন্যদিকে, জাতীয় শিল্পের ধারণা কেন বিপজ্জনক, তা-ও বিস্তারিত আলোচিত হয়নি। অভিমুখিতার সীমা কতখানি, অভিমুখিতা রক্ষা শিল্পীর স্বাধীনতা খর্ব করে কি না বা অভিমুখিতা রক্ষার সঙ্গে জাতীয় শিল্পের পার্থক্য কী, তা আরও স্পষ্ট ও বিস্তারিতভাবে আলোচিত হওয়া প্রয়োজন ছিল।
তবে এসব অসতর্কতা বা তাড়াহুড়াজনিত ত্রুটি লেখকের প্রস্তাব ও মৌলিক বক্তব্যকে ক্ষতিগ্রস্ত বা দুর্বল করে না। সর্বোপরি গ্রন্থটির সবচেয়ে অসাধারণ দিক হচ্ছে, উপনিবেশকের ফারাক নির্মাণের রাজনীতি চিহ্নিতকরণ এবং সেই ফারাক ঘোচানো প্রতিবয়ান দাঁড় করানো। এ অঞ্চলের শিল্পকলার ইতিহাস নির্মাণেও গ্রন্থটি দারুণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। পাশাপাশি পুলিশ, প্রশাসন, বিশ্ববিদ্যালয় ও চিন্তার বি-উপনিবেশায়নের প্রক্রিয়াও কেমন হতে পারে বা কোন সচেতনতাকে কেন্দ্র করে হতে পারে, গ্রন্থটি তারও ইঙ্গিত রাখে। এমনকি সুলতান ও তার কাজগুলোকে নতুনভাবে পুনঃ উপস্থাপন করেছে এই গ্রন্থ এবং আমাদের বি-উপনিবেশিত আত্মসত্তার বিনির্মাণে এই অঞ্চলের যুক্তিচর্চার ইতিহাস যে খতিয়ে দেখা উচিত, তা এই গ্রন্থের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব। গ্রন্থটি প্রকাশিত হয়েছে ২০১৭ সালে। প্রকাশ করেছে চৈতন্য প্রকাশন, সিলেট, বাংলাদেশ।
রচনাপঞ্জি
চ্যাটার্জি ২০১২।। P. Chatterjee, ‘Whose Imagined Community?’, Mapping the Nation, G. Balakrishnan (Ed.), New York, NY: Verso, pp. 214–225।
নিজার ২০১৭।। সৈয়দ নিজার, ভারতশিল্পের উপনিবেশায়ন ও সুলতানের বিউপনিবেশায়ন ভাবনা, সিলেট: চৈতন্য প্রকাশন।
বরদু ১৯৯৬।। P. Bourdieu, Distinction: A Social Critique of the Judgment of Taste, R. Nice (Trans.), Cambridge, MA: Harvard University Press।

লেখক পরিচিতি
সামজীর আহমেদ, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের পিএচডি করছেন। উত্তরা বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন। তাঁর আগ্রহের জায়গা রাজনৈতিক তত্ত্ব, সাংস্কৃতিক অধ্যয়ন, উত্তর-উপনিবেশবাদ ও বিউপনিবেশায়ন। ইমেইল: mahmed80@gmu.edu
নোট: প্রথম প্রকাশ: প্রতিচিন্তা, নবম বর্ষ, প্রথম সংখ্যা, জানুয়ারি-মার্চ ২০১৯। রচনাপঞ্জি হালনাগাদ করা হয়েছে।





