মিয়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধন মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘিরে নতুন করে আশায় বুক বাঁধছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। আজ বৃহস্পতিবারের এই রায়ে ন্যায়বিচার পাওয়ার পাশাপাশি নিজ দেশে ফেরার পথ খুলবে বলে আশা করছে তারা। ইতিমধ্যে রায় পড়া শুরু করেছেন বিচারকেরা।
২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংস দমন-পীড়নে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। সেই অভিযানে রোহিঙ্গাদের জাতিগত নিধনের অভিযোগে করা মামলাটি নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ঐতিহাসিক এ রায় রোহিঙ্গাদের স্বীকৃতির পথ আরও প্রসারিত করতে পারে এবং তাদের প্রত্যাবাসনের পথ তৈরি করতে পারে।
কক্সবাজারে বাঁশ ও ত্রিপল দিয়ে তৈরি আশ্রয়শিবিরে বসবাস করছে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী। রায় ঘিরে নতুন আশা জাগলেও তাদের অনেকের মনে ফিরে এসেছে সেই ভয়াবহ স্মৃতি।
মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের সময় ধর্ষণের শিকার হয়েছিলেন ২৩ বছর বয়সী এক তরুণী। তিনি এখন রোহিঙ্গা শিবিরে পরিবারের সঙ্গে বসবাস করেন। তিনি এএফপিকে বলেন, ‘আমি বিচার চাই।’
নাম প্রকাশ না করার শর্তে ওই তরুণী বলেন, ‘যাঁরা নারীদের ধর্ষণ করেছেন, তাঁদের কঠোর শাস্তি হওয়া উচিত। এ বিষয়ে আইসিজের পৃথকভাবে কিছু বলা উচিত।’
নির্যাতনের দুর্বিষহ স্মৃতি স্মরণ করে ওই তরুণী বলেন, প্রথমে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। এরপর তিনি মিয়ানমারের ইউনিফর্ম পরা চার-পাঁচজন সেনার হাতে ধর্ষণের শিকার হন।
তরুণী বলেন, ‘নির্যাতনের পর আমার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। যে যেভাবে পারছিল, প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল। আমি পেছনে পড়ে গিয়েছিলাম। তখন আমার বয়স মাত্র ১৪ বছর।’
রায় বাস্তবায়নের নিজস্ব কোনো ব্যবস্থা নেই আন্তর্জাতিক বিচার আদালতের। তবে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে দেশটির নেতা মিন অং হ্লাইংয়ের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে।
রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন চালানোর অভিযোগ বারবারই অস্বীকার করে আসছে মিয়ানমারের জান্তা। তাদের দাবি, নিরাপত্তা বাহিনীর ১২ সদস্যকে হত্যার পর বিদ্রোহীদের সামরিক তৎপরতা দমনে অভিযান চালানো হয়েছিল। অভিযানের সময় ধর্ষণ ও অন্যান্য যৌন নিপীড়নের অভিযোগও অস্বীকার করেছে দেশটির সামরিক বাহিনী।
১৯৪৮ সালের জাতিসংঘের জাতিগত নিধন (জেনোসাইড) সনদ লঙ্ঘনের অভিযোগে গাম্বিয়ার করা মামলায় সাত বছর ধরে বিচারকাজ চালাচ্ছেন আইসিজের বিচারকেরা।
রায় বাস্তবায়নের নিজস্ব কোনো ব্যবস্থা নেই আন্তর্জাতিক বিচার আদালতের। তবে মিয়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগ প্রমাণিত হলে দেশটির নেতা মিন অং হ্লাইংয়ের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে।
২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের নেতৃত্বে ছিলেন মিন অং হ্লাইং। সেনাবাহিনী ও বৌদ্ধ মিলিশিয়াদের সহিংসতায় লাখ লাখ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসে। তাদের বর্ণনায় উঠে আসে ভয়াবহ নির্যাতন, হত্যা ও ধ্বংসযজ্ঞের চিত্র।

পরিকল্পিত সহিংসতা
যেসব ত্রাণকর্মী রোহিঙ্গাদের পালিয়ে আসার ঘটনা সরাসরি দেখেছেন, তাঁরা বলছেন, আসন্ন রায়টির প্রতীকী গুরুত্ব অনেক।
ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক দাতব্য চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) মানবিক কার্যক্রমের প্রধান অরুণ জগান বলেন, ‘রোহিঙ্গারা বছরের পর বছর ধরে যে নৃশংসতার বর্ণনা দিয়ে আসছে, তার জবাবদিহি নিশ্চিতের জন্য আইসিজের রায় গুরুত্বপূর্ণ।’
অরুণ জগান আরও বলেন, ‘২০১৭ সালে আমরা রোহিঙ্গাদের ওপর পরিকল্পিত সহিংসতা হতে দেখেছি। এখনো মিয়ানমারসহ পুরো অঞ্চলে তারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।’
বাংলাদেশের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় গাম্বিয়ার পক্ষে যাবে বলে আশা করছে ঢাকা।
মিজানুর রহমান আশা করেন, রায়টি রোহিঙ্গা জাতিগোষ্ঠীর স্বীকৃতির দাবিকে আরও জোরালো করবে। বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ, মিয়ানমার রোহিঙ্গাদের দেশটির স্বীকৃত জাতিগোষ্ঠীর অংশ হিসেবে মানে না; বরং প্রায়ই তাদের বাংলাদেশি অভিবাসী বলে অভিহিত করে। এই রায়ের ফলে মিয়ানমারের শাসকেরা রোহিঙ্গাদের সঙ্গে আলোচনায় বসার জন্য চাপে থাকবেন বলে মনে করেন মিজানুর।
মিজানুর রহমান বলেন, ‘আমরা আশা করি, বিশ্ব রোহিঙ্গাদের পক্ষে আরও পদক্ষেপ নেবে, যাতে তারা নিজেদের দেশে ফিরে যেতে পারে।’
আশায় বুক বাঁধছে রোহিঙ্গারা
রোহিঙ্গা নেতারা বলছেন, বছরের পর বছর তাঁরা হতাশ হয়েছেন। ফলে এবারও তাঁরা বেশি কিছু প্রত্যাশা করছেন না।
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, অতীতে আন্তর্জাতিক বিভিন্ন উদ্যোগে তেমন কোনো বাস্তব পরিবর্তন আসেনি।
তবে আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় কিছুটা ভালো ফল নিয়ে আসবে বলে মনে করছেন সৈয়দ উল্লাহ। তিনি বলেন, এর ফলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে। পাশাপাশি তাদের দেশে ফেরার পথ খুলে দিতে পারে। আর এই বিশ্বাস আঁকড়ে আশায় বুক বেঁধেছে রোহিঙ্গারা।
রোহিঙ্গা শরণার্থী মোহাম্মদ ওসমানের আশা, রায়ের পর তিনি মিয়ানমারে ফিরে তাঁর নিহত মা–বাবা ও ছোট ভাইয়ের দাফন সম্পন্ন করতে পারবেন।
২০ বছর বয়সী ওসমান এএফপিকে বলেন, ‘সেনারা আমার বাবাকে গুলি করে হত্যা করেছিল।’ তাঁর মাকে সেনাসদস্যরা নির্যাতন করেন। এরপর তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ওসমান বলেন, ‘আমি দৌড়াতে শুরু করেছিলাম। বারবার পেছনে তাকাচ্ছিলাম, আর আশা করছিলাম, আমার পরিবারের কেউ মারা যায়নি। তাঁরাও হয়তো আমার পেছন পেছন আসছেন।’ পরে বেঁচে যাওয়া গ্রামবাসীকে গণকবরে মৃতদের দাফন ও পুড়িয়ে ফেলতে বাধ্য করা হয়েছিল।
আরাকান আর্মিকেও জবাবদিহির আওতায় আনার দাবি জানান ওসমান। সশস্ত্র গোষ্ঠীটি ২০২৪ সাল থেকে রাখাইন রাজ্যের বড় অংশের নিয়ন্ত্রণ নেয়। ওই বছরও তাদের চালানো সহিংসতায় হাজার হাজার রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়।





