নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবশেষে পুকুর থেকে একটি কুমির ধরা পড়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তিনগাঁও এলাকার একটি পুকুরে জাল ফেলে কুমিরটিকে ধরেন উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মীরা। পরে এটিকে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে।

দুই মাস আগে তিনগাঁও এলাকার পুকুরে একটি কুমির দেখা গিয়েছিল। পরে সেটির আর হদিস পাওয়া যাচ্ছিল না। প্রায় ২০০ মিটার দূরে গত মঙ্গলবার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জিপাড়া এলাকার পুকুরে আবারও একটি কুমির দেখা যায়। আজ বিকেল পাঁচটার দিকে ওই পুকুরে জাল ফেলে কুমিরটি ধরা হয়।

এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার প্রথম আলোকে বলেন, অবশেষে কুমিরটি উদ্ধার করা সম্ভব হয়েছে। এতে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

বন্দর উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল প্রথম আলোকে বলেন, আজ বেলা ১১টা থেকে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে কুমির উদ্ধারের অভিযান শুরু হয়। প্রথম দফায় জাল ছিঁড়ে কুমিরটি বেরিয়ে যায়। দ্বিতীয় দফায় চেষ্টা করেও সেটিকে আটক করা সম্ভব হয়নি। পরে বিকেলে তৃতীয় দফায় জাল টানার পর কুমিরটি ধরা পড়ে। উদ্ধার হওয়া কুমিরটি তিনগাঁও এলাকায় আগে দেখা যাওয়া সেই কুমির বলে জানান তিনি।

প্রথম দফায় জাল ছিঁড়ে কুমিরটি বেরিয়ে যায়। দ্বিতীয় দফায় চেষ্টা করেও সেটিকে আটক করা সম্ভব হয়নি। পরে তৃতীয় দফায় জাল টানার পর কুমিরটি ধরা পড়ে

এর আগে গত ১৯ সেপ্টেম্বর বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকায় একটি পুকুরে কুমির দেখতে পান স্থানীয় লোকজন। পরে কুমিরটি পাশের আরেকটি পুকুরে চলে যায়। খবর পেয়ে বন বিভাগ ও ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে গিয়ে জাল ফেলে কুমিরটি উদ্ধারের চেষ্টা করেন। তবে সেটির অবস্থান শনাক্ত করতে না পারায় অভিযান সফল হয়নি।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুকুর থেকে কুমির ধরার পর গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে

এরপর কুমিরটির আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। কচুরিপানায় ভরা পুকুর ও আশপাশের জলাশয়ে খোঁজ করেও সেটির অবস্থান নিশ্চিত করতে পারেনি বন বিভাগ। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল উপজেলা প্রশাসন।