বাংলাদেশের চা-শিল্পের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। অথচ আন্তর্জাতিক বাজারে দার্জিলিং, আসাম কিংবা সিলন চায়ের পরিচিতি থাকলেও সিলেটের চা এখনো তেমন পরিচিত নয়। এবার সেই চিত্র বদলানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জ। তাদের হাত ধরে বিশ্ববাজারে বাংলাদেশের চায়ের নিজস্ব পরিচয় তুলে ধরতে যাত্রা শুরু করেছে নতুন ব্র্যান্ড ‘সিলেট টি’।

১৮ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগালের ঐতিহ্যবাহী ব্রাগানজা রাজপরিবারের সদস্য রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা ও তাঁর স্বামী দুয়ার্তে মারিয়া। তাঁদের উপস্থিতি নতুন এই উদ্যোগে যোগ করেছে বিশেষ মাত্রা।

যেভাবে শুরু হলো ‘সিলেট টি’র ভাবনা

‘সিলেট টি’ প্রতিষ্ঠার পেছনে রয়েছে একটি প্রশ্ন। বিশ্বের বিভিন্ন অভিজাত হোটেলে গিয়ে লন্ডন টি এক্সচেঞ্জের গ্রুপ চেয়ারম্যান শেখ আলিউর রহমান দেখেছেন, সেখানে দার্জিলিং, আসাম কিংবা সিলন চায়ের বেশ পরিচিতি রয়েছে। অথচ বাংলাদেশের সিলেট অঞ্চলের চায়ের তেমন কোনো পরিচয় নেই। দীর্ঘ ইতিহাস ও সমৃদ্ধ ঐতিহ্য থাকার পরও দেশের চা কেন আন্তর্জাতিক বাজারে নিজস্ব পরিচিতি পাচ্ছে না, সেই ভাবনা থেকেই তাঁর মনে আসে নতুন ব্র্যান্ড গড়ার পরিকল্পনা।

সেই পরিকল্পনা থেকেই ‘সিলেট টি’র যাত্রা। বাংলাদেশের চায়ের স্বাদ, গুণগত মান ও ঐতিহ্য বিশ্ববাজারে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। শুধু চা রপ্তানি নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চায়ের জন্য স্বতন্ত্র পরিচিতি তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি।

চায়ের ইতিহাসের সঙ্গে রাজপরিবারের যোগ

‘সিলেট টি’র যাত্রায় যুক্ত হয়েছে পর্তুগালের ঐতিহ্যবাহী ব্রাগানজা রাজপরিবার। উদ্বোধনী অনুষ্ঠানে রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা জানান, তাঁর পূর্বপুরুষেরা ইংল্যান্ডে প্রথম চা নিয়ে গিয়েছিলেন। তাঁদের হাত ধরেই ইউরোপে চায়ের জনপ্রিয়তা ছড়িয়ে পড়তে শুরু করে। তাই বাংলাদেশের চাকে আন্তর্জাতিকভাবে পরিচিত করার এই উদ্যোগের সঙ্গে তিনি চায়ের ইতিহাসের একটি বিশেষ যোগ খুঁজে পান।
রাজপরিবারের এই সম্পৃক্ততা নতুন ব্র্যান্ডটির যাত্রায় যোগ করেছে ভিন্ন মাত্রা। রাজকন্যা আশা প্রকাশ করেন, পর্তুগালে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। ‘সিলেট টি’র মতো উদ্যোগও এই সম্পর্ক এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারে।

৪০ দেশে পৌঁছানোর পরিকল্পনা

আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিতে ইতিমধ্যে কাজ শুরু করেছে লন্ডন টি এক্সচেঞ্জ। দেশের ১৪টি চা-বাগানের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি। এসব বাগান থেকে উন্নত মানের চা সংগ্রহ করে আন্তর্জাতিক মান অনুযায়ী প্রক্রিয়াজাত করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যেই অন্তত ৪০টি দেশে ‘সিলেট টি’ পৌঁছে দিতে চায় তারা।

তবে এই উদ্যোগের লক্ষ্য শুধু আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টিও। তাঁদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে লন্ডন টি এক্সচেঞ্জের। ফলে ‘সিলেট টি’র এই যাত্রা সফল হলে দেশের চা-শিল্পের পাশাপাশি উপকৃত হতে পারেন বাগানের শ্রমজীবী মানুষও।

বিশ্ববাজারে বাংলাদেশের চায়ের নতুন পরিচয়

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান কামরান টি রহমান, লন্ডন টি এক্সচেঞ্জের পরিচালক আব্দুল মোহাম্মদ সেলিম মুকিত, যুক্তরাজ্যের আইনজীবী ফারহান খান ফারানি ও সাংবাদিক মোহাম্মদ তাহির চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সিলেটের চা-বাগানে জন্ম নেওয়া চায়ের গল্প এবার দেশের সীমানা পেরিয়ে বিশ্ববাজারে পৌঁছানোর অপেক্ষায়। দার্জিলিং, আসাম কিংবা সিলন চায়ের মতো আন্তর্জাতিক পরিচিতি পাওয়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছে ‘সিলেট টি’। এই উদ্যোগ কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে। তবে বাংলাদেশের চায়ের সমৃদ্ধ ঐতিহ্যকে বিশ্বদরবারে নিজস্ব পরিচয়ে তুলে ধরার এই প্রচেষ্টা দেশের চা-শিল্পের জন্য নিঃসন্দেহে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে।