‘ফ্যাসিবাদকে মাঠেও দাঁড়াতে দেব না’ বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। তবে আন্দোলন হবে নিয়মতান্ত্রিক। কোনো সহিংসতার পথ উন্মুক্ত করতে চায় না তারা।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।
আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে জামায়াত মাঠে থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জনগণকে নিয়েই ফ্যাসিবাদকে আমরা প্রতিহত করব। … ফ্যাসিবাদকে মাঠেও দাঁড়াতে আমরা দেব না। আমরা তাঁর প্রস্তুতি নিচ্ছি। তবে আমাদের আন্দোলন হবে জনগণকে সাথে নিয়ে এবং নিয়মতান্ত্রিক। আমরা কোনো সহিংসতার পথ উন্মুক্ত করে ফ্যাসিবাদকে আগমনের কোনো পথ ওপেন করতে চাই না।’
আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে বিএনপি এবং জামায়াত একসঙ্গে আন্দোলনে নামবে কি না, এমন প্রশ্নের জবাবে জামায়াত সেক্রেটারি বলেন, ‘একসাথে আন্দোলন করলে তো আর দল থাকল না। …আমাদের সমস্ত কর্মসূচি হবে দলীয়। প্রত্যেক জোটের শরিক দল তার দলীয় জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে তারা কর্মসূচি ঘোষণা করবে।’
দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও সংঘাতের ঘটনা নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জামায়াতের নেতা-কর্মীদের দোকানপাট ও বাসাবাড়ি ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগ একের পর এক চলছে। এটি এখন শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, সারা দেশে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ২২ টিরও বেশি জেলায় সংঘাত ছড়িয়েছে।
দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দুর্ঘটনা, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলার অবনতির কারণে সামনে কী হতে যাচ্ছে, তা নিয়ে জনগণ চিন্তিত। জনগণ, সরকার এবং বিরোধী দলের মধ্যে যে রাজনৈতিক ঐক্য গড়ে ওঠা উচিত, সরকার ইচ্ছা করে সেটি এড়িয়ে যাচ্ছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করায় রাজনৈতিক অঙ্গনে সংকট তৈরি হয়েছে। সে সংকট সংসদে নিষ্পত্তি হচ্ছে না, বিরোধী জোটও রাজপথের আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকারের যদি শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে এ সংকট আরও ঘনীভূত হতে পারে।
জামায়াত সেক্রেটারি বলেন, দেশের ৭০ ভাগ মানুষের রায়কে অস্বীকার করায় এসব মানুষ সরকারের কাছ থেকে আস্থা ফিরিয়ে নিচ্ছে। এর ফলে জনজীবনের সংকট নিরসনে জনগণ সরকারের পাশে নেই।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, একদিকে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন, অন্যদিকে পলাতক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে তাঁদের দলের লোকদের সৃষ্ট সহিংসতা আর সর্বোপরি গণভোটের গণ রায় কার্যকর না করায় সব রাজনৈতিক দলের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। দিন যত যাচ্ছে, এ সংকট সমাধানের কোনো পথ দেখা যাচ্ছে না।
এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদের দোসরেরা সচিবালয় থেকে ইউনিয়ন পর্যন্ত প্রশাসন ও বিচারব্যবস্থায় ঘাপটি মেরে বসে আছে। তাদের শনাক্ত করে বের না করলে সরকার সুষ্ঠুভাবে দেশ চালাতে পারবে না।
জুলাইয়ের এক মঞ্চ নিয়ে আরেক প্রশ্নের জবাবে জামায়াত সেক্রেটারি বলেন, ‘জুলাইয়ের এক মঞ্চ যে ইস্যুতে হয়েছিল, সেটা হচ্ছে জুলাই সনদ এবং রাষ্ট্র অবস্থার সংস্কার। সরকারকে ওই ইস্যু অ্যাড্রেস করে ওই সংস্কার করতে হবে। এক মঞ্চ হতে গেলে যে কারণে জুলাই এক মঞ্চ হয়েছিল সেই কারণটা আগে সমাধান করতে হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, সেক্রেটারি রেজাউল করিম প্রমুখ।





