একসময় ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা-গুঞ্জন থাকলেও নিজের সম্পর্কের কথা বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রেম, বিয়ে কিংবা জীবনসঙ্গী—এসব প্রশ্নে খুব একটা মুখ খোলেননি তিনি। কিন্তু এবার তাঁকে ঘিরেই টালিউডে আলোচনার কেন্দ্রে বিয়ের খবর। পাত্রের নাম সিদ্ধার্থ দত্ত। পেশায় তিনি বিনোদনজগতের কেউ নন। মিমির বিয়ের কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে শুরু হয়েছে নানা জল্পনা।
বিয়ের আয়োজন নিয়ে নতুন তথ্য সামনে এনেছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় বিয়ের আনুষ্ঠানিকতার পাশাপাশি কালিম্পংয়ে তিন দিন ধরে চলবে বিশেষ আয়োজন। জলপাইগুড়ির পান্ডাপাড়ায় মিমির মামাবাড়িতেও চলছে প্রস্তুতি। পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের পাশাপাশি ব্যস্ততাও তুঙ্গে।
তবে বিয়ের খবর নিয়ে মিমি এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি।
বিয়ের কার্ডে মিমির তিন প্রিয়জন
মিমির বিয়ের কার্ড নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে একটি বিশেষ কারণে। কার্ডে বর-কনের সঙ্গে দেখা যাচ্ছে তাঁর তিন পোষ্য কুকুর—চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদুকে। মিমির জীবনের অবিচ্ছেদ্য অংশ এই তিন পোষ্য। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই তাদের সঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করে নেন অভিনেত্রী।
প্রাণীদের প্রতি মিমির ভালোবাসা নতুন নয়। পোষ্যদের তিনি কেবল শখের সঙ্গী হিসেবে দেখেন না, পরিবারের সদস্য হিসেবেই বড় করে তুলেছেন। তাই জীবনের এত গুরুত্বপূর্ণ একটি আয়োজনের আমন্ত্রণপত্রেও তাদের জায়গা করে দেওয়া যেন মিমির ব্যক্তিত্বেরই পরিচয়।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বিয়ের কার্ডের নকশা নিয়ে মিমির প্রতিক্রিয়ার কথাও উঠে এসেছে। বিয়ে নিয়ে প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেছিলেন, তিনি জীবনে কাউকে হতাশ করেননি, ইতিবাচক থাকতে ভালোবাসেন এবং সবাইকে খুশি রাখতে চান। তবে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে বলেছেন। তাঁর এই রহস্যময় উত্তর বিয়ের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
কলকাতা থেকে কালিম্পং, দুই জায়গায় বিয়ের আয়োজন
সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, ২৫ ও ২৬ নভেম্বর কলকাতায় হবে বিয়ের আনুষ্ঠানিকতা। এর আগে সেখানেই বাগ্দান ও অন্যান্য মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার কথা। এরপর ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত কালিম্পংয়ে চলবে বিয়ের বিশেষ আয়োজন।
দুই জায়গায় অনুষ্ঠান হওয়ায় আত্মীয়স্বজনের মধ্যেও ভাগাভাগি হয়েছে।
জলপাইগুড়ির পান্ডাপাড়ায় মিমির মামাবাড়ির আত্মীয়ের সংখ্যা পঞ্চাশের বেশি। তাঁদের একাংশ কলকাতার অনুষ্ঠানে যোগ দেবেন, অন্য অংশ যাবেন কালিম্পংয়ে।
মিমির মামা রাম চক্রবর্তী সংবাদ প্রতিদিনকে জানিয়েছেন, ভাগনির বিয়ে তাঁদের কাছে অনেক আনন্দের। মিমির পছন্দ ও ইচ্ছাকে গুরুত্ব দিয়েই আয়োজন করা হচ্ছে সবকিছু। হবু বর সম্পর্কে অবশ্য বিস্তারিত কিছু বলতে চাননি পরিবারের সদস্যরা।

কে এই সিদ্ধার্থ দত্ত
মিমির বিয়ের খবর সামনে আসার পর স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছেন সিদ্ধার্থ দত্ত। তবে তিনি বিনোদনজগতের মানুষ নন বলেই বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের কয়েকটি প্রতিবেদনে সিদ্ধার্থকে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা বলা হয়েছে।
ছোট পর্দা থেকে বড় পর্দা, যেভাবে জনপ্রিয় হলেন মিমি
মিমি চক্রবর্তীর জন্ম ১৯৮৯ সালের ১১ ফেব্রুয়ারি। জলপাইগুড়ির সঙ্গে তাঁর শৈশবের স্মৃতি গভীরভাবে জড়িয়ে আছে। পড়াশোনা ও অভিনয়ের প্রয়োজনে কলকাতায় এলেও উত্তরবঙ্গের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। তাঁর মামা রাম চক্রবর্তীর কথায়, সুযোগ পেলেই জলপাইগুড়িতে ছুটে আসেন মিমি। পাড়া, বাড়ি, মামাবাড়ি—সব জায়গাতেই তাঁর পরিচিত পরিবেশ।
অভিনয়জগতে মিমির শুরুটা মডেলিং দিয়ে। তবে তাঁকে পরিচিতি এনে দেয় ২০১০ সালে প্রচারিত বাংলা টেলিভিশন ধারাবাহিক ‘গানের ওপারে’। সেখানে পুপে চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন তিনি। সংগীতনির্ভর এই ধারাবাহিকের মাধ্যমে নতুন প্রজন্মের দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন মিমি।
২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর ‘বোঝে না সে বোঝে না’ তাঁকে আরও বেশি জনপ্রিয়তা এনে দেয়। বাণিজ্যিক ছবির চেনা নায়িকার ছকের বাইরে গিয়ে চরিত্র বেছে নেওয়ার প্রবণতা ছিল তাঁর অভিনয়জীবনের অন্যতম বৈশিষ্ট্য।
এরপর ‘প্রলয়’, ‘যোদ্ধা’, ‘গ্যাংস্টার’, ‘পোস্ত’, ‘ভিলেন’, ‘ড্রাকুলা স্যার’, ‘মিনি’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। রোমান্টিক চরিত্রের পাশাপাশি থ্রিলার, সামাজিক গল্প ও ভিন্নধর্মী চরিত্রেও দেখা গেছে তাঁকে।
বাংলাদেশেও মিমির জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে শাকিব খানের বিপরীতে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় অভিনয়ের পর বাংলাদেশের দর্শকদের কাছে তাঁর পরিচিতি আরও বেড়েছে। ছবির ‘দুষ্টু কোকিল’ ও ‘লাগে উড়াধুরা’ গান দুটি দুই বাংলাতেই আলোচিত হয়েছিল।
রাজনীতির মাঠেও পা রেখেছিলেন মিমি। ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নেন তিনি। জয়ী হয়ে ভারতের সংসদ সদস্য হন। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।





