সরকারপ্রধানের ডাকে ঐক্যের বিষয়ে প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান। এরপর সরকার গণভোটকে উপেক্ষা করার মনোভাব থেকে সরে আসবে বলে আশা করে ১১–দলীয় ঐক্য।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এ কথা বলেন।
দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে ১১–দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এর আগে বিরোধীদলীয় নেতার বাসভবনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সভাপতিত্বে বিরোধী জোটের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকেরা গতকাল বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বৈঠকের বিষয়ে প্রশ্ন করেন। জবাবে মামুনুল হক এ কথা বলেন।
জুলাই বিপ্লবে রাজপথে গড়ে ওঠা ঐক্যকে বাংলাদেশের রক্ষাকবচ বলেছেন মামুনুল হক। তিনি বলেছেন, সরকার ঐক্যের প্রয়োজন অনুভব করছে। তবে এই ঐক্যের ভিত হতে হবে জুলাই সনদ, গণভোটের রায় এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন।
ব্রিফিং শেষে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, জনগণের মতামতের বাইরে ১১ দল কোনো পদক্ষেপ নেবে না। এই মুহূর্তে রাজপথে থাকার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ১১–দলীয় ঐক্যের পক্ষ থেকে এবং দলীয়ভাবে কর্মসূচি ঘোষণা করা হবে। তবে তাঁরা তাঁদের সাত দফা থেকে সরে আসেননি। তাঁরা এখন পরাজিত ও আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করাকে সবকিছুর চেয়ে অগ্রগণ্য মনে করছেন।
১১–দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, পতিত স্বৈরাচারের সন্ত্রাসী কার্যক্রমের কারণে দেশ অস্থিরতার মধ্যে চলে গেছে। এর ফলে জাতির মধ্যে আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। সরকারের প্রধান দায়িত্ব ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। তবে সরকারের দৃশ্যমান পদক্ষেপের অভাবে ফ্যাসিবাদীরা এ ধরনের অপতৎপরতা চালানোর সুযোগ পেয়েছে।
গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে বিভক্ত করেছে উল্লেখ করে হামিদুর রহমান আযাদ বলেন, সরকার গড়িমসি না করে জুলাই সনদ গণভোটের আলোকে বাস্তবায়ন করলে আজকের পরিস্থিতি তৈরি হতো না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।





