দত্তের বাজারের সবচেয়ে বড় আকর্ষণ গবাদিপশুর হাট। গ্রামীণ বাজারে গরু-ছাগলের বেশ বড় হাট সচরাচর চোখে পড়ে না। সপ্তাহের বড় হাটের দিন অর্থাৎ কেবল সোমবারই এই পশুর হাট বসে।
হাটের ইজারাদার আবদুল কাদের খলিফা প্রথম আলোকে জানান, প্রতি সোমবারে গরুর হাটে গড়ে ৮০টির বেশি গরু কেনাবেচা হয়। গফরগাঁও, হোসেনপুর ও পাকুন্দিয়া ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে গরু নিয়ে আসেন বিক্রেতারা। ঈদের মৌসুমে হাট আরও জমজমাট হয়ে ওঠে। অন্যদিকে ছাগলের হাটে প্রতি সোমবার দুই শতাধিক ছাগল বিক্রি হয় বলে জানান তিনি।
চরের দেশি গরুর চাহিদা বেশি
হাটে গরু কিনতে আসা ক্রেতা মো. রফিকুল ইসলাম (৫০) বলেন, ‘দত্তের বাজারে আসা গরু-ছাগল স্থানীয়ভাবে দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয় বলে এগুলোর মান বেশ ভালো। বিশেষ করে চরাঞ্চলে পালা পশুকে কৃত্রিম খাবার (ফিড) ও ওষুধ কম দেওয়া হয়। এ কারণে এই হাটের গবাদিপশুর আলাদা সুনাম আছে। তাই গরু কিনতে আমি সব সময় এখানেই আসি।’
হাটে গরু বিক্রি করতে আসা এক খামারি জানান, তাঁর খামারে ১০টি গরু রয়েছে। তিনি নিয়মিত এই হাটেই গরু বিক্রি করেন।
তাঁর ভাষ্যমতে, হাটে মূলত দেশি প্রজাতির গরুই ওঠে। এর মধ্যে ৬০ হাজার থেকে ১ লাখ টাকা দামের গরুর চাহিদা সবচেয়ে বেশি। হাটে দালালদের দৌরাত্ম্য না থাকায় ক্রেতা-বিক্রেতাদের কাছে দত্তের বাজারের বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।





