গোপালগঞ্জে বিএনপির এক সংসদ সদস্যসহ (এমপি) কয়েকজনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের মিছিল, বিক্ষোভ ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থানের মধ্যে এসব ঘটনা ঘটে।
আজ দুপুর ১২টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর আগে বেলা ১১টার দিকে কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়ি এবং তাঁর স্বজন ও সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার জয়নগর বাজারে মিছিল নিয়ে জড়ো হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতা–কর্মীরা। তাঁদের নেতৃত্বে ছিলেন মহেশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুৎফর রহমান। একপর্যায়ে সেখানে ওই এমপির ভাই হাফিজ মোল্লা ও রফিক মোল্লার দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

পরে মিছিল নিয়ে মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করে বাড়িতে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এমপি সেলিমুজ্জামান মোল্লার স্বজন ও প্রতিবেশীদের কয়েকটি বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, সকালে কিছু লোক মিছিল নিয়ে এসে সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এবং একপর্যায়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয় বিএনপির নেতা–কর্মীদের ভাষ্য, ‘বিক্ষুব্ধ জনতা’ ব্যানারে একটি মিছিল নিয়ে এসে বিক্ষোভকারীরা এমপির বাড়ির সামনে অবস্থান নেন। এ সময় বাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।
এর আগে গতকাল বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের শহরের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। গত মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।





