সংসদ সদস্যরা নিজের নির্বাচনী আসনে সেতু চান। তাঁদের চাওয়ায় ২৫৬টি সেতু নির্মাণের প্রকল্প নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এতে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা।
‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ শিরোনামের প্রকল্পটি আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। প্রকল্পটি ২০২৩ সালের। এটির ব্যয় ও সেতুর সংখ্যা বাড়িয়ে অনুমোদন চাইছে এলজিইডি।
স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছে, এসব সেতু নির্মাণ করা হলে দেশের সার্বিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে। তবে প্রশ্ন উঠছে যে সেতুগুলোর মধ্যে কটি এখনই নির্মাণ করা জরুরি? কোন এলাকায় নির্মাণ করা হলে বেশিসংখ্যক মানুষ সুফল পাবে? সেতু নির্মাণের ক্ষেত্রে কোনো এলাকাকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে বৈষম্য তৈরি করা হচ্ছে কি না?
বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যে এত টাকা সরকার কোথায় পাবে, সে প্রশ্নও রয়েছে। কারণ ঋণে নয়, সরকারের নিজের টাকায় সেতুগুলো নির্মাণের কথা বলা হয়েছে প্রকল্পে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই করতে হয়। তবে নতুন প্রকল্পে থাকা ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের ৯৮টি সেতুর সম্ভাব্যতা যাচাই সমীক্ষা করা হয়নি। তার আগেই প্রকল্পে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অতীত অভিজ্ঞতা বলছে, যেনতেনভাবে প্রকল্প নেওয়ার পর দেখা যায়, সেতু নির্মাণের ব্যয় অনেক বেড়ে গেছে। নিয়ম না মেনে সেতু নির্মাণের ফলে নদীর ক্ষতি হয়। নিচু সেতু নির্মাণের কারণে নৌ চলাচল বিঘ্নিত হয়। পরিকল্পনা কমিশনও সে কথা বলছে।
কমিশনের সচিব কবির আহামদ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বিগত সময়ের সেতু নির্মাণের অভিজ্ঞতা সুখকর নয়। অতীত অভিজ্ঞতা থেকে আমরা এলজিইডিকে অনুশাসন দিয়েছি, এসব সেতু নির্মাণে কিছুতেই নদীর স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত করা যাবে না। এ বিষয়ে তাদের নজরদারিতে রাখা হবে।’
বাংলাদেশে নিজের নির্বাচনী এলাকায় সেতু, সড়কসহ বিভিন্ন অবকাঠামোর কাজ করানোর ক্ষেত্রে সংসদ সদস্যদের আগ্রহ নতুন নয়। নির্বাচনী এলাকায় কত কাজ করাতে পেরেছেন, তার ওপর সংসদ সদস্যদের জনপ্রিয়তা অনেক ক্ষেত্রে নির্ভর করে। এ কারণে সংসদ সদস্যরা সেতু-সড়কের জন্য নিয়মিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানাতে থাকেন।
সংসদ সদস্যরা সেতু চান
জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়ে সরকার গঠন করে বিএনপি।
সূত্র বলছে, নতুন সরকারের সংসদ সদস্যরা তাঁদের নিজের নির্বাচনী আসনে সেতু করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে যোগাযোগ করছেন। সংসদ সদস্যদের অনুরোধ এত বেশি যে একটি প্রকল্প দিয়ে সেতু নির্মাণ শেষ হবে না। আরও একটি নেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশে নিজের নির্বাচনী এলাকায় সেতু, সড়কসহ বিভিন্ন অবকাঠামোর কাজ করানোর ক্ষেত্রে সংসদ সদস্যদের আগ্রহ নতুন নয়। নির্বাচনী এলাকায় কত কাজ করাতে পেরেছেন, তার ওপর সংসদ সদস্যদের জনপ্রিয়তা অনেক ক্ষেত্রে নির্ভর করে। এ কারণে সংসদ সদস্যরা সেতু-সড়কের জন্য নিয়মিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানাতে থাকেন।
অভিযোগ রয়েছে, এলজিইডি সুযোগটি নেয়। তারা সংসদ সদস্যদের ইচ্ছেপূরণে যেনতেনভাবে প্রকল্প তৈরি করে অনুমোদন করায়। পরিকল্পনা কমিশন ঠিকমতো যাচাইবাছাই করে না। পরে দেখা যায়, সেতু হয়েছে, সড়ক হয়নি। আবার সেতু এত ছোট করে নির্মাণ করা হয় যে নদী মরে যায়। অন্যদিকে নিচু করে নির্মাণ করে নৌপথ শেষ করে ফেলা হয়। অন্যদিকে এলজিইডির বিরুদ্ধের দুর্নীতির অভিযোগ অনেক।
২০০৮ সালের ১৮ মে প্রথম আলোতে ‘কাজে না আসা’ সেতু নিয়ে একটি বিশেষ আয়োজন (চার পাতা মলাট) প্রকাশ করে। তাতে উঠে আসে, দেশের ৬২টি জেলায় ২ হাজার ৭২৮টি সেতু রয়েছে, যেগুলোর সঙ্গে সংযোগ সড়ক নেই। এর বাইরে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ৬০-৭০টি সেতু ৫ থেকে ১০ বছর ধরে নির্মাণাধীন। প্রথম আলোর প্রতিবেদনে সারা দেশ থেকে তথ্য নিয়ে দেখানো হয়েছিল, ওই সব সেতুর বড় অংশ রাজনৈতিক চাপে নির্মাণ করা হয়; কিন্তু সংযোগ সড়ক নির্মাণে বরাদ্দ ছিল না।
প্রথম আলো গতকাল ‘নদীর দুঃখ সেতু’ শিরোনামে একটি বিশেষ আয়োজন (চার পাতা মলাট) প্রকাশ করে। তাতে বলা হয়, দেশের ২৬টি জেলায় ৮০টি নদী ও খালে ২৯০টি ক্ষতিকর সেতু ও কালভার্ট রয়েছে। ছোট ও নিচু সেতু নির্মাণ করে নদী মেরে ফেলছে এলজিইডি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সওজসহ বিভিন্ন সরকারি সংস্থা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলামকে উদ্ধৃত করে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, এসব সেতু নদীর মৃত্যুর কারণ এবং নিচু সেতুর কারণে নৌপথ বন্ধ হয়ে যায়।
যেনতেনভাবে প্রকল্প আবার
১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতু নির্মাণ করার আগে কী কী করা বাধ্যতামূলক, তার সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে। নির্দেশনা অনুযায়ী, সেতু নির্মাণের আগে অবশ্যই পানিপ্রবাহ, পরিবেশগত অবস্থা, নৌ চলাচল ও আর্থসামাজিক অবস্থা জানার জন্য একটি বিস্তারিত সমীক্ষা করতে হবে। সেতুটি কতটা কাজে লাগবে, কত মানুষ সুফল পাবে ইত্যাদিও উঠে আসে সমীক্ষায়।
সমীক্ষা প্রতিবেদনের ওপর ভিত্তি করে তবেই সেতুর নকশা ঠিক করে তারপর ব্যয় নির্ধারণ করতে হবে; কিন্তু তা মানা হয় না। যেমন ২০১৭ সালে অনুমোদন পাওয়া একই ধরনের একটি প্রকল্পে জটিলতায় পড়েছিল এলজিইডি। ওই প্রকল্পে ১৩০টি সেতুর মধ্যে ৯৪টির দৈর্ঘ্য ও ব্যয় ঠিক করা হয়েছিল অনুমানের ওপর ভর করে। সে অবস্থায় প্রকল্পটি একনেক অনুমোদন দেয়। পরে সেতু নির্মাণ করতে গিয়ে এলজিইডি দেখতে পায়, প্রাক্কলিত দৈর্ঘ্য ও ব্যয় মিলছে না। ফলে ৩ হাজার ৯২৬ কোটি টাকার প্রকল্পটির ব্যয় বাড়িয়ে পরে ৬ হাজার ৪৫৭ কোটি টাকা করা হয়।
এদিকে নতুন প্রকল্প নিয়ে এলজিইডি বলছে, প্রকল্প অনুমোদনের পর তারা এই ৯৮টি সেতুর সমীক্ষা করবে। সমীক্ষার জন্য বাড়তি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার প্রথম আলোকে বলেন, অন্য সেতুগুলোর দরপত্র আহ্বান প্রক্রিয়া শেষ করতে করতে এই ৯৮টি সেতুর সমীক্ষা হয়ে যাবে। তখন সমীক্ষায় যেগুলো করা দরকার হবে, সেগুলো হবে। বাকিগুলো বাদ যাবে। তিনি বলেন, এ কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে বিগত সময়ে সরকারের বিভিন্ন সংস্থা সেতু করেছে। তাতে নদী মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এবার যাতে একই ধরনের পুনরাবৃত্তি না হয়, সে চেষ্টা থাকবে। তিনি বলেন, নতুন প্রকল্পে প্রস্তাবিত সেতুতে নদীর মাঝখানে পিআর (খুঁটি) বসানো হবে না। এ ছাড়া চীনের নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে।
এদিকে ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ নামের প্রকল্পটির সার্বিক সম্ভাব্যতা যাচাই সমীক্ষা করা হয়েছে বলে দাবি করেছে এলজিইডি। তারা পরিকল্পনা কমিশনে পাঠানো নথিতে বলেছে, গত জুলাইয়ে এই সমীক্ষা করা হয়। সমীক্ষায় প্রকল্পটি বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
সমীক্ষাকারী প্রতিষ্ঠানের নাম হিসেবে এলজিইডি কেডিম্যান ইঞ্জিনিয়ারের নাম উল্লেখ করেছে। নথিতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল ইসলামের মুঠোফোন নম্বরও দেওয়া আছে। যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁরা এ প্রকল্পে কোনো সমীক্ষা করেননি। হয়তো তাঁদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হয়েছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক জিয়াউল ইসলাম মজুমদার বলেন, তাঁরা একজন প্রকৌশলীকে দিয়ে সমীক্ষা করিয়েছেন। ওই প্রকৌশলী নামটি দিয়েছেন। কোন প্রকৌশলী, তা তিনি বলেননি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এলজিইডি যে যেনতেনভাবে প্রকল্প তৈরি করে অনুমোদনের জন্য পাঠায়, তার আরেকটি উদাহরণ এটি।
কোন জেলায় কত সেতু
তালিকায় দেখা যায়, সবচেয়ে বেশি সেতু নির্মাণ করা হচ্ছে বগুড়ায়, সংখ্যা ২৪। এরপর রয়েছে নরসিংদী ১৬টি, সিলেট ১৪টি, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় ১১টি করে এবং বরিশাল, নেত্রকোনা ও চাঁদপুরে ৯টি করে সেতু নির্মাণের কথা বলা হয়েছে। ময়মনসিংহ, কক্সবাজার ও লক্ষ্মীপুরে ৮টি করে, জামালপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলে ৭টি করে; শরীয়তপুরে ৬টি; ঢাকা, ঠাকুরগাঁও, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে ৫টি করে’ চট্টগ্রাম, দিনাজপুর, মাগুরা, মাদারীপুর ও সুনামগঞ্জে ৪টি করে; নীলফামারী, সিরাজগঞ্জ, বাগেরহাট, বরগুনা, গাজীপুর, ফেনী ও বান্দরবানে ৩টি করে; লালমনিরহাট, নওগাঁ, জয়পুরহাট, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ ও রাঙামাটিতে ২টি করে এবং পঞ্চগড়, রাজশাহী, নাটোর, খুলনা, ঝিনাইদহ, মৌলভীবাজার ও খাগড়াছড়িতে ১টি করে সেতু নির্মাণের কথা বলা হয়েছে।
জানতে চাইলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রথম আলোকে বলেন, ‘বর্তমান সরকার পরিবেশ, নদী ও জলবায়ুর সুরক্ষাকে গুরুত্ব দিচ্ছে। সেতু নির্মাণের মাধ্যমে সড়ক যোগাযোগের উন্নয়নের পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ ও নৌপথ সচল রাখাও জরুরি। আমরা চাই, সেতু মানুষের যাতায়াত সহজ করবে, আবার এর নিচ দিয়ে নৌযানও নির্বিঘ্নে চলতে পারবে।’ তিনি বলেন, নদীর প্রস্থ ও পানিপ্রবাহ এবং নৌযান চলাচলের প্রয়োজন বিবেচনায় নিয়ে সেতুর দৈর্ঘ্য ও উচ্চতা নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হবে। নদী সংকুচিত করে বা নিচু সেতু নির্মাণ করে যাতে নৌপথ বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া আছে।
বিশ্লেষকেরা বলছেন, নতুন সরকার অতীতের সরকারের মতো নদী মেরে সেতু নির্মাণ করে কি না, অপ্রয়োজনীয় সেতু নির্মাণ করে কি না, সেটা আগামী দিনগুলোতে দেখা যাবে।





