দেশের প্রায় ৬৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এখন আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় এসেছেন। তাঁদের অন্তত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল আর্থিক সেবা (এমএফএস), ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, বিমা কিংবা পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের কোনো না কোনোটিতে অন্তত একটি হিসাব রয়েছে। তবে এখনো দেশের ৩৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এসব আর্থিক সেবার বাইরে।
এই ৬৫ শতাংশ মানুষের মধ্যে ব্যাংক হিসাব আছে অন্তত ২৮ দশমিক ৮ শতাংশ মানুষের। এমএফএস হিসাবধারী মানুষ ৪৪ দশমিক ৭ শতাংশ। তবে অনেকের ব্যাংক ও এমএফএস দুই ধরনের হিসাবই রয়েছে। ২০২৫ সালের ২৬ জানুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত সময়ে পরিচালিত এ জরিপে দেশের প্রায় ৭ হাজার খানা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।
‘বাংলাদেশ ন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে ২০২৫’ শীর্ষক এ জরিপ পরিচালনা করে বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড)। আজ বুধবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল ও নীতিগত সুপারিশ তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান আবদুর রাজ্জাক। বাংলাদেশ ব্যাংক ও র্যাপিড যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।
র্যাপিড জানায়, এটি দেশের স্থানীয় কোনো সংস্থার পরিচালিত এ ধরনের প্রথম জরিপ। এর আগে বিশ্বব্যাংক এ কাজ করত। তাদের ২০২৪ সালের ফিনডেক্স জরিপে আর্থিক অন্তর্ভুক্তির হার ছিল ৪৩ শতাংশ, যা ২০২১ সালের জরিপে ছিল ৫৩ শতাংশ।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আর্থিক অন্তর্ভুক্তি রয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগের ৬৭ দশমিক ৭ শতাংশ মানুষ আর্থিক সেবার আওতায় রয়েছেন। অন্যদিকে সবচেয়ে পিছিয়ে সিলেট বিভাগ। সেখানে আর্থিক অন্তর্ভুক্তির হার ৫৪ দশমিক ৯ শতাংশ। অন্য বিভাগগুলোয় আর্থিক অন্তর্ভুক্তির হার—চট্টগ্রামে ৬৭, রংপুরে ৬৪ দশমিক ৯, ময়মনসিংহে ৬৪ দশমিক ২, বরিশালে ৬৪, খুলনায় ৬৩ দশমিক ৫ ও রাজশাহীতে ৬০ দশমিক ১ শতাংশ। জাতীয়ভাবে ৬৯ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৬০ দশমিক ৯ শতাংশ নারী আর্থিক সেবার আওতায় রয়েছেন।
ব্যাংকে সঞ্চয়, মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠানো
জরিপে ব্যাংক হিসাব ব্যবহারের প্রধান উদ্দেশ্য হিসেবে সঞ্চয়ের কথা উঠে এসেছে। ব্যাংক হিসাবধারী পুরুষদের ৫৮ দশমিক ৪ শতাংশ এবং নারীদের ৬২ দশমিক ৭ শতাংশ টাকা সঞ্চয়ের জন্য হিসাব ব্যবহার করেন।
অন্যদিকে এমএফএসের ব্যবহার মূলত টাকা পাঠানো ও গ্রহণের মধ্যে সীমাবদ্ধ। এমএফএস হিসাবধারী নারীদের ৯০ দশমিক ৩ শতাংশ এবং পুরুষদের ৮৩ দশমিক ১ শতাংশ টাকা গ্রহণে এ সেবা ব্যবহার করেন। টাকা পাঠানোয় নারী ও পুরুষের হার যথাক্রমে ৭৭ ও ৬১ শতাংশ।
তবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কেনাকাটার বিল ও ইউটিলিটি বিল পরিশোধ এবং সঞ্চয় এখনো খুব কম। এসব কাজে এমএফএস ব্যবহারকারীর হার ৪ শতাংশের কম। গ্রামীণ এলাকার এমএফএস ব্যবহারকারীদের ৩৭ শতাংশ সামাজিক নিরাপত্তা ভাতা বা সরকারি সুবিধার অর্থ পান এ মাধ্যমে। আর এমএফএস আ্যপস ব্যবহার করেন মাত্র ২০ দশমিক ৫ শতাংশ গ্রাহক।
ব্যাংক ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সেবার সামগ্রিক মান নিয়ে সন্তুষ্টি বেশি হলেও অভিযোগ নিষ্পত্তিতে ঘাটতি রয়েছে। এমএফএস ব্যবহারকারীদের ৩১ দশমিক ৮ শতাংশ সেবার ফি নিয়ে অসন্তুষ্ট। বিমার ক্ষেত্রে দাবি নিষ্পত্তির সময় নিয়ে সন্তুষ্ট মাত্র ৪৪ শতাংশ গ্রাহক। বিমা প্রতিষ্ঠানের অভিযোগ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির হার মাত্র ১০ দশমিক ৬ শতাংশ।
আর্থিক পণ্য সম্পর্কে গ্রাহকদের ধারণাও সীমিত। ব্যাংক হিসাবধারীদের মাত্র ৩৩ শতাংশ জানেন, তাঁদের জমা টাকার বিপরীতে কত সুদ পাওয়া যায়। ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের গ্রাহকদের ক্ষেত্রে এ হার ১৫ শতাংশ।
ঋণসেবা ব্যবহার না করা ব্যক্তিদের ৪৬ শতাংশ জানান, তাঁদের ঋণের প্রয়োজন নেই। আমানত সেবা ব্যবহার না করা ব্যক্তিদের ৩১ দশমিক ৬ শতাংশ মনে করেন, এটির প্রয়োজন নেই। অন্যদিকে বিমা ব্যবহার না করার ক্ষেত্রে ৫৬ শতাংশ পর্যাপ্ত অর্থ না থাকাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।
অতিথিরা যা বললেন
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান বলেন, আর্থিক খাতের ভেতরকার তথ্য উঠে এসেছে জরিপে। এটা নীতি গ্রহণে সহায়তা করবে। নারী-পুরুষের বৈষম্যের বিষয়টিও উঠে এসেছে; এটা নিয়ে কাজ করতে হবে। সেবার মানের তথ্যও এসেছে।
বিশেষ অতিথির বক্তব্যে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর বলেন, এ অন্তর্ভুক্তির পেছনের কারণগুলোও দেখতে হবে। অ্যাপস ছাড়া সাধারণ মোবাইলে এমএফএস ব্যবহার করার ব্যবস্থা করায় এটা ছড়িয়ে গেছে। অন্যদিকে ব্যাংকের শাখা আছে প্রায় ১২ হাজার। কিন্তু ৪০ শতাংশ গ্রাহক জানিয়েছেন, ব্যাংকের শাখা ৫ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে গিয়ে লেনদেন করতে ভাড়াও একটি বিষয়। তাই এজেন্ট ব্যাংকিংয়ের প্রসার ঘাটানো দরকার।
আরেক বিশেষ অতিথি ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘বিগত ২৫ বছরে আমরা ২০ লাখ গ্রহককে সেবা দিয়েছি। কিন্তু আগামী যাত্রায় ডিজিটাল ইকোসিস্টেম বৃদ্ধি করা না গেলে অন্তর্ভুক্তি বাড়ানো যাবে না। শুধু হিসাব থাকলে হবে না, সব লেনদেনে তাঁদের যুক্ত করতে হবে।’
র্যাপিডের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, নারীর অংশগ্রহণ বাড়াতে তাঁদের জন্য কিছু সেবা ও পণ্য তৈরি করতে হবে। অন্তর্ভুক্তি না বাড়লে রাজস্ব আয়ও বাড়ানো যাবে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) শাহ মো. আহসান হাবিব ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফেরদৌস আরা বেগম প্রমুখ।





