যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের বৈঠকের আগে পূর্ব এশিয়ায় সামরিক উড়োজাহাজ পাঠিয়েছে মস্কো। সম্ভবত এক দশকের বেশি সময়ের মধ্যে এ অঞ্চলে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক উড়োজাহাজ মোতায়েনের ঘটনা এটি। এর মধ্য দিয়ে দূরবর্তী অঞ্চলে সামরিক শক্তি প্রদর্শনের সক্ষমতা দেখাচ্ছে দেশটি। বিশ্লেষকদের মতে, তিন পরাশক্তি দেশের নেতাদের বৈঠকের আগে মস্কোর এ পদক্ষেপ শক্ত বার্তা দিচ্ছে।
ভিয়েতনামের দানাং বিমানবন্দরে আজ বুধবার রাশিয়ার দুটি টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান অবস্থান করছিল। সঙ্গে ছিল আকাশে অন্য বিমানকে জ্বালানি সরবরাহে সক্ষম দুটি দূরপাল্লার ট্যাংকার বিমান। ন্যাটোর কাছে টিইউ-৯৫ ‘বিয়ার’ বা ভালুক নামে পরিচিত।
গতকাল মঙ্গলবার রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চল থেকে দক্ষিণে উড়ে আসার সময় দেশটির সামরিক বিমানগুলোর গতিবিধি নিয়ে সতর্ক হয়ে পড়ে তাইওয়ান ও জাপানের বিমানবাহিনী।
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (অ্যাপেক) ৩৩তম সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পৌঁছানোর ঠিক আগে বিমানগুলো ওই পথে উড়ে যায়। ঠিক এ সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের নেতারা আসিয়ানের বৈঠকে যোগ দিতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থান করছিলেন।
সিঙ্গাপুরের আইএসইএএস-ইউসুফ ইশাক ইনস্টিটিউটের নিরাপত্তাবিষয়ক গবেষক ইয়ান স্টোরি বলেন, ইউক্রেনে যুদ্ধ চললেও মস্কো যে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সামরিক শক্তি প্রদর্শন করতে পারে, আঞ্চলিক দেশগুলোকে তা মনে করিয়ে দেওয়াই এই মোতায়েনের সুস্পষ্ট উদ্দেশ্য।

পুরোনো সুবিধা আবার ব্যবহারের ইঙ্গিত
স্টোরির তথ্য অনুযায়ী, ভিয়েতনামে রাশিয়ার কৌশলগত বিমান মোতায়েনের সর্বশেষ জানা ঘটনাটি ২০১৪ সালের। সে সময় হ্যানয় রুশ যুদ্ধজাহাজ ও বিমানকে দেশটির কাম রান উপসাগরের ঘাঁটি এবং দানাং বিমানঘাঁটি ব্যবহারে অগ্রাধিকার দিয়েছিল।
কাম রানে স্নায়ুযুদ্ধের সময় মস্কোর ঘাঁটি ছিল। ভিয়েতনাম যুদ্ধ যখন তুঙ্গে, তখন কাম রান ও দানাংয়ে বিমানঘাঁটি গড়ে তুলেছিল মার্কিন বাহিনী।
স্টোরি বলেন, ২০১৪ সালে দানাংয়ে জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ মোতায়েন করেছিল রাশিয়া। প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান ও নৌঘাঁটির কাছে টিইউ-৯৫ বিমানের উড্ডয়নে সহায়তা করেছিল সেগুলো।
ভিয়েতনামের দানাং বিমানবন্দরে আজ বুধবার রাশিয়ার দুটি টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান অবস্থান করছিল। সঙ্গে ছিল আকাশে অন্য বিমানকে জ্বালানি সরবরাহে সক্ষম দুটি দূরপাল্লার ট্যাংকার বিমান। ন্যাটোর কাছে টিইউ-৯৫ ‘বিয়ার’ বা ভালুক নামে পরিচিত।
এরপর এমন মোতায়েনের আর কোনো ঘটনা স্টোরির জানা নেই। তাঁর ধারণা, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন হ্যানয়ের কাছে আপত্তি জানানোর পর এই কার্যক্রম স্থগিত হয়ে থাকতে পারে।
সামরিক অ্যাটাশেদের ভাষ্যমতে, টিইউ-৯৫ মডেলের কিছু বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কাজেও কখনো কখনো এসব উড়োজাহাজ ব্যবহার করা হয়।
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের ভিয়েতনামের নিরাপত্তাবিষয়ক বিশেষজ্ঞ নগুয়েন দ্য ফুয়ং বলেন, গত বছর পুরোনো ব্যবস্থাটি আবার চালুর অনুরোধ করেছিল মস্কো। তবে হ্যানয় প্রথমে দ্বিধায় ছিল।

ফুয়ংয়ের মতে, এবারের মোতায়েনের আপাত উদ্দেশ্য জ্বালানি নেওয়া। তবে এতে হ্যানয়ের অবস্থান বদলের ইঙ্গিত মিলছে। ভবিষ্যতে আরও রুশ বিমান মোতায়েনের পথও খুলতে পারে।
এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের মন্তব্যের অনুরোধে ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও হ্যানয়ে রুশ দূতাবাস তাৎক্ষণিকভাবে উত্তর দেয়নি। জাপান ও তাইওয়ানের কাছে রুশ বিমানের উড্ডয়ন নিয়ে মন্তব্যের অনুরোধেও কিছু জানায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর।
শীর্ষ বৈঠকের আগে শক্তি প্রদর্শন
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি রিসার্চের গবেষক চিয়ে চুং বলেন, তাইওয়ানের কাছে রুশ সামরিক বিমান দেখা যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। ১৯৮৬ ও ২০১০ সালেও এমন ঘটনা ঘটেছিল। দুবারই ছিল টিইউ-৯৫ বিমান।
চিয়ে বলেন, রাজনৈতিক তাৎপর্যপূর্ণ এই উড্ডয়নের জন্য আগামীকাল বৃহস্পতিবারের যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়া শীর্ষ বৈঠকের আগের সময়টি বেছে নিয়েছে মস্কো।
এ গবেষকের মতে, বৈঠকের আগে চীন-রাশিয়ার ঘনিষ্ঠ সহযোগিতার চিত্র তুলে ধরাও এর উদ্দেশ্য হয়ে থাকতে পারে। সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
চীন ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে। তাইওয়ানের ওপর বেইজিংয়ের ভূখণ্ডগত দাবিকে মস্কো বারবার সমর্থন জানিয়েছে। চীনের বিমান ও নৌবাহিনী প্রতিদিনই তাইওয়ানের চারপাশে তৎপরতা চালায়।
তাইওয়ানের সামরিক বাহিনীর জেনারেল স্টাফের উপপ্রধান হুয়াং চিহ-ওয়েই আজ রাজধানী তাইপেতে সাংবাদিকদের বলেন, রুশ বিমানগুলোর উড্ডয়ন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিস্থিতির জন্য হুমকি তৈরি করেছে।

ভিয়েতনাম কি চীনকেও বার্তা দিচ্ছে
ভিয়েতনামের নিরাপত্তাবিষয়ক বিশেষজ্ঞ ফুয়ং বলেন, রুশ বিমান মোতায়েনের অনুমতি দেওয়ার পেছনে সামরিক সরঞ্জাম কেনায় সুবিধা পাওয়ার প্রত্যাশা বিবেচনা করে থাকতে পারে হ্যানয়।
ভিয়েতনামের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ রাশিয়া। এ ক্ষেত্রে অন্য সরবরাহকারীদের তুলনায় দেশটি অনেক এগিয়ে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলার পর থেকে ভিয়েতনাম প্রকাশ্যে বিভিন্ন দেশ থেকে অস্ত্র সংগ্রহের চেষ্টা করছে। তবে রুশ যন্ত্রাংশ ও কারিগরি সহায়তার ওপর দেশটি এখনো নির্ভরশীল। রাশিয়া থেকে নতুন সরঞ্জাম সরবরাহ নিয়েও আলোচনা চলছে।
ফুয়ংয়ের মতে, রুশ বিমান মোতায়েনের অনুমতি দিয়ে প্রতিবেশী চীনকেও বার্তা দিয়ে থাকতে পারে হ্যানয়।
ভিয়েতনামের কাম রান উপসাগরে স্নায়ুযুদ্ধের সময় মস্কোর ঘাঁটি ছিল। ভিয়েতনাম যুদ্ধ যখন তুঙ্গে, তখন কাম রান ও দানাংয়ে বিমানঘাঁটি গড়ে তুলেছিল মার্কিন বাহিনী।
গত সেপ্টেম্বরের শেষ দিকে বেইজিং জানায়, লাওসের বিমানবাহিনীর প্রশিক্ষণের জন্য দেশটিতে একটি নতুন সামরিক বিমানক্ষেত্র নির্মাণে সহায়তা করছে চীন।
ফুয়ং বলেন, ভিয়েতনাম প্রকাশ্যে এই পদক্ষেপের সমালোচনা করেনি। তবে প্রশিক্ষণকেন্দ্রটি যাতে সামরিক ঘাঁটিতে পরিণত না হয়, তা নিশ্চিত করতে সেখানকার কার্যক্রম নজরে রাখছে হ্যানয়।
দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকা নিয়েও ভিয়েতনাম ও চীনের মধ্যে বিরোধ রয়েছে। চীনের প্রভাবের ভারসাম্য রক্ষায় রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে প্রায় সময় কৌশলগত সহায় হিসেবে দেখেছে ভিয়েতনাম।
নিরাপত্তা গবেষক ইয়ান স্টোরির মতে, রুশ বোমারু বিমান মোতায়েনের অনুমতি দিয়ে ভিয়েতনাম চীনকে বোঝাতে চাইতে পারে, রাশিয়ার সঙ্গে তার সামরিক সম্পর্ক এখনো শক্তিশালী।





