আড়তের সামনে থরে থরে সাজানো কমলা রঙের পার্সিমন। ক্রেতারা দরদাম করছেন। পছন্দ হলে কিনে নিচ্ছেন। একদিকে ট্রাক থেকে নামানো হচ্ছে ফলের কার্টন, অন্যদিকে চলছে বেচাকেনা। চট্টগ্রাম নগরের স্টেশন রোডের ফলমন্ডিতে এখন এমনই ব্যস্ততা। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবার পার্সিমনের বিক্রি বেড়েছে। কমেছে দামও।

একসময় চড়া দামের কারণে পার্সিমনকে ‘ধনীদের ফল’ বলতেন ব্যবসায়ীরা। মূলত অভিজাত এলাকার দোকানে বিক্রি হতো এই বিদেশি ফল। এখন সেই চিত্র বদলাচ্ছে। ফলমন্ডি থেকে বিভিন্ন এলাকার খুচরা বিক্রেতারা পার্সিমন কিনে নিয়ে যাচ্ছেন।

ক্রেতাদের কাছেও ফলটি পরিচিত হয়ে উঠছে। দুই বছর আগে প্রতি কেজি পার্সিমনের খুচরা দাম ছিল ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা। এখন পাইকারি বাজারে মানভেদে ৪৫০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে দাম ৬০০ থেকে ৮০০ টাকা।

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, দাম কমার পাশাপাশি পার্সিমনের পরিচিতি বাড়ছে। আগে অনেকেই ফলটি চিনতেন না। এখন ক্রেতারা কিনছেন। খুচরা বিক্রেতারাও বেশি পার্সিমন সংগ্রহ করছেন। তবে দেশে এখনো বড় পরিসরে ফলটি আমদানি হচ্ছে না। ভারত থেকে কনটেইনারে কিছু পার্সিমন আসছে।

বিক্রি বেড়েছে ১০ থেকে ১২ শতাংশ

ফলমন্ডির মেসার্স হাটহাজারী ফার্মের কর্ণধার মোহাম্মদ রাশেদ কয়েক বছর ধরে পার্সিমন বিক্রি করছেন। গত বছরের ডিসেম্বরে তাঁর সঙ্গে কথা হয়েছিল এই প্রতিবেদকের। তখন তিনি জানিয়েছিলেন, প্রতিদিন গড়ে ৮০০ কেজি পার্সিমন বিক্রি করেন।

এক বছর পর আবার কথা হয় তাঁর সঙ্গে। এবার তিনি জানালেন, পার্সিমনের বাজার আরও ভালো যাচ্ছে। গত বছরের তুলনায় তাঁর প্রতিষ্ঠানের বিক্রি ১০ থেকে ১২ শতাংশ বেড়েছে। বিশেষ করে খুচরা ব্যবসায়ীরা আগের তুলনায় বেশি ফল কিনছেন।

খুচরা বিক্রেতারা পার্সিমন কিনে নিয়ে যাচ্ছেন। সম্প্রতি চট্টগ্রাম নগরের ফলমন্ডিতে

মোহাম্মদ রাশেদ প্রথম আলোকে বলেন, পার্সিমন এখন ক্রেতাদের কাছে ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছে। আগে অনেকে ফলটি চিনতেন না। এখন মানুষ কিনছেন, খাচ্ছেন। খুচরা ব্যবসায়ীরাও বেশি করে ফলটি সংগ্রহ করছেন। ফলের বিক্রি বেড়েছে।

রাশেদের হিসাবে, ফলমন্ডিতে এখন প্রায় ২০ জন ব্যবসায়ী পার্সিমন বিক্রি করছেন। তাঁর প্রতিষ্ঠানে বর্তমানে প্রতি কেজি পার্সিমন বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৬৫০ টাকায়। বাজারে মূলত ভারতীয় পার্সিমনই পাওয়া যাচ্ছে।

মূলত ভারত থেকে সহজে এই ফল আমদানি করা যাচ্ছে। আমদানি ব্যয় কমেছে। এ কারণে দামও কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর দাম কমার সঙ্গে পার্সিমনের বাজারও বিস্তৃত হচ্ছে। আগে চট্টগ্রাম নগরের খুলশী, নাসিরাবাদ ও কাজীর দেউড়ীর মতো অভিজাত এলাকার দোকানে ফলটির চাহিদা বেশি ছিল।

একই বাজারের মেসার্স আল্লার দয়া স্টোরের অন্যতম কর্ণধার শাহ আলমও জানালেন, এবার পার্সিমনের বেচাকেনা ভালো হচ্ছে। গত বছরের তুলনায় দাম কমেছে। তাঁর মতে, ভারতে এবার ফলন ভালো হওয়ায় সরবরাহ বেড়েছে। এর প্রভাব পড়েছে দামেও।

শাহ আলম প্রথম আলোকে বলেন, বাজারে বিভিন্ন আকারের পার্সিমন রয়েছে। ২০ থেকে ৪০ দানার বিভিন্ন শ্রেণির ফল পাওয়া যাচ্ছে। আকার ও মান অনুযায়ী দামে পার্থক্য হয়। তাঁর প্রতিষ্ঠান সরাসরি পার্সিমন আমদানি করে না। ঢাকার আমদানিকারকদের কাছ থেকে ফল সংগ্রহ করে চট্টগ্রামের বাজারে বিক্রি করে।

দুই বছর ধরে কমছে দাম

পার্সিমনের বাজারদরে গত দুই বছরে বড় পরিবর্তন এসেছে। ২০২৪ সালে চট্টগ্রামের ফলমন্ডিতে প্রতি কেজি পার্সিমনের পাইকারি দাম ছিল ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। খুচরা বাজারে বিক্রি হতো ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়।

২০২৫ সালের ডিসেম্বরে পাইকারি দাম কমে দাঁড়ায় ৭২০ থেকে ৭৮০ টাকায়। খুচরা বাজারে তখন প্রতি কেজি বিক্রি হচ্ছিল ৮৫০ থেকে ৯০০ টাকায়। এবার নভেম্বরেও দাম আরও কমেছে। বর্তমানে পাইকারিতে ৪৫০ থেকে ৬৫০ টাকা এবং খুচরায় ৬০০ থেকে ৮০০ টাকায় পার্সিমন পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য মোহাম্মদ আলমগীর প্রথম আলোকে বলেন, দেশের বাজারে এখন মূলত ভারত থেকে আমদানি করা পার্সিমন বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় মানভেদে প্রতি কেজিতে দাম কমেছে ৫০ থেকে ১০০ টাকা। একই সঙ্গে ফলটির চাহিদাও বেড়েছে।

মূলত ভারত থেকে সহজে এই ফল আমদানি করা যাচ্ছে। আমদানি ব্যয় কমেছে। এ কারণে দামও কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর দাম কমার সঙ্গে পার্সিমনের বাজারও বিস্তৃত হচ্ছে। আগে চট্টগ্রাম নগরের খুলশী, নাসিরাবাদ ও কাজীর দেউড়ীর মতো অভিজাত এলাকার দোকানে ফলটির চাহিদা বেশি ছিল।

গত বছর থেকে হাটহাজারী, পটিয়া, আনোয়ারা, বোয়ালখালীর বাজারেও পার্সিমন যেতে শুরু করে। তবে দাম কমলেও পার্সিমন এখনো তুলনামূলক দামি ফল। বিক্রি বাড়লেও সব শ্রেণির ক্রেতার নাগালে এসেছে, এমনটি বলার সুযোগ নেই বলে মনে করেন ফলমন্ডির ব্যবসায়ীরা।

পার্সিমন দেখতে অনেকটা পাকা গাবের মতো। পাকলে রং হয় উজ্জ্বল হলুদ থেকে কমলা। পাকা পার্সিমন সাধারণত মিষ্টি ও রসালো

চার মাসেই আমদানি ১ লাখ ৪০ হাজার কেজি

বাংলাদেশের বাজারে পার্সিমনের সরবরাহ আমদানিনির্ভর। একসময় জাপান ও থাইল্যান্ড থেকে ফলটি আমদানি করা হতো। এখন বাজারে ভারতীয় পার্সিমনের প্রাধান্য। আমদানির হিসাবেও সেই চিত্র পাওয়া যায়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে ১ লাখ ৪০ হাজার কেজি পার্সিমন আমদানি হয়েছে। আগের ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে আমদানি হয়েছিল ২ লাখ ৬ হাজার কেজি। এবারও আমদানির ৯৯ শতাংশই এসেছে ভারত থেকে।

আগের কয়েক বছরের পরিসংখ্যানেও পার্সিমন আমদানি বৃদ্ধির চিত্র পাওয়া যায়। এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে দেশে মাত্র ১৮ হাজার কেজি পার্সিমন আমদানি হয়েছিল। পরের অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৬৪ হাজার ৬৩০ কেজিতে। ২০২৫-২৬ অর্থবছরে আমদানি দুই লাখ কেজি ছাড়িয়ে যায়।

ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পার্সিমন আমদানিতে পরিবহন খরচ তুলনামূলক কম। ফল আনতে সময়ও লাগে কম। ফলে জাপান কিংবা থাইল্যান্ডের তুলনায় ভারতীয় পার্সিমন কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে।

ভারতের হিমাচল প্রদেশ, কাশ্মীর ও উত্তরাখন্ডে পার্সিমনের চাষ হয়। সাধারণত সেপ্টেম্বরের শেষ দিকে ফলটির মৌসুম শুরু হয়। চলে ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে বাংলাদেশের বাজারেও ভারতীয় পার্সিমনের সরবরাহ বেশি থাকে।

পার্সিমন মূলত পূর্ব এশিয়ার পরিচিত ফল। চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ায় এর ব্যাপক চাষ হয়। জাপানে ফলটি ‘কাকি’ নামে পরিচিত। দেখতে অনেকটা পাকা গাবের মতো। পাকলে রং হয় উজ্জ্বল হলুদ থেকে কমলা। পাকা পার্সিমন সাধারণত মিষ্টি ও রসালো।

চট্টগ্রামের ব্যবসায়ীরা বলছেন, আগে পার্সিমন বিক্রি হতো সীমিত পরিসরে। এখন ফলটি সম্পর্কে ক্রেতাদের আগ্রহ বাড়ছে। তুলনামূলক কম দাম ও ভারতীয় ফলের সরবরাহ বাজার সম্প্রসারণে ভূমিকা রাখছে। এর সঙ্গে খুচরা বিক্রেতাদের অংশগ্রহণ বাড়ায় বেচাকেনাও ভালো হচ্ছে।