পর্তুগালের সর্বশেষ তিন ম্যাচেও দলে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। একটিতে কোচের সিদ্ধান্তে, দুটিতে কােচের ওপর ক্ষোভে তিনি নিজে দল ছেড়ে চলে যাওয়ায়। যার জেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরই নিয়ে ফেলেছেন কিছুদিন আগে।
রোনালদোর আনুষ্ঠানিক অবসরের পর পর্তুগাল প্রথম খেলতে নামল গতকাল রাতে। আর এই ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে রোনালদোবিহীন দলটি। উয়েফা নেশনস লিগে ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল। দেশটির ১০৫ বছরের প্রতিযোগিতামূলক ফুটবল ইতিহাসে এটিই নিজেদের মাঠে সবচেয়ে বড় হার।
পর্তুগালের উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তাই ব্রাগার মাঠে ডেনমার্কের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল অনেকটা উদ্যাপনের উপলক্ষ। সেই উদ্যাপনের বড় অংশজুড়ে ছিলেন রোনালদোই।
চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া এই মহাতারকাকে সম্মান জানাতে ম্যাচের আগে তাঁর ৭ নম্বর জার্সি পরে মাঠে নামেন পর্তুগালের খেলোয়াড়েরা। কিন্তু ম্যাচ শুরু হওয়ার পর সেই আবেগের ছাপ দেখা যায়নি। উল্টো ম্যাচজুড়ে নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে দুয়োও শুনতে হয়েছে পর্তুগিজ ফুটবলারদের।
প্রথমার্ধের ৪৩ মিনিটে ডেনমার্ককে এগিয়ে দেন অধিনায়ক পিয়েরে-এমিল হইবিয়ার্গ। রুবেন দিয়াসের হাতে বল লাগায় পেনাল্টি পেয়েছিল ডেনমার্ক। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় সফরকারীরা। ৫০ মিনিটে দারুণ দলীয় আক্রমণ থেকে ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন রাসমুস হইলুন্দ। সাত মিনিট পর দিয়াসকে কাটিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটিও করেন তিনি।
৭৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসেনের হেডে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। তখন গ্যালারিতে রোনালদোর নামে স্লোগান দিতে শুরু করেন পর্তুগিজ সমর্থকেরা। যোগ করা সময়ে বের্নার্দো সিলভার গোল ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি পর্তুগাল।
ম্যাচ শেষে রোনালদোর অভাব নিয়ে প্রশ্ন করা হয়েছিল কোচ জেসুসকে। উত্তরে তিনি বলেন, ‘কিসের অভাব? সে যদি আর জাতীয় দলে না খেলে, তাহলে ঠিক কিসের অভাব আমরা অনুভব করছি? শুধু আমার সঙ্গ দেওয়ার জন্য কেউ একজন থাকলে সেটা আলাদা কথা। সে তো আর খেলে না, এখানে নেই, নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।’
তবে সমর্থকদের রোনালদোকে মনে পড়া স্বাভাবিক বলেও স্বীকার করেছেন পর্তুগাল কোচ। তাঁর ভাষায়, ‘এর সঙ্গে অন্য কিছুর সম্পর্ক নেই। মানুষ তাকে মিস করবে, ২৩ বছর ধরে জাতীয় দলের হয়ে ক্রিস্টিয়ানো যা অর্জন করেছে, তা কেউ ভুলবে না। এটাই স্বাভাবিক।’
পর্তুগালের এমন হারের জন্য প্রস্তুত ছিলেন না বলেও জানিয়েছেন জেসুস। তিনি বলেন, ‘কেউই সন্তুষ্ট নয়, কেউই খুশি নয়। এখানে হারতে হতে পারে, এমন সম্ভাবনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। ৪-১ গোলে হারব, সেটা তো আরও ভাবিনি।’
প্রতিযোগিতামূলক ম্যাচে নিজেদের মাঠে এর আগে একাধিক গোলের ব্যবধানে মাত্র চারবার হেরেছিল পর্তুগাল। সর্বশেষ এমন হার ছিল ১৯৯৩ সালে, বিশ্বকাপ বাছাইপর্বে ইতালির বিপক্ষে ৩–১ গোলে।
পর্তুগালের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও রোনালদোর। জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে তাঁর গোল ১৪৬টি। গত ২৪ সেপ্টেম্বর নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচটিই ছিল পর্তুগালের হয়ে তাঁর সর্বশেষ উপস্থিতি।
এরপরের ম্যাচে রোনালদোকে বেঞ্চে রেখেছিলেন জেসুস। পরবর্তী ম্যাচেও তাঁকে শুরুর একাদশে রাখার পরিকল্পনা নেই জানানোর পর দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে যান রোনালদো। পরে অভিযোগ করেন কোচ তাঁকে দেওয়া কথা রাখেননি। এসব ঘটনারই একপর্যায়ে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ই বলে দেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী।





