জগদ্ধাত্রী পূজা আর মহানামযজ্ঞ—দুই উৎসবকে ঘিরে রাঙামাটিতে যেন মিলেছে সম্প্রীতির মেলা। শহরের হ্যাপী মোড় থেকে বনরূপা ট্রাফিক মোড় পর্যন্ত বসেছে চার দিনব্যাপী গ্রামীণ পণ্যের মেলা। রঙিন তোরণ পেরিয়ে মেলায় ঢুকতেই চোখে পড়ে সারি সারি দোকান। কোথাও মাটির হাঁড়ি-কলসি, কোথাও সোনালি চুড়ি ও প্রসাধনী, আবার কোথাও কাঁসা-পিতলের তৈজসপত্র। বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর নারী-পুরুষ, শিশু-কিশোরের পদচারণে প্রথম দিন থেকেই জমে উঠেছে মেলা। কেনাকাটা, ঘোরাঘুরি আর নানা পণ্যের পসরা—সব মিলিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো মেলা প্রাঙ্গণে।

















