শ্রমিক অসন্তোষের জেরে আজ বৃহস্পতিবার গাজীপুর ও ঢাকার সাভারের অন্তত ২০টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ করা হয়েছে অর্ধশতাধিক কারখানা। গাজীপুরে আজ সকালে পোশাকশ্রমিকেরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। সাভারের পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত আছে।
গাজীপুর
মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের মাওনা ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন। পরে শিল্প পুলিশ তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় প্রায় ২০ মিনিট মহাসড়কটিতে যান চলাচল ব্যাহত হয়।
একই মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে নেমে আন্দোলনের চেষ্টা করলে পুলিশ তাঁদেরও সরিয়ে দেয়।
শ্রমিক অসন্তোষের কারণে আজ গাজীপুরে ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, আজও বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ কাজ করছে।

এদিকে গাজীপুর শিল্পাঞ্চলের নিরাপত্তায় আজও ১৩ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন স্পেশাল রিজার্ভ ফোর্স (এসআরবি) ও ১২ প্লাটুন আনসার সদস্য মোতায়েন আছেন। তাঁরা মহানগর, জেলা ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারেও বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

সাভার
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় আজ ২৯টি কারখানা বন্ধ আছে। এ ছাড়া আজ সাধারণ ছুটি আছে ১০টি কারখানায়।
১৭টি কারখানার শ্রমিকেরা উপস্থিত হলেও কাজ করছেন না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
আজ সকাল সোয়া ৯টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

আজ সকালে সাভার উপজেলার রেডিও কলোনি, উলাইল ও হেমায়েতপুর এলাকা ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়ে বিভিন্ন কারখানায় উপস্থিত হয়েছেন শ্রমিকেরা। হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় বেশ কয়েকটি কারখানার সামনে বন্ধের নোটিশ টাঙানো আছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন প্রথম আলোকে বলেন, আজ সাভার ও আশুলিয়ার পরিস্থিতি অন্যান্য দিনের তুলনায় অনেক ভালো। কিছু কারখানায় শ্রমিকেরা কাজ করছেন না। তবে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া, গ্রেপ্তার হওয়া শ্রমিক নেতাদের অবিলম্বে মুক্তি দেওয়া এবং সব পক্ষের অংশগ্রহণে অর্থবহ সংলাপের মাধ্যমে চলমান সংকটের সমাধান করাই পোশাকশিল্পে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার একমাত্র কার্যকর পথ।
এদিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার বলেন, কয়েকটি কারখানার শ্রমিকেরা উপস্থিত হলেও কাজ করছেন না। তবে অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভ বা অস্থিতিশীল পরিস্থিতির খবর পাওয়া যায়নি।





