বাংলাদেশের বেশ কিছু নদীতে ডলফিনের দেখা মেলে। হঠাৎ পানির ওপর পিঠটা দেখিয়ে এরা ভেসে ওঠে। মাথার ওপরের ছিদ্র দিয়ে বাতাস নেয়। তারপর আবার ডুব দেয় পানির নিচে। বিশালাকার তিমিও ঠিক একইভাবে পানির ওপর ভেসে উঠে শ্বাস নেয়।

তিমি আর ডলফিনের এমন মিল দেখে তোমার মনে প্রশ্ন জাগতে পারে, এদের মধ্যে কি কোনো আত্মীয়তা আছে? নাকি এরা সম্পূর্ণ আলাদা প্রাণী?

উত্তরটা বেশ মজার। ডলফিন আসলে একধরনের তিমি! অর্থাৎ সব ডলফিনই তিমি, তবে সব তিমি ডলফিন নয়।

তিমি, ডলফিন ও শুশুকের আত্মীয়তা

তিমি, ডলফিন ও শুশুক—তিন ধরনের প্রাণীকেই একসঙ্গে বলা হয় সিটাসিয়ান। এরা সবাই স্তন্যপায়ী প্রাণী। সাধারণত আকারে বড় প্রাণীগুলোকে আমরা তিমি বলি। আর তুলনামূলক ছোট ও চটপটে প্রাণীগুলো পরিচিত ডলফিন নামে। তবে বিজ্ঞানীরা এদের ভাগ করেন একটু অন্যভাবে।

তিমি প্রধানত দুই ধরনের। বেলিন তিমি ও দাঁতওয়ালা তিমি।

বেলিন তিমির মুখে দাঁত থাকে না। এর বদলে থাকে চিরুনির মতো বিশেষ একধরনের ছাঁকনি। নাম বেলিন প্লেট। এই প্লেট দিয়ে সমুদ্রের পানি ছেঁকে ছোট মাছ, ক্রিল ও প্ল্যাঙ্কটন খায় এরা। নীল তিমি ও হাম্পব্যাক তিমি এই দলের সদস্য।

অন্যদিকে দাঁতওয়ালা তিমিদের মুখে থাকে দাঁত। এই দলের সদস্য ডলফিন, শুশুক ও স্পার্ম হোয়েল। অরকা বা কিলার হোয়েলও এই দলের প্রাণী। সবচেয়ে মজার ব্যাপার হলো, অরকা আসলে ডলফিন পরিবারের সবচেয়ে বড় সদস্য! বিশালদেহী এই প্রাণী মাছ, সিল এমনকি অন্য ডলফিনও শিকার করে খায়।

ডলফিনের মুখ সাধারণত সরু। চোয়ালে থাকে সারি সারি দাঁত। এরা দল বেঁধে সাঁতার কাটে।

নীল তিমি এত বড়, ডলফিন এত ছোট!

নীল তিমি আর ডলফিনকে পাশাপাশি দেখলে তাদের আকারের পার্থক্যটা সহজেই বোঝা যাবে। নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। দৈর্ঘ্যে প্রায় ৩০ মিটার পর্যন্ত হতে পারে। অন্যদিকে অনেক ডলফিনের দৈর্ঘ্য দুই থেকে চার মিটার।

ডলফিনের মুখ সাধারণত সরু। চোয়ালে থাকে সারি সারি দাঁত। এরা দল বেঁধে সাঁতার কাটে। পানির নিচে দ্রুত চলাফেরা করতেও বেশ পটু।

আকারে এত পার্থক্য থাকলেও তিমি ও ডলফিনের মধ্যে মিল অনেক। দুটিই স্তন্যপায়ী প্রাণী। অর্থাৎ এরা বাচ্চা প্রসব করে। মায়ের দুধ পান করে বড় হয় বাচ্চারা।

এরা ফুসফুস দিয়ে শ্বাস নেয়। তাই কিছুক্ষণ পরপর পানির ওপরে উঠে বাতাস নিতে হয়। মাথার ওপরের ছিদ্র দিয়ে বাতাস গ্রহণ করে এরা। এই ছিদ্রের নাম ব্লোহোল।

তিমি ও ডলফিন উষ্ণ রক্তের প্রাণী। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে। ফলে শীতল সমুদ্রের পানিতেও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে।

এদের সবচেয়ে কাছের জীবিত আত্মীয় জলহস্তী!

পূর্বপুরুষেরা থাকত ডাঙায়!

এবার একটা মজার তথ্য শোনো। আজকের তিমি ও ডলফিন সারাক্ষণ সমুদ্রে কাটালেও তাদের পূর্বপুরুষেরা বাস করত ডাঙায়!

প্রায় পাঁচ কোটি বছর আগে কিছু স্তন্যপায়ী প্রাণী ধীরে ধীরে পানিতে বসবাসের উপযোগী হয়ে উঠতে শুরু করে। দীর্ঘ বিবর্তনের ফলে তাদের শরীরেও আসে নানা পরিবর্তন। সামনের পা রূপ নেয় পাখনায়। পেছনের পা ক্রমে ছোট হয়ে একসময় বিলুপ্ত হয়। নাকের অবস্থানও বদলে মাথার ওপরের দিকে চলে আসে। এভাবেই স্থলজ প্রাণী থেকে বিবর্তিত হয়ে তৈরি হয় আজকের তিমি ও ডলফিন।

এদের সবচেয়ে কাছের জীবিত আত্মীয়ের নাম শুনলে আরও অবাক হতে পারো। সেটি জলহস্তী! হ্যাঁ, ডাঙা ও পানিতে চলাফেরা করা এই বিশাল প্রাণীর সঙ্গে তিমি ও ডলফিনের আত্মীয়তা রয়েছে। বিবর্তনের ইতিহাসে জলহস্তী ও তিমির একটি অভিন্ন পূর্বপুরুষ ছিল।

প্রাণীদের নামেও আছে মজার ব্যাপার। যেমন পাইলট হোয়েল ও ফলস কিলার হোয়েল। নামের শেষে হোয়েল থাকলেও এরা আসলে ডলফিন পরিবারের সদস্য। আকারে বড় এবং দেখতে তিমির মতো হওয়ায় এদের নামের সঙ্গে হোয়েল যুক্ত হয়েছে।

পরেরবার নদীতে বা সমুদ্রে ডলফিনের দেখা পেলে মনে রেখো, তোমার সামনে থাকা প্রাণীটি আসলে তিমিরই এক আত্মীয়। আর কোটি কোটি বছর আগে এর পূর্বপুরুষেরা হেঁটে বেড়াত ডাঙায়!