দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রশাসনিক ও একাডেমিক মানোন্নয়নের মূল চালিকা শক্তি হলেন প্রধান শিক্ষক। অথচ বর্তমানে দেশের মোট ৬৫ হাজার ৪৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধেকের বেশি প্রতিষ্ঠানে স্থায়ী প্রধান শিক্ষক নেই। সরকারি হিসাবে প্রায় সাড়ে ৩৪ হাজার বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছাড়াই।
এ তীব্র নেতৃত্বসংকট কাটাতে সরাসরি প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হলেও বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু এখনো পরীক্ষার তারিখ ঘোষণা করতে পারেনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফলে একদিকে যেমন বিদ্যালয়গুলোয় প্রশাসনিক ও একাডেমিক স্থবিরতা বাড়ছে, অন্যদিকে চরম অনিশ্চয়তায় দিন কাটছে সাত লক্ষাধিক চাকরিপ্রার্থীর।
সংকটের নেপথ্যে বিজ্ঞপ্তি, আইনি জট ও নেতৃত্বের পরিবর্তন
পিএসসি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩১ আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (নন-ক্যাডার) পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। শুরুতে ২ হাজার ১৬৯টি পদের কথা বলা হলেও পরবর্তীকালে নিয়োগবিধি সংশোধনের কারণে পদসংখ্যা কমিয়ে ১ হাজার ১২২টি স্থায়ী পদের বিপরীতে আবেদন নেওয়া হয়। টেলিটকে ফি জমা দেওয়ার কারিগরি ভোগান্তির কারণে আবেদনের সময়সীমা বাড়িয়ে ওই বছরের ২৬ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।
বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই সহকারী শিক্ষকদের পদোন্নতি ও নিয়োগবিধিসংক্রান্ত রিট এবং আদালতের স্থগিতাদেশের কারণে নিয়োগ কার্যক্রম দীর্ঘ সময় আটকে ছিল। পরবর্তী সময়ে সর্বোচ্চ আদালতের রায়ে আইনি বাধা কাটলেও পিএসসির শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসায় পরীক্ষার আয়োজন আরও পিছিয়ে যায়। তৎকালীন চেয়ারম্যান মোবাশ্বের মোনেম গত ১৮ আগস্ট পদত্যাগ করলে কমিশনের কাজে সাময়িক স্থবিরতা নামে। এরপর ২ সেপ্টেম্বর নতুন চেয়ারম্যান হিসেবে ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া দায়িত্ব নেওয়ার পর পরীক্ষা আয়োজনের বিষয়টি নতুন করে পর্যালোচনায় আসে। তবে কমিশন এখনো সুনির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত করতে পারেনি।
বেকারত্বের চাপ ও ঢাকায় ৭ লাখ প্রার্থীর পরীক্ষা নেওয়ার চ্যালেঞ্জ
এ নিয়োগপ্রক্রিয়া দেশের চাকরির বাজারের এক কঠিন ও গভীর বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। মাত্র ১ হাজার ১২২টি পদের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৭ লাখ প্রার্থী। অর্থাৎ প্রতিটি পদের বিপরীতে লড়বেন গড়ে ৬২৪ চাকরিপ্রার্থী। বেসরকারি খাতে কর্মসংস্থানের স্থবিরতা এবং সরকারি চাকরির প্রতি একক নির্ভরতার কারণেই উচ্চতর ডিগ্রিধারীরাও ১১তম গ্রেডের এ পদে নজিরবিহীন ভিড় জমিয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সামগ্রিক বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিক মনজুর বলেন, যেকোনো পদের নিয়োগপ্রক্রিয়া বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যে সম্পন্ন করা উচিত। প্রার্থীদের অনিশ্চয়তায় রেখে নিয়োগে দেরি করলে সংশ্লিষ্ট বিভাগ, দপ্তর বা কাজের ক্ষেত্রে ব্যবস্থাপনা ও মানের ঘাটতি তৈরি হয়। তবে বর্তমান দীর্ঘসূত্রতার পেছনে সরকার বদলের বিষয়টি কাজ করে থাকতে পারে বলে তিনি মনে করেন।
তারিক মনজুর বলেন, কিছু কিছু নিয়োগে যথেষ্ট যোগ্যতাসম্পন্ন প্রার্থী পাওয়া যায় না বলে পদ খালি থাকে। এ ক্ষেত্রে আবেদনকারীদেরও বিষয় অনুযায়ী দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন তিনি। তাঁর মতে, প্রার্থীদের বিষয়গত যোগ্যতা, উদ্ভাবনী ক্ষমতা, বিশ্লেষণদক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের মতো বিষয়গুলোয় মনোযোগী হতে হবে। পাশাপাশি পদ ও প্রার্থীর এ বিশাল অনুপাত কমানোর জন্য একাডেমিক শিক্ষাক্রম ও চাকরির বাজারের চাহিদার সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি।
অন্যদিকে পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে পিএসসির সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রশ্নফাঁস ও জালিয়াতি রোধের চ্যালেঞ্জ। ২০২৬ সালের ৯ জানুয়ারি অনুষ্ঠিত প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ও কেন্দ্র কন্ট্র্যাক্টের অভিযোগ ওঠার পর পিএসসি বাড়তি সতর্কতা নিয়েছে। নিরবচ্ছিন্ন নজরদারি নিশ্চিত করতে কমিশন কেবল ঢাকা মহানগরীর কেন্দ্রগুলোয় পরীক্ষা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ১ দিনে রাজধানীতে ৭ লাখ পরীক্ষার্থীর আসনবিন্যাস নিশ্চিত করা, পর্যাপ্ত কেন্দ্র জোগাড় করা এবং বিশাল বাজেটের সংস্থান করা কমিশনের জন্য বড় কারিগরি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
নিয়োগ পরীক্ষার সর্বশেষ অগ্রগতি ও তারিখ ঘোষণার বিষয়ে জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান প্রথম আলোকে জানান, এখন পর্যন্ত এ নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারিত হয়নি।
শিক্ষায় প্রভাব ও মন্ত্রণালয়ের তৎপরতা
প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দীর্ঘদিন স্থায়ী প্রধান শিক্ষক না থাকায় জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের দিয়ে ভারপ্রাপ্ত হিসেবে বিদ্যালয় চালানো হচ্ছে। এতে দাপ্তরিক কাজ সামলাতে গিয়ে শিক্ষকেরা নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান করতে পারছেন না। ফলে বিদ্যালয়গুলোয় তদারকি কমছে এবং প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের মৌলিক শিখনদক্ষতা অর্জনে ঘাটতি তৈরি হচ্ছে।
এদিকে প্রধান শিক্ষক নিয়োগের এ জট খুলতে সরকারের উচ্চপর্যায়ে তৎপরতা শুরু হয়েছে। সম্প্রতি পুরান ঢাকার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, সারা দেশে শূন্য থাকা প্রায় সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ দ্রুত পূরণের লক্ষ্যে পিএসসির সঙ্গে আলোচনা করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পদোন্নতির মাধ্যমে শূন্য পদ পূরণের প্রশাসনিক কাজও আনুষ্ঠানিকভাবে শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
তবে চাকরিপ্রার্থী ও শিক্ষাবিদদের মতে, প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হলে কেবল আশ্বাস কিংবা আলোচনা যথেষ্ট নয়। আইনি ও প্রশাসনিক সব জটিলতা কাটিয়ে পিএসসি কবে নাগাদ এই সাত লাখ প্রার্থীর পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করে, এখন সেটিই দেখার বিষয়।





