ঢাকার একটি ক্যাফের মালিক এক বছর ধরে ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না। তিনি বলেন, ‘যতবার ব্যাংকে গেছি, কোনো উত্তর পাইনি।’ তাঁকে শুধু বলা হয়েছে, ব্যাংকে ‘নগদ টাকার সংকট’ আছে। এমন সমস্যায় তিনি একা নন। অন্তত ছয়টি প্রতিষ্ঠানের আমানতকারীরা অভিযোগ করেছেন, সন্তানদের বিয়ে বা মা-বাবার শেষকৃত্যের জন্য জমানো টাকা তাঁরা তুলতে পারছেন না।
বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার বড় একটি অংশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে আছে। এর একটি কারণ শেখ হাসিনা ওয়াজেদের স্বৈরশাসনামলে ব্যাংক থেকে অর্থ লুটপাট। ছাত্রদের নেতৃত্বে ২০২৪ সালের আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার আগে তিনি ১৫ বছর ক্ষমতায় ছিলেন। দুর্নীতির কারণে ব্যাংকগুলোতে খেলাপি ঋণ জমেছে। এসব ঋণের অনেকগুলোই আর ফেরত পাওয়া যাবে না। যাঁরা ব্যাংক চালাতেন, তাঁরাই ব্যাংক থেকে ঋণও নিয়েছেন, এমন ধনকুবেরদের কেউ কারাগারে, কেউ দেশ ছেড়ে পালিয়েছেন।
এখন ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি। তুলনায় ভারতে এই হার ১ দশমিক ৭ শতাংশ, পাকিস্তানে ৫ শতাংশ। ফলে পুরো খাতই কার্যত দেউলিয়া। ব্যাংকের আর্থিক সক্ষমতা মাপার একটি সূচক হলো ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত। বাংলাদেশে এই অনুপাত ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশ।
এই সংকট বাংলাদেশের এক বড় বৈপরীত্যের পরিণতি আরও খারাপ করতে পারে। অর্থাৎ অর্থনীতিতে অগ্রগতি হয়েছে, কিন্তু রাজনীতির অবস্থা খারাপ। বিশ্বের অষ্টম জনবহুল এই দেশে ১৮ কোটি মানুষ বাস করে। ১৯৭১ সালে স্বাধীনতার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলেছিলেন। দেশটি ছিল দরিদ্র, বন্যাপ্রবণ এবং শরণার্থী ছাড়া বিশ্বের বাকি অংশে রপ্তানির মতো পণ্যও ছিল খুব কম। কিন্তু পরে বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে বিস্ময়কর সাফল্য দেখায়। দ্রুত প্রবৃদ্ধি হয়েছে, দারিদ্র্য কমেছে, স্বাস্থ্য ও শিক্ষার দুর্বল অবস্থারও উন্নতি হয়েছে। দুর্বল শাসনব্যবস্থা ও দুর্বল প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও এই অগ্রগতি হয়েছে। বাংলাদেশ কখনো ত্রুটিপূর্ণ গণতন্ত্র, কখনো সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে গেছে।
নবনির্বাচিত সরকার এখন নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। শেখ হাসিনার আওয়ামী লীগের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফেব্রুয়ারির নির্বাচনের পর একটি অন্তর্বর্তী সরকারের জায়গায় ক্ষমতায় এসেছে। এখন ব্যাংকিং খাতের সংকট এবং পোশাকশিল্পে ধর্মঘট—দুই দিক থেকেই বিএনপি অর্থনৈতিক চাপের মুখে। পোশাকশিল্প বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সফল রপ্তানি খাত। দেশে আইনশৃঙ্খলা বজায় রাখতেও সরকারকে বেগ পেতে হচ্ছে।
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা বলার পর রাজধানীতে ৫০টির বেশি হাতে তৈরি বোমা বিস্ফোরিত হয়েছে। সরকারের দাবি, এর পেছনে আওয়ামী লীগ রয়েছে। শেখ হাসিনা হয়তো দেশে ফেরার কথা বলে চাপ তৈরি করছেন। রক্তাক্ত দমন-পীড়নে ভূমিকার জন্য তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড হয়েছে। তবে তিনি সত্যিই ফিরলে নতুন সরকারের বিরুদ্ধে প্রতিবাদের একটি কেন্দ্র হয়ে উঠতে পারেন।
ব্যাংক এমন একটি জায়গা, যেখানে অর্থনীতি ও বাংলাদেশের উত্তপ্ত রাজনীতির যোগ ঘটে। ‘ব্যাংক লুটপাটের যে চোরতান্ত্রিক ধারা ছিল, এখন আমরা সেই উত্তরাধিকার সামলাচ্ছি,’ বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। শেখ হাসিনার শাসনামলে ব্যাংক লুটপাট নিয়ে অন্তর্বর্তী সরকারের জন্য তিনি একটি প্রতিবেদন লিখেছিলেন। দুই ধরনের ব্যাংকে খেলাপি ঋণ বেশি: ইসলামী ব্যাংক, যেখানে ধর্মীয় কারণে সুদ নেওয়া হয় না, এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে। আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের এই দুই ধরনের ব্যাংকেই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। দেশের সাধারণ বাণিজ্যিক ব্যাংকগুলোর অবস্থা তুলনামূলক ভালো।
দেশের বড় ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর একটি ইসলামী ব্যাংক। আওয়ামী লীগ সরকারের সময় নিষিদ্ধ থাকা ইসলামপন্থী বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে ব্যাংকটির সম্পর্ক ছিল। পরে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ তুলে ব্যাংকটি জোর করে এস আলম নামে একটি ব্যবসায়িক গোষ্ঠীর নিয়ন্ত্রণে নেওয়া হয়। এস আলম এ অভিযোগ অস্বীকার করে। গোষ্ঠীটির মালিক মোহাম্মদ সাইফুল আলম মাসুদ শেখ হাসিনার ঘনিষ্ঠ। পরে ব্যাংকটির মোট ঋণের প্রায় অর্ধেক এস আলমের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দেওয়া হয়।
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সিঙ্গাপুরের নাগরিক সাইফুল আলম মাসুদকে আর জনসমক্ষে দেখা যায়নি। জামায়াতে ইসলামী বলেছে, ব্যাংকটির বিরুদ্ধে আনা আগের অভিযোগগুলো সাজানো ছিল। তাদের দাবি, আওয়ামী লীগের পছন্দের লোকদের হাতে ব্যাংকটির নিয়ন্ত্রণ তুলে দিতেই এসব অভিযোগ আনা হয়। মাসুদ অবশ্য কোনো অনিয়মের কথা অস্বীকার করেছেন।
তবে খেলাপি ঋণ বেড়ে যাওয়ার পেছনে কিছুটা বেশি স্বচ্ছতাও কাজ করেছে। ২০১৯ সালে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক ঋণগ্রহীতাদের বকেয়া ঋণের মূল টাকার ২ শতাংশ পরিশোধের সুযোগ দেয়। এরপর তাঁরা এক বছর বাকি কিস্তি না দিয়ে স্থগিত রাখতে পারতেন এবং পুরো ঋণ শোধের জন্য আরও ১০ বছর সময় পেতেন। ২ শতাংশ পরিশোধ করলেই ওই ঋণকে আর খেলাপি হিসেবে ধরা হতো না।
২০২০ সালে আইএমএফ সতর্ক করেছিল, তখন সরকারি হিসাবে খেলাপি ঋণের হার ছিল প্রায় ১০ শতাংশ। কিন্তু প্রকৃত হার এর দ্বিগুণ পর্যন্ত হতে পারে। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময়ে সংজ্ঞা বদলানো হয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, কোনো ঋণের কিস্তি ৯০ দিন বকেয়া থাকলে সেটিকে খেলাপি ধরা হয়। নতুন সংজ্ঞায় এখন খেলাপি ঋণের হার ৩৩ শতাংশ।
ব্যাংকিং সংকট বাংলাদেশের উন্নয়নকে থামিয়ে দিতে পারে। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ২০২৫ সালের প্রায় ১০ শতাংশ থেকে কমে এ বছর ৪ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। ৩৩ বছরের মধ্যে এটি সর্বনিম্ন। এ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগে সাধারণত প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৫ শতাংশ। তবে অন্তর্বর্তী সরকার বলেছিল, আগের এই প্রবৃদ্ধির হিসাব বেশি দেখানো হয়েছিল।
আর্থিক সংকটই প্রবৃদ্ধি কমার একমাত্র কারণ নয়। ইরান যুদ্ধের শুরুর দিকের মাসগুলোতে জ্বালানির ঘাটতিতে কারখানা বন্ধ হয়েছিল। এখন ধর্মঘটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশ্বব্যাংকের ধারণা, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো দারিদ্র্যের হার বাড়বে। এতে কয়েক দশক ধরে দারিদ্র্য কমার যে ধারা ছিল, তা উল্টে যেতে পারে।
এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক জরুরি সহায়তা হিসেবে ব্যাংকগুলোকে ৬২০ কোটি ডলার দিয়েছে। এই অর্থ যথেষ্ট হওয়ার সম্ভাবনা কম। ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান মুডিসের হিসাবে, কয়েক বছর ধরে ব্যাংক খাতে আবার মূলধন জোগাতে হবে। এর পরিমাণ হবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১০ শতাংশ।
নতুন সরকার যে সংস্কারের কাজ ধীরে করছে, তারও কিছু উদ্বেগজনক লক্ষণ দেখা যাচ্ছে। জুনে সংকটে থাকা কিছু ঋণগ্রহীতার ঋণ পুনঃ তফসিলের সুযোগ দেওয়া হয়। নতুন একটি নিয়মে ব্যাংকঋণের সুদ কতটা বাড়াতে পারবে, তা সীমিত করা হয়েছে। ফলে ঝুঁকি অনুযায়ী ঋণের সুদ নির্ধারণ করা ব্যাংকের জন্য কঠিন হচ্ছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা সমস্যাকে পরে সামলানোর জন্য ফেলে রাখছি না। আমরা হিসাবের খাতা ঠিক করার চেষ্টা করছি। কোনো ভালো সম্পদের সহায়তা দরকার হলে এবং কিছু সময় বাড়িয়ে দেওয়া সম্ভব হলে, তাকে ঋণ পরিশোধের সুযোগ দেওয়া যাবে।’
বিদেশ থেকে বড় ধরনের সহায়তা না এলে সমস্যায় থাকা ব্যাংকগুলোতে নতুন করে মূলধন জোগানোর মতো অর্থ সরকারের হাতে কম। কর ফাঁকির ব্যাপকতার কারণে সরকারের রাজস্ব আয় কম। জিডিপির মাত্র ৭ শতাংশ রাজস্ব হিসেবে আদায় করে সরকার। দক্ষিণ এশিয়ার তুলনায়ও এটি খুব কম। উদাহরণ হিসেবে, পাকিস্তান জিডিপির প্রায় ১০ শতাংশ রাজস্ব আদায় করে।
খাদ্য ও জ্বালানিতে ভর্তুকি দেওয়ার কারণে সরকারের বাজেট ঘাটতিও জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ। ফলে সরকারি ব্যয় মেটাতে সরকার ব্যাংকের ওপর, বিশেষ করে বেসরকারি ও তুলনামূলক ভালো মূলধন থাকা ব্যাংকের ওপর নির্ভর করছে। এতে এবং কেন্দ্রীয় ব্যাংকের জরুরি তারল্য সহায়তায় বাজারে অর্থের সরবরাহ বাড়ছে। ফলে মূল্যস্ফীতিও বাড়ছে।
বাংলাদেশের অর্থনীতিতে এখন একদিকে প্রবৃদ্ধি কমছে, অন্যদিকে মূল্যস্ফীতি বাড়ছে। এই অর্থনৈতিক সংকটকে আর রাজনীতি থেকে আলাদা করে দেখা যাচ্ছে না। এক অর্থনীতিবিদের ধারণা, বিএনপির সঙ্গে সম্পর্কিত ধনকুবেরেরা ১৫ বছর ধরে ক্ষমতার বাইরে থেকে নিজেদের পালা আসার অপেক্ষা করছেন। তাঁরা লুটপাটের সুযোগ দীর্ঘদিন আটকে রাখতে চাইবেন না। এতে ব্যাংকগুলোকে ঠিক করার কারণ তৈরি হতে পারে, আবার নতুন একদল ঘনিষ্ঠ ব্যক্তিকে পুরস্কৃত করার পথও খুলতে পারে। সাবেক এক সরকারি কর্মকর্তা বলেন, ‘মূল কথা হলো, বাংলাদেশে আসলে কিছুই বদলায়নি।’
[বিশ্লেষণটি ১৬ নভেম্বর প্রকাশিত]





