আমরা প্রতিদিন নানা ধরনের জিনিস পরিমাপ করি। খাবারে পুষ্টি উপাদানের পরিমাণ, পানিতে ক্ষতিকর ধাতুর উপস্থিতি, ওষুধের কার্যকর উপাদানের মাত্রা কিংবা বাতাসে দূষকের ঘনত্ব—সবকিছু নির্ধারণের জন্য প্রয়োজন সঠিক পরিমাপ। কিন্তু পরীক্ষাগারে কোনো নমুনা বিশ্লেষণ করে যে ফল পাওয়া যায়, তা কতটা নির্ভুল? ফলাফলটি প্রকৃত মানের কাছাকাছি কি না, তা কীভাবে নিশ্চিত হওয়া সম্ভব? এই প্রশ্নগুলোর নির্ভরযোগ্য উত্তর দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রেফারেন্স ম্যাটেরিয়াল বা প্রামাণ্য উপাদান।

মান নির্ধারণ ও সঠিক পরিমাপের গুরুত্ব মানবসভ্যতার ইতিহাসে বহু পুরোনো। প্রাচীনকাল থেকেই ওজন, দৈর্ঘ্য ও পরিমাণ নির্ধারণে ন্যায্যতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সঠিক পরিমাপ শুধু বিজ্ঞানের বিষয় নয়, এটি সততা, ন্যায়বিচার ও মানুষের প্রতি দায়িত্বশীলতার সঙ্গেও সম্পর্কিত।

আধুনিক বিশ্লেষণী রসায়নে এই নীতির বাস্তব প্রয়োগ হলো রেফারেন্স ম্যাটেরিয়াল (RM) এবং সার্টিফায়েড রেফারেন্স ম্যাটেরিয়াল (CRM)। সহজভাবে বললে, এগুলো এমন বিশেষভাবে প্রস্তুত ও পরীক্ষিত উপাদান, যেগুলোর নির্দিষ্ট বৈশিষ্ট্য বা উপাদানের পরিমাণ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য জানা থাকে। পরীক্ষাগারে কোনো নমুনা বিশ্লেষণের পর পাওয়া ফলাফল এসব উপাদানের সঙ্গে তুলনা করা হয়। এর মাধ্যমে পরীক্ষার পদ্ধতি ও ফলাফলের নির্ভরযোগ্যতা যাচাই করা যায়।

রেফারেন্স ম্যাটেরিয়াল এবং সার্টিফায়েড রেফারেন্স ম্যাটেরিয়াল এমন বিশেষভাবে প্রস্তুত ও পরীক্ষিত উপাদান, যেগুলোর নির্দিষ্ট বৈশিষ্ট্য বা উপাদানের পরিমাণ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য জানা থাকে।

কেন প্রয়োজন রেফারেন্স ম্যাটেরিয়াল

ধরা যাক, একটি পরীক্ষাগারে পানির নমুনায় আর্সেনিকের পরিমাণ নির্ণয় করা হচ্ছে। পরীক্ষার ফলাফলে পাওয়া গেল প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রাম আর্সেনিক রয়েছে। কিন্তু পরীক্ষাগারের যন্ত্র বা পদ্ধতি সঠিকভাবে কাজ করছে কি না, তা নিশ্চিত হওয়ার উপায় কী? এ ক্ষেত্রে জানা মানসম্পন্ন একটি রেফারেন্স ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। এর মাধ্যমে দেখা যায়, পরীক্ষাগারটি কতটা নির্ভুল ফলাফল দিতে পারছে। এভাবে রেফারেন্স ম্যাটেরিয়াল পরীক্ষাগারের যন্ত্রের ক্যালিব্রেশন, বিশ্লেষণী পদ্ধতির কার্যকারিতা যাচাই, গুণগত নিয়ন্ত্রণ এবং পরিমাপের নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে সহায়তা করে। বিশেষ করে খাদ্য, ওষুধ, পরিবেশ, চিকিৎসা ও শিল্পকারখানার পরীক্ষাগারে এর প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি।

বিশ্লেষণী রসায়ন এখন আর শুধু প্রচলিত রাসায়নিক পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই। আধুনিক প্রযুক্তির কল্যাণে ডিএনএ বিশ্লেষণ, লিকুইড ক্রোমাটোগ্রাফি-ট্যান্ডেম মাস স্পেকট্রোমেট্রি, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স এবং ইনডাকটিভলি কাপলড প্লাজমা মাস স্পেকট্রোমেট্রির মতো উন্নত প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত কম ঘনত্বের রাসায়নিক উপাদান, বিষাক্ত ধাতু, কীটনাশকের অবশিষ্টাংশ, জীবাণুর জিনগত বৈশিষ্ট্য এবং জটিল জৈব অণু শনাক্ত করা সম্ভব হচ্ছে। ফলে এসব বিশ্লেষণের ফলাফল যাচাই করার জন্য নতুন ধরনের রেফারেন্স ম্যাটেরিয়ালের প্রয়োজনও বাড়ছে।

রেফারেন্স ম্যাটেরিয়াল পরীক্ষাগারের যন্ত্রের ক্যালিব্রেশন, বিশ্লেষণী পদ্ধতির কার্যকারিতা যাচাই, গুণগত নিয়ন্ত্রণ এবং পরিমাপের নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে সহায়তা করে।

একটি ভালো রেফারেন্স ম্যাটেরিয়াল তৈরির জন্য তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত, উপাদানটি সমসত্ত্ব হতে হবে, অর্থাৎ এর বিভিন্ন অংশে নির্ধারিত বৈশিষ্ট্যের উল্লেখযোগ্য পার্থক্য থাকা যাবে না। দ্বিতীয়ত, নির্দিষ্ট সময় পর্যন্ত এর গুণাগুণ স্থিতিশীল থাকতে হবে। তৃতীয়ত, উপাদানটির বৈশিষ্ট্য নির্ভরযোগ্য পদ্ধতিতে নির্ধারণ করতে হবে। এই কাজগুলোকে যথাক্রমে সমসত্ত্বতা পরীক্ষা, স্থায়িত্ব পরীক্ষা ও বৈশিষ্ট্য নির্ধারণ বলা হয়। তবে রেফারেন্স ম্যাটেরিয়াল তৈরি শুধু নমুনা সংগ্রহ ও পরীক্ষা করার বিষয় নয়। কাঁচামাল নির্বাচন, নমুনা প্রস্তুত, সংরক্ষণ, বিশ্লেষণী পদ্ধতি নির্বাচন, বিভিন্ন পরীক্ষাগারের ফলাফল তুলনা এবং পরিসংখ্যানের মাধ্যমে নির্ধারিত মান প্রতিষ্ঠা—প্রতিটি ধাপেই বিশেষ দক্ষতা প্রয়োজন।

প্রথমত, উপাদানটি সমসত্ত্ব হতে হবে, অর্থাৎ এর বিভিন্ন অংশে নির্ধারিত বৈশিষ্ট্যের উল্লেখযোগ্য পার্থক্য থাকা যাবে না। দ্বিতীয়ত, নির্দিষ্ট সময় পর্যন্ত এর গুণাগুণ স্থিতিশীল থাকতে হবে।

গবেষণায় আটটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র

রেফারেন্স ম্যাটেরিয়াল বিষয়ে সাম্প্রতিক একটি বিশেষ গবেষণা সংকলনে মোট ২৭টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। স্প্রিঞ্জার-এ প্রকাশিত এই সংকলন অনুযায়ী, রেফারেন্স ম্যাটেরিয়াল উৎপাদন শুধু রাসায়নিক বিশ্লেষণের একটি কারিগরি কাজ নয়; এটি দীর্ঘ অভিজ্ঞতা, গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের সমন্বিত ক্ষেত্র। সুইডেনের উমেয়া বিশ্ববিদ্যালয় থেকে বিশ্লেষণী রসায়নে পিএইচডি অর্জনকারী বিজ্ঞানী হাকান এমটেবর্গ ২০০৩ সালে বেলজিয়ামে অবস্থিত ইউরোপীয় কমিশনের জয়েন্ট রিসার্চ সেন্টারের রেফারেন্স ম্যাটেরিয়াল ইউনিটে যোগ দেন।

পরবর্তী সময়ে তিনি রেফারেন্স ম্যাটেরিয়াল প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন কার্যক্রমের নেতৃত্ব দেন। তাঁর গবেষণার অন্যতম ক্ষেত্র হলো নতুন ও উদ্ভাবনী ধরনের রেফারেন্স ম্যাটেরিয়াল তৈরি এবং আধুনিক বিশ্লেষণী প্রযুক্তির উন্নয়ন। সাম্প্রতিক সময়ে মাইক্রোপ্লাস্টিকের জন্য রেফারেন্স ম্যাটেরিয়াল তৈরি, সেগুলোর প্রক্রিয়াজাতকরণ এবং পরিমাপপদ্ধতির উন্নয়নেও তিনি কাজ করেছেন। তাঁর ৮০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক ওই বিশেষ সংকলনের গবেষণাপত্রগুলোকে বিষয়বস্তু অনুযায়ী আটটি প্রধান ভাগে সাজানো হয়েছে। এসব গবেষণায় রেফারেন্স ম্যাটেরিয়ালের বহুমুখী ব্যবহার ও ভবিষ্যৎ সম্ভাবনার চিত্র উঠে এসেছে। সেগুলো নিচে আলোচনা করা হলো।

১. খাদ্য সম্পূরক ও পুষ্টিবিজ্ঞানের গবেষণায় উপযুক্ত রেফারেন্স ম্যাটেরিয়াল খুঁজে পাওয়ার জন্য তথ্যভান্ডার তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে গবেষকেরা তাঁদের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত উপাদান সহজে নির্বাচন করতে পারবেন।

২. ডিএনএ-ভিত্তিক বিশ্লেষণে রেফারেন্স ম্যাটেরিয়ালের ব্যবহার নিয়ে গবেষণা হয়েছে। জিনগতভাবে পরিবর্তিত খাদ্য উপাদান শনাক্তকরণ, প্লাজমিড ডিএনএ-ভিত্তিক রেফারেন্স ম্যাটেরিয়াল তৈরি এবং মাছের কাছাকাছি বৈশিষ্ট্যের বিভিন্ন প্রজাতি আলাদা করে শনাক্ত করার ক্ষেত্রে এসব উপাদানের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

বিজ্ঞানী হাকান এমটেবর্গের গবেষণার অন্যতম ক্ষেত্র হলো নতুন ও উদ্ভাবনী ধরনের রেফারেন্স ম্যাটেরিয়াল তৈরি এবং আধুনিক বিশ্লেষণী প্রযুক্তির উন্নয়ন।

৩. শিল্প ও প্রযুক্তি খাতে ব্যবহৃত উপাদানের মান যাচাইয়ে রেফারেন্স ম্যাটেরিয়ালের প্রয়োজনীয়তা আলোচিত হয়েছে। বিশেষ করে ন্যানোম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য নির্ধারণ, তরলে ন্যানোকণার সংখ্যা গণনা, জৈব জ্বালানির মান যাচাই এবং লিথিয়াম-আয়ন ব্যাটারিতে ব্যবহৃত উপাদানের রাসায়নিক গঠন নির্ণয়ে নতুন রেফারেন্স ম্যাটেরিয়াল তৈরির বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি কাচের পাত্র থেকে রাসায়নিক উপাদান নির্গত হয়ে পরীক্ষার ফলাফলে কী ধরনের ভুল বা অনিশ্চয়তা তৈরি করতে পারে, সেটিও গবেষণার বিষয় ছিল।

৪. খাদ্যনিরাপত্তা ও ভোক্তা সুরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। খাদ্যের প্রকৃত উৎস ও পরিচয় নিশ্চিত করা, মুরগির মাংসে নিষিদ্ধ ও ক্ষতিকর অ্যান্টিবায়োটিকের বিপাকজাত অবশিষ্টাংশ শনাক্ত করা, খাদ্যে কীটনাশকের অবশিষ্টাংশ নির্ণয় এবং নতুন খাদ্য উপাদান হিসেবে পোকামাকড়ের প্রোটিনে ক্ষতিকর ধাতু শনাক্ত করার জন্য রেফারেন্স ম্যাটেরিয়াল তৈরির গবেষণা হয়েছে। এ ছাড়া গাঁজাগাছের পাতায় বিষাক্ত মৌলের উপস্থিতি নির্ণয়ের বিষয়টিও আলোচিত হয়েছে।

৫. ক্যালিব্রেশন ও পরিমাপের আন্তর্জাতিক অনুসরণযোগ্যতা নিশ্চিত করার বিষয়ে গবেষণা করা হয়েছে। বিশেষ করে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স পদ্ধতিতে রাসায়নিক উপাদানের পরিমাণ নির্ণয়, ফ্লুরোসেন্স পরিমাপের যন্ত্রের কার্যকারিতা যাচাই এবং বিভিন্ন মৌলের ক্যালিব্রেশন দ্রবণের মান নির্ধারণের বিষয়গুলো এখানে স্থান পেয়েছে।

পরিবেশে ছড়িয়ে পড়া মাইক্রোপ্লাস্টিকের বিষক্রিয়া ও প্রভাব নির্ণয়ের জন্য পলিইথিলিন এবং পলিইথিলিন টেরেফথ্যালেট কণা দিয়ে রেফারেন্স ম্যাটেরিয়াল তৈরির বিষয়টি আলোচিত হয়েছে।

৬. চিকিৎসাবিজ্ঞানে ব্যবহৃত রেফারেন্স ম্যাটেরিয়াল নিয়ে গবেষণা হয়েছে। রোটাভাইরাস শনাক্তকরণ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত HbA1c পরীক্ষা, আলঝেইমার রোগের সঙ্গে সম্পর্কিত অ্যামাইলয়েড বিটা অণু শনাক্তকরণ এবং ফেনাইলকিটোনিউরিয়া রোগ নির্ণয়ে নির্ভরযোগ্য পরিমাপ নিশ্চিত করার জন্য এসব উপাদানের উন্নয়ন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানবদেহে বিভিন্ন রাসায়নিক উপাদানের উপস্থিতি নির্ণয়ের ক্ষেত্রেও মাননিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

৭. বিভিন্ন পরীক্ষাপদ্ধতিতে একই রেফারেন্স ম্যাটেরিয়াল ব্যবহার করলে ফলাফলে কতটা সামঞ্জস্য পাওয়া যায়, তা নিয়ে গবেষণা হয়েছে। রক্তে ভিটামিন ডি নির্ণয় এবং মানুষের রক্তে বিভিন্ন ধাতুর ঘনত্ব পরিমাপের ক্ষেত্রে রেফারেন্স ম্যাটেরিয়ালের কার্যকারিতা মূল্যায়ন করা হয়েছে।

৮. পরিবেশবিষয়ক গবেষণায় রেফারেন্স ম্যাটেরিয়ালের ব্যবহার গুরুত্ব পেয়েছে। পরিবেশে ছড়িয়ে পড়া মাইক্রোপ্লাস্টিকের বিষক্রিয়া ও প্রভাব নির্ণয়ের জন্য পলিইথিলিন এবং পলিইথিলিন টেরেফথ্যালেট বা পিইটির কণা দিয়ে রেফারেন্স ম্যাটেরিয়াল তৈরির বিষয়টি আলোচিত হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন পরিবেশে থাকার ফলে ক্ষয়প্রাপ্ত প্লাস্টিক কণার বৈশিষ্ট্য নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মাছের দেহে পারদের বিভিন্ন রাসায়নিক রূপের উপস্থিতি ও পরিমাণ নির্ণয়ের জন্য রেফারেন্স ম্যাটেরিয়াল তৈরির গবেষণাও অন্তর্ভুক্ত হয়েছে।

পিটির নমুনা প্রস্তুত করার সময়ও সমসত্ত্বতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে হয়। কারণ, বিভিন্ন পরীক্ষাগারে পাঠানো নমুনার মধ্যে যদি উল্লেখযোগ্য পার্থক্য থাকে, তাহলে ফলাফলের তুলনা নির্ভরযোগ্য হবে না।

পরীক্ষাগার ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সহযোগিতা

এসব গবেষণা থেকে বোঝা যায়, রেফারেন্স ম্যাটেরিয়ালের চাহিদা এখন অনেক বিস্তৃত। খাদ্য, ওষুধ, পরিবেশ, চিকিৎসা, শিল্প এবং আধুনিক প্রযুক্তি—প্রায় প্রতিটি ক্ষেত্রেই নির্ভরযোগ্য পরিমাপের জন্য এর প্রয়োজনীয়তা রয়েছে। তবে একটি প্রতিষ্ঠান এককভাবে সব ধরনের রেফারেন্স ম্যাটেরিয়াল তৈরি করতে পারে না। এখানে দক্ষতা যাচাই বা প্রফিসিয়েন্সি টেস্টিংয়ের (পিটি) বিষয়টিও গুরুত্বপূর্ণ। পিটি হলো এমন একটি ব্যবস্থা, যেখানে একই ধরনের নমুনা বিভিন্ন পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষাগারগুলো নমুনা বিশ্লেষণ করে ফলাফল জমা দেয়। পরে সেসব ফলাফল তুলনা করে সংশ্লিষ্ট পরীক্ষাগারের দক্ষতা ও কার্যকারিতা মূল্যায়ন করা হয়। কিন্তু পিটির নমুনা প্রস্তুত করার সময়ও সমসত্ত্বতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে হয়। কারণ, বিভিন্ন পরীক্ষাগারে পাঠানো নমুনার মধ্যে যদি উল্লেখযোগ্য পার্থক্য থাকে, তাহলে ফলাফলের তুলনা নির্ভরযোগ্য হবে না। তাই পিটি নমুনা প্রস্তুতকারক এবং রেফারেন্স ম্যাটেরিয়াল উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন।

নতুন প্রযুক্তির সঙ্গে নতুন চ্যালেঞ্জ

বর্তমানে আধুনিক বিশ্লেষণী প্রযুক্তির মাধ্যমে একটি নমুনা থেকেই বিপুল পরিমাণ রাসায়নিক তথ্য পাওয়া সম্ভব হচ্ছে। বিশেষ করে নন-টার্গেটেড অ্যানালাইসিসের মাধ্যমে আগে থেকে নির্দিষ্ট করে না রাখা অসংখ্য রাসায়নিক উপাদান শনাক্ত করার চেষ্টা করা হয়। ফলে গবেষণায় তথ্যের পরিমাণ বাড়লেও সেসব তথ্যের যথার্থতা যাচাই করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এ ক্ষেত্রে অভিন্ন বা সাধারণ নমুনা ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিভিন্ন গবেষক ও পরীক্ষাগার যদি একই ধরনের নমুনা বিশ্লেষণ করেন, তাহলে তাঁদের ফলাফল তুলনা করা সহজ হবে। এর মাধ্যমে গবেষণার ফলাফলের বিশ্বাসযোগ্যতা এবং বিভিন্ন পরীক্ষাগারের মধ্যে সামঞ্জস্য বাড়ানো সম্ভব।

প্রফিসিয়েন্সি টেস্টিং বা পিটি হলো এমন একটি ব্যবস্থা, যেখানে একই ধরনের নমুনা বিভিন্ন পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষাগারগুলো নমুনা বিশ্লেষণ করে ফলাফল জমা দেয়।

বাংলাদেশের প্রেক্ষাপটে করণীয়

বাংলাদেশে খাদ্যনিরাপত্তা, নিরাপদ পানি, পরিবেশদূষণ, ওষুধের গুণগত মান এবং শিল্পপণ্যের মান যাচাইয়ের জন্য নির্ভরযোগ্য পরীক্ষার প্রয়োজন দিন দিন বাড়ছে। কিন্তু শুধু আধুনিক যন্ত্রপাতি স্থাপন করলেই নির্ভুল পরিমাপ নিশ্চিত হয় না। যন্ত্রের সঠিক ক্যালিব্রেশন, পরীক্ষাপদ্ধতির বৈধতা যাচাই, উপযুক্ত রেফারেন্স ম্যাটেরিয়ালের ব্যবহার এবং নিয়মিত দক্ষতা যাচাইও সমান গুরুত্বপূর্ণ।

এ ক্ষেত্রে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম)-এর মতো প্রতিষ্ঠানের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দেশের প্রয়োজন অনুযায়ী পিএইচ বাফার, পানিতে বিভিন্ন মৌলের মান নির্ধারণ, খাদ্য ও পরিবেশের দূষক বিশ্লেষণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রেফারেন্স ম্যাটেরিয়াল উন্নয়নের উদ্যোগ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি পরীক্ষাগার, শিল্পপ্রতিষ্ঠান এবং রেফারেন্স ম্যাটেরিয়াল উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তুলতে হবে।

গবেষণার বিষয় নির্বাচন থেকে শুরু করে নমুনা সংগ্রহ, বৈশিষ্ট্য নির্ধারণ ও সার্টিফিকেশন পর্যন্ত প্রতিটি ধাপে যৌথ উদ্যোগ প্রয়োজন। রেফারেন্স ম্যাটেরিয়াল উৎপাদনকে শুধু একটি পরীক্ষাগারভিত্তিক কার্যক্রম হিসেবে দেখার সুযোগ নেই। এটি দেশের সামগ্রিক পরিমাপব্যবস্থার মান উন্নয়ন, আন্তর্জাতিক বাণিজ্যে আস্থা সৃষ্টি, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণার গ্রহণযোগ্যতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।

দেশের প্রয়োজন অনুযায়ী পিএইচ বাফার, পানিতে বিভিন্ন মৌলের মান নির্ধারণ, খাদ্য ও পরিবেশের দূষক বিশ্লেষণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রেফারেন্স ম্যাটেরিয়াল উন্নয়ন জোরদার করা প্রয়োজন।

ভবিষ্যতে নতুন নতুন বিশ্লেষণী প্রযুক্তি আসবে, গবেষণার ক্ষেত্র আরও বিস্তৃত হবে এবং পরীক্ষার মাধ্যমে আরও বেশি তথ্য পাওয়া যাবে। কিন্তু সেই তথ্য কতটা নির্ভরযোগ্য, তা নিশ্চিত করার প্রয়োজন কখনো কমবে না। তাই রেফারেন্স ম্যাটেরিয়ালের উন্নয়ন ও ব্যবহারকে গবেষণা, শিল্প এবং জনস্বার্থের একটি অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করতে হবে। সঠিক পরিমাপের ভিত্তি হলো নির্ভরযোগ্য মানদণ্ড। আর সেই মানদণ্ড প্রতিষ্ঠায় রেফারেন্স ম্যাটেরিয়ালের বিকল্প নেই।

লেখক: বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম)

সূত্র: Emteborg, H. (2025). Reference materials in analytical chemistry. Analytical and Bioanalytical Chemistry, 417, 2375–2377.