নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তি এবং দেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক মানুষের মতপ্রকাশ ও বাক্‌স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করার কারণে নিবর্তনমূলক আইনে গ্রেপ্তার বন্ধ করতে হবে। একই সঙ্গে সাইবার সুরক্ষা আইনের খসড়া থেকে নিবর্তনমূলক ধারাগুলো বাতিল করতে হবে।

আজ শনিবার সকালে ‘মতপ্রকাশ ও বাক্‌স্বাধীনতা ব্যবস্থার সংকট’ শীর্ষক এক আলোচনা সভায় এ সুপারিশগুলো তুলে ধরা হয়েছে। জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই আলোচনা সভার আয়োজন করে মানবাধিকার সংগঠন অধিকার।

আলোচনায় সভায় মূল প্রবন্ধে বলা হয়, গণ–অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় মতপ্রকাশ ও বাক্‌স্বাধীনতা নিয়ে নিপীড়ন প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে আট ব্যক্তিকে মতপ্রকাশের কারণে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর পরিবার, মন্ত্রী, সংসদ সদস্য কিংবা তাঁর সরকারের সমালোচনা বা কটূক্তির অভিযোগ এনে তাঁদের বিরুদ্ধে নিবর্তনমূলক সাইবার নিরাপত্তা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। এ ছাড়া অনেকের বিরুদ্ধে মতপ্রকাশের কারণে মামলা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

অধিকারের পরিচালক এ এস এম নাসিরউদ্দিন এলানের সঞ্চালনায় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, ইংরেজি দৈনিক নিউ এজের উপসম্পাদক শহীদুজ্জামান, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য মো. শরীফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সভার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিকারের পরিচালক তাসকিন ফাহমিনা।

বাক্‌স্বাধীনতা ও মতপ্রকাশের ওপর গুরুতর হুমকি সৃষ্টি করবে

মূল প্রবন্ধে বলা হয়, প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়ায় সরকার এমন কিছু বিধান অন্তর্ভুক্ত করেছে, যা নাগরিকের মৌলিক অধিকার, বাক্‌স্বাধীনতা ও স্বাধীন মতপ্রকাশের ওপর গুরুতর হুমকি সৃষ্টি করবে এবং শব্দের অস্পষ্টতা বা আইনের অপব্যবহার ভিন্নমত দমনের সুযোগ তৈরি করবে। খসড়া আইনে হ্যাকিং, ম্যালওয়্যার বা গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোয় হামলার অপরাধের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। বড় পরিবর্তনগুলো হয়েছে নাগরিকেরা অনলাইনে কী বলতে পারবেন, কী শেয়ার করতে পারবেন এবং সরকার কী মুছে দিতে পারবে, সেসব জায়গায়।

সাইবার সুরক্ষা আইন সংশোধনের মাধ্যমে ‘গুজব’, ‘অপতথ্য’ ও ‘মানহানিকর তথ্য’কে অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব করা হয়েছে উল্লেখ করে মূল প্রবন্ধে বলা হয়, এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ফলে মুক্ত আলোচনা ও বিতর্কের পথ সংকুচিত হবে এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর ভীতিকর প্রভাব সৃষ্টি হবে। এটি সাইবার সুরক্ষা নয়; বরং মানুষের কথা, পোস্ট, শেয়ার, মতপ্রকাশ ও সমালোচনা নিয়ন্ত্রণ করার আইন। প্রস্তাবিত আইনটি পাস হলে সাইবারজগতে নজরদারি ও দমনমূলক পদক্ষেপ বাড়ার ঝুঁকি তৈরি হবে। এতে মতপ্রকাশ ও বাক্স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

সংশোধনী কোন পর্যায়ে আছে

সাইবার সুরক্ষা আইনে কিছু সংশোধনী আনার উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভা থেকে একটি সাব–কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি অংশীজনদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছে। সর্বশেষ সাংবাদিকদের সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেছে। সাংবাদিকেরা তাঁদের উদ্বেগের বিষয়গুলো বলেছেন। তাঁদের সুপারিশগুলো লিখিতভাবে দিতে বলা হয়েছে। এ জন্য আমাকে সমন্বয় করতে বলা হয়েছিল।’

সৈয়দ আবদাল আহমদ আরও বলেন, ‘১৫টি সংগঠনের সঙ্গে আলোচনা করেছি এবং তারা নিজেরাও নিজেদের মধ্যে বৈঠক করে পরবর্তী সময় লিখিতভাবে সবাই সরকারের কাছে সুপারিশমালা পেশ করেছে। সেই সুপারিশের ভিত্তিতে সাব–কমিটি বেশ কিছু সুপারিশ গ্রহণ করেছে। তারা কী কী করেছে, তা ওয়েবসাইটেও দেওয়া হয়েছে; যাতে এ ব্যাপারে আরও কোনো সুপারিশ আছে কি না, তা তুলে ধরার জন্য। এই পর্যায়ে আছে, যতটুকু আমি জানি এবং দেখেছি।’ এ আইনটি যাতে মতপ্রকাশ হরণের কারণ না হয়ে দাঁড়ায়—এমনটাই তিনি আশাবাদ ব্যক্ত করেন।