১২ নভেম্বর, বৃহস্পতিবার। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে তখন কর্মদিবসের ব্যস্ত দুপুর। হঠাৎ করেই অনেক ব্যবহারকারী খেয়াল করলেন, তাঁরা আউটলুকে ই-মেইল খুলতে পারছেন না। কেউ নতুন মেইল পাঠাতে পারছেন না, আবার কেউ পাচ্ছেন না জরুরি বার্তা। একই সঙ্গে অচল হয়ে পড়ে টিমসের ক্যালেন্ডারসহ বেশ কিছু ফিচার, শেয়ারপয়েন্ট এবং কোপাইলটসহ মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন সেবা।
শুরুর দিকে মাইক্রোসফট জানিয়েছিল, সমস্যাটি শুধু আমেরিকা মহাদেশের ব্যবহারকারীদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। কিন্তু অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি স্বীকার করতে বাধ্য হয়, পৃথিবীর যেকোনো প্রান্তের ব্যবহারকারীরাই সাময়িক এই সমস্যায় পড়তে পারেন। অনলাইন সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে অন্তত ৭৪টি দেশ ও অঞ্চল থেকে বিভ্রাটের খবর জমা পড়ে। মাইক্রোসফটের বিভিন্ন সেবা মিলিয়ে প্রায় ১ লাখ ৪০ হাজার ব্যবহারকারী সমস্যার মুখোমুখি হয়েছেন বলে জানান।
এই বিপর্যয়ের প্রভাব শুধু ব্যক্তিগত ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। অফিস, আদালত, হাসপাতাল থেকে শুরু করে ছোট ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় এক দিনেরও বেশি সময় ধরে আউটলুকে ই-মেইল ব্যবহারে সমস্যা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের প্রতিদিনের কাজের বড় অংশ অনলাইন যোগাযোগের ওপর নির্ভরশীল, তাদের অনেককেই একই সময়ে এই ভোগান্তিতে পড়তে হয়েছে।
প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এক্সচেঞ্জ অনলাইনের কিছু সার্ভার স্বয়ংক্রিয় হেলথ চেকে ব্যর্থ হয়ে বন্ধ হয়ে যায়। সহজ কথায়, হেলথ চেক হলো সার্ভারের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা।
তবে এই বিপর্যয়ের পেছনে কোনো সাইবার হামলা বা নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নেই বলে দাবি করছে মাইক্রোসফট। এমনকি কোনো এআই এজেন্টেরও এতে ভূমিকা নেই। প্রাথমিক ব্যাখ্যায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, নেটওয়ার্কের ধারণক্ষমতা বাড়ানোর জন্য আগে একটি আপগ্রেড করা হয়েছিল। সেই আপগ্রেডের সময়ই সার্ভারে একটি সফটওয়্যার বাগ তৈরি হয়। পরে নেটওয়ার্কে আরেকটি পরিবর্তন আনা হলে সেই ত্রুটি প্রকাশ্যে চলে আসে। তবে মাইক্রোসফট বলছে, এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। তাই এখন পর্যন্ত পাওয়া ব্যাখ্যাকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই।
প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এক্সচেঞ্জ অনলাইনের কিছু সার্ভার স্বয়ংক্রিয় ‘হেলথ চেকে’ ব্যর্থ হয়ে বন্ধ হয়ে যায়। সহজ কথায়, হেলথ চেক হলো সার্ভারের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। এর মাধ্যমে বোঝা যায় কোনো সার্ভার ঠিকভাবে কাজ করছে কি না। আর কোনো গোলযোগ দেখলে প্রয়োজনে তার কাজের চাপ অন্য সার্ভারে সরিয়ে নেওয়া হয়।
কিন্তু এবার একসঙ্গে বেশ কিছু সার্ভার অকার্যকর হয়ে পড়ায় বাকি সার্ভারগুলোর ওপর হঠাৎ প্রচণ্ড চাপ বেড়ে যায়। নিরাপদ সংযোগ স্থাপনের দায়িত্বে থাকা ব্যবস্থাগুলোও অতিরিক্ত চাপে পড়ে। একই সময়ে বিপুলসংখ্যক কম্পিউটার ও স্মার্টফোন বারবার নতুন করে সংযোগ পাওয়ার চেষ্টা করতে থাকে। এভাবে একটি ছোট সমস্যা ধীরে ধীরে বড় আকার ধারণ করে পুরো ব্যবস্থায় ছড়িয়ে পড়ে। প্রযুক্তির ভাষায় একে বলা হয় ক্যাসকেডিং ফেইলিউর বা ধারাবাহিক ব্যর্থতা।
প্রাথমিক ব্যাখ্যায় মাইক্রোসফট জানিয়েছে, নেটওয়ার্কের ধারণক্ষমতা বাড়ানোর জন্য আগে একটি আপগ্রেড করা হয়েছিল। সেই আপগ্রেডের সময়ই সার্ভারে একটি সফটওয়্যার বাগ তৈরি হয়।
এখন প্রশ্ন আসতে পারে, একাধিক সেবা একসঙ্গে ভেঙে পড়ল কেন? কারণ, পর্দায় আমরা আলাদা আলাদা অ্যাপ দেখলেও পেছনের মূল অবকাঠামোর বড় একটি অংশ আসলে অভিন্ন। ফলে এক্সচেঞ্জ অনলাইনের ওপর নির্ভরশীল সেবাগুলোই বেশি আক্রান্ত হয়। যেমন টিমসের ক্যালেন্ডার, মিটিং নির্ধারণ বা শিডিউলিং, কোপাইলট ও ডিফেন্ডারের কিছু ফিচার। অন্যদিকে যেসব অংশ এক্সচেঞ্জ অনলাইনের ওপর নির্ভর করে না, সেগুলো কিন্তু সচলই ছিল। তাই টিমসের চ্যাট ও কল বেশির ভাগ ক্ষেত্রে ঠিকঠাক কাজ করেছে।
সাধারণত কম্পিউটার বা সার্ভার বন্ধ করে আবার চালু করলে অনেক সময় সমস্যা মিটে যায়। কিন্তু এত বড় ক্লাউড অবকাঠামোতে হুট করে তা করতে গেলে উল্টো বিপদ ঘটে। দীর্ঘ সময় সেবা বন্ধ থাকলে ব্যবহারকারীদের ডিভাইসগুলো বারবার সেখানে ঢোকার চেষ্টা করতে থাকে। ফলে সেবা ফিরে আসার মুহূর্তে সবাই একসঙ্গে ঢুকতে চাইলে সার্ভারের ওপর নতুন করে প্রচণ্ড চাপ পড়ে। প্রযুক্তির ভাষায় একে বলা হয় রিট্রাই স্টর্ম বা পুনঃসংযোগের ঝড়।
এই ঝুঁকি এড়াতেই মাইক্রোসফট প্রথমে তাদের সর্বশেষ নেটওয়ার্ক আপডেটটি বাতিল করে আগের অবস্থায় ফিরিয়ে নেয়। এরপর হেলথ চেকের বিকল্প পদ্ধতি পরীক্ষা করে দেখে এবং আক্রান্ত সার্ভারগুলো ধাপে ধাপে চালু করতে শুরু করে। ব্যবহারকারীদের চাহিদা বিবেচনা করে প্রতিটি ধাপে সার্ভারের স্থিতিশীলতা যাচাই করা হয়েছে। এতে সময় একটু বেশি লেগেছে ঠিকই, কিন্তু নতুন করে বড় বিপর্যয়ের ঝুঁকি কমানো গেছে।
প্রতিষ্ঠানটির প্রাথমিক হিসাবে, উৎপাদনশীলতার ক্ষতি প্রায় ৭০০ কোটি ডলারের কাছাকাছি হতে পারে। এর সঙ্গে গ্রাহকদের সাবস্ক্রিপশন ফি ফেরতের দাবি যুক্ত হলে ক্ষতির অঙ্কটা আরও বাড়বে।
এই বিপর্যয়ে ঠিক কতটা ক্ষতি হয়েছে, তার নির্ভরযোগ্য পূর্ণাঙ্গ হিসাব এখনো প্রকাশিত হয়নি। এখন পর্যন্ত যেসব সংখ্যা পাওয়া যাচ্ছে, সেগুলোর সবই মূলত প্রাথমিক অনুমান। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, সর্বোচ্চ ৪৩ কোটি মাইক্রোসফট ব্যবহারকারী কোনো না কোনো পর্যায়ে এই সমস্যার মুখে পড়ে থাকতে পারেন। তবে অনেকের কাছে এটি ছিল কেবলই বিরক্তির কারণ, এতে তাঁদের প্রকৃত কাজের কোনো ক্ষতি হয়নি।
আর ডাউনডিটেক্টরের সংখ্যাও মোট ক্ষতিগ্রস্ত মানুষের হিসাব নয়, এটি কেবল ব্যবহারকারীদের জমা দেওয়া অভিযোগের সংখ্যা। বাস্তবে কাজের ব্যাঘাত কতটা ঘটেছে, তার একটি হিসাব দিয়েছে যুক্তরাষ্ট্রের মিশিগানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অ্যান্ডারসন ইকোনমিক গ্রুপ। তাদের অনুমান অনুযায়ী, বৃহস্পতিবার প্রায় ২ কোটি ৬০ লাখ এবং শুক্রবার প্রায় ৫ কোটি ১০ লাখ ব্যবহারকারী সরাসরি কাজের ক্ষতির শিকার হয়েছেন।
আর্থিক ক্ষতির দিকটিও কম নয়। প্রতিষ্ঠানটির প্রাথমিক হিসাবে, উৎপাদনশীলতার ক্ষতি প্রায় ৭০০ কোটি ডলারের কাছাকাছি হতে পারে। এর সঙ্গে গ্রাহকদের সাবস্ক্রিপশন ফি ফেরতের দাবি যুক্ত হলে ক্ষতির অঙ্কটা আরও বাড়বে। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট প্যাট্রিক অ্যান্ডারসনের মতে, প্রকৃত ক্ষতি এই প্রাথমিক অনুমানের চেয়ে বাড়ার সম্ভাবনাই বেশি।
গবেষণা প্রতিষ্ঠান অ্যান্ডারসন ইকোনমিক গ্রুপের অনুমান অনুযায়ী, বৃহস্পতিবার প্রায় ২ কোটি ৬০ লাখ এবং শুক্রবার প্রায় ৫ কোটি ১০ লাখ ব্যবহারকারী সরাসরি কাজের ক্ষতির শিকার হয়েছেন।
বাস্তব ক্ষেত্রেও এর প্রভাব পড়েছে চোখে পড়ার মতো। আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স থেকে শুরু করে অস্ট্রেলিয়ার পুলিশ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম ব্যাহত হয়েছে। জার্মানির রাষ্ট্রীয় রেল সংস্থা ডয়চে বান তাদের পুনর্নির্ধারিত সূচি আটকে রাখতে বাধ্য হয়েছে। বৈদ্যুতিক যান নির্মাতা ওয়ার্কহর্স গ্রুপ তাদের আয়-সংক্রান্ত জরুরি সভা সোমবার পর্যন্ত পিছিয়ে দিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের কলোরাডোর এক শেরিফ কার্যালয়ে জামিনের অর্থ প্রদানও বিলম্বিত হয়েছে এই বিভ্রাটের কারণে।
১৩ নভেম্বর মাইক্রোসফট জানায়, বিভিন্ন অঞ্চলে সেবা পুনরুদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অপেক্ষমাণ ই-মেইলের সংখ্যাও স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে। তবে কিছু অঞ্চলে সেবা পুরোপুরি নিরবচ্ছিন্ন হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা শুধু কারিগরি ত্রুটির মধ্যেই সীমাবদ্ধ নয়। আধুনিক বিশ্বে অল্প কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের অবকাঠামোর ওপর এখন অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে একটি প্রতিষ্ঠানের নেটওয়ার্ক বা ক্লাউডে সমস্যা হলে তার প্রভাব মুহূর্তেই হাজারো প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।
১৩ নভেম্বর মাইক্রোসফট জানায়, বিভিন্ন অঞ্চলে সেবা পুনরুদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অপেক্ষমাণ ই-মেইলের সংখ্যাও স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে।
এ ধরনের একক নির্ভরতার ঝুঁকি কমাতে প্রযুক্তি বিশেষজ্ঞরা বেশ কিছু ব্যবস্থার কথা বলেন। প্রথমত, রিডানড্যান্সি বা বিকল্প সক্ষমতা নিশ্চিত করা—অর্থাৎ কোনো গুরুত্বপূর্ণ অংশ নষ্ট হলেও যেন বিকল্প ব্যবস্থা দিয়ে কাজ চালানো যায়। যেমন, একটি সার্ভার অচল হলে অন্যটি যেন তাৎক্ষণিক দায়িত্ব নিতে পারে। দ্বিতীয়ত, জরুরি যোগাযোগের জন্য শুধু ই-মেইলের ওপর নির্ভর না করে এর বাইরে আলাদা মাধ্যম রাখা।
তৃতীয়ত, একটিমাত্র প্ল্যাটফর্মের ওপর পুরোপুরি নির্ভর না করে একাধিক ক্লাউড সেবা ব্যবহার করা এবং গুরুত্বপূর্ণ তথ্যের স্বাধীন ব্যাকআপ আলাদা জায়গায় সংরক্ষণ করা। পাশাপাশি প্রয়োজনীয় কাজের জন্য আগে থেকেই অফলাইন বা বিকল্প পদ্ধতি তৈরি রাখা জরুরি। বড় কোনো বিপর্যয় ঘটলে ঠিক কী করতে হবে, তার একটি দুর্যোগ-পুনরুদ্ধার পরিকল্পনা আগেভাগে ঠিক করে রাখাও প্রয়োজন। অবশ্য এসব ব্যবস্থার জন্য বাড়তি অর্থ, কারিগরি দক্ষতা ও সুদূরপ্রসারী পরিকল্পনা লাগে।
আমরা যত বেশি ক্লাউড, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অনলাইন সেবার ওপর নির্ভরশীল হচ্ছি, ততই এসবের পেছনের অবকাঠামোর স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভবিষ্যতের পৃথিবীতে প্রযুক্তি কতটা শক্তিশালী, সেটিই শুধু বড় প্রশ্ন নয়; প্রযুক্তি ব্যর্থ হলে পৃথিবী কতটা সচল থাকতে পারবে, সেটিও সমান গুরুত্বপূর্ণ।






