ভালো বিছানার চাদর, দামি তোয়ালে কিংবা পছন্দের পোশাকও তুলে রাখা হয় বিশেষ দিনের জন্য। নিজের বা পরিবারের জন্য কখনোই ভালো জিনিসগুলো আমরা ব্যবহার করি না কেন?

আলমারির কাচের দরজার ওপাশে যত্ন করে সাজানো সুন্দর ডিনার সেট। একই নকশার প্লেট, বাটি, কাপ—সবই আছে। তবে কেবল অতিথিরাই পান সেগুলো ব্যবহারের সুযোগ। একে অপরের সঙ্গে বেমিল বা সাধারণ নকশা আর পুরোনো হয়ে যাওয়া বাসনে চলে পরিবারের সদস্যদের প্রতিদিনের খাবার।
অন্যের সামনে নিজেকে উপস্থাপন
মানুষ অন্যের কাছে নিজেকে কীভাবে উপস্থাপন করছে, তা নিয়ে সচেতন থাকে। নিজের রুচি, সামর্থ্য কিংবা জীবনযাপন সম্পর্কে অন্যদের মনে ইতিবাচক ধারণা তৈরি করতে চায়। সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানে এ ধরনের প্রবণতাকে বলে ‘ইমপ্রেশন ম্যানেজমেন্ট’।
কানাডীয়-আমেরিকান সমাজবিজ্ঞানী আরভিং গফম্যান তাঁর ‘দ্য প্রেজেন্টেশন অব সেলফ ইন এভরিডে লাইফ’ বইয়ে মানুষের সামাজিক আচরণকে মঞ্চনাটকের সঙ্গে তুলনা করেছেন। তাঁর মতে, মানুষ বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে নিজের একটি নির্দিষ্ট পরিচয় তুলে ধরে। অন্যদের সামনে নিজেকে যেভাবে উপস্থাপন করে, ব্যক্তিগত পরিসরে তার আচরণ আবার ভিন্ন হতে পারে।
এই ধারণার সঙ্গে অতিথি আপ্যায়নের বিষয়টি মেলানো যায়। বাড়িতে অতিথি এলে সুন্দর প্লেট-বাটি বের করা, খাবার টেবিল সাজানো কিংবা ভালো বিছানার চাদর ব্যবহারের মধ্য দিয়ে পরিবারের রুচি ও আতিথেয়তার পরিচয় প্রকাশ পায়। অতিথির মনে বাড়ি সম্পর্কে ভালো ধারণা তৈরি হোক, সেই চেষ্টাও কাজ করে। তবে এর অর্থ এই নয় যে অতিথির প্রতি যত্ন কেবল লোকদেখানো; বরং সামাজিক পরিস্থিতি অনুযায়ী মানুষের আচরণ ও আয়োজনের ধরন বদলে যেতে পারে।
অতিথির জন্য সেরাটা, নিজের জন্য কেন নয়
অতিথিকে আপ্যায়ন করতে গিয়ে বাড়ির সেরা জিনিসটি সামনে তুলে ধরার প্রবণতা অনেক পরিবারেই দেখা যায়। অথচ পরিবারের সদস্যদের জন্য প্রতিদিনের আয়োজন থাকে সাধারণ। এই অভ্যাসের পেছনে অতিথিকে বিশেষ মর্যাদা দেওয়ার সামাজিক শিক্ষা যেমন কাজ করে, তেমনি অন্যের সামনে নিজেদের রুচি ও আতিথেয়তা তুলে ধরার প্রবণতাও থাকতে পারে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টে ২০১৮ সালে প্রকাশিত ‘দ্যাট ওল্ড ফাসি চায়না ক্যান ফিট ইয়োর ক্যাজুয়াল লাইফস্টাইল’ শিরোনামের একটি প্রতিবেদনে ডিজাইনারদের অভিজ্ঞতায় উঠে এসেছে, অনেকেই ছুটির দিন বা বিশেষ উপলক্ষ ছাড়া সুন্দর বাসনপত্র ব্যবহার করেন না, ঘরও গুছিয়ে রাখেন না। ডিজাইনার টিমোথি করিগ্যানের অভিজ্ঞতাতেও এমন চিত্র উঠে এসেছে। তিনি জানান, অনেক পরিচিত ব্যক্তি ও ক্রেতা তাঁকে বলেছেন, তাঁরা কেবল ছুটির দিনেই সেরা বাসনপত্র ব্যবহার করেন, সুন্দর পোশাক পরেন।
কারণ, অন্যদিন সেগুলো পরিষ্কার করার ঝামেলা বেশি। এর বিপরীতে করিগ্যান প্রতিদিনই নিজের সুন্দর বাসনপত্র ব্যবহারের পক্ষে। তাঁর বক্তব্য, প্রতিটি দিনই বিশেষ; তাই ভালো জিনিস ব্যবহারের জন্য বিশেষ দিনের অপেক্ষা করার প্রয়োজন নেই। আর নিজেকেও সেলিব্রেট করা প্রয়োজন। তাই শুধু অন্যের কথা না ভেবে নিজেও একদিন সুন্দর বাসনে খাবার খান, বিছানায় সুন্দর চাদর পেতে ঘুমান।
নিজেদের জন্যও থাকুক একটু আয়োজন
ছোটবেলা থেকে পরিবারের বড়দের এমন করতে দেখে অনেকেই একই অভ্যাস অনুসরণ করেন। তবু এই অভ্যাস নিয়ে ভাবার সময় এসেছে। অতিথিকে সম্মান জানানো যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নিজের বা পরিবারের সদস্যদের প্রতিদিনের জীবনকেও সুন্দর করে তোলা জরুরি। পরিবারের মানুষগুলোও তো প্রতিদিন সেই বাড়িতে সময় কাটান, একসঙ্গে খাবার খান, গল্প করেন।
তাঁদের জন্য সুন্দর প্লেট কিংবা পরিপাটি বিছানার আয়োজনও হতে পারে ভালোবাসার প্রকাশ। আলমারিতে সাজানো ডিনার সেটটি হয়তো কোনো এক দিন বিশেষ অতিথির জন্য কেনা হয়েছিল। কিন্তু প্রতিদিনের খাবার টেবিলে বসেন পরিবারের সবচেয়ে কাছের মানুষগুলোও। তাঁদের জন্য ভালো জিনিস ব্যবহারে বিশেষ দিনের অপেক্ষা কেন? বিশেষ মুহূর্তের জন্য জীবনকে আটকে না রেখে, প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলোই বরং একটু বিশেষ করে তোলা যায়।
তথ্যসূত্র: দ্য প্রেজেন্টেশন অব সেলফ ইন এভরিডে লাইফ, জার্নাল অব দ্য অ্যাসোসিয়েশন ফর কনজ্যুমার রিসার্চ, দ্য ওয়াশিংটন পোস্ট






