ভোরের আলো ফোটার আগেই জলাশয়ের আশপাশে শুরু হয় পাখিদের আনাগোনা। রাতভর না খেয়ে থাকা পাখিরা এ সময় খাবারের সন্ধানে বের হয়। কোনোটি গাছের ডালে বসে শিকারের অপেক্ষা করে, কোনোটি নলখাগড়ার ফাঁকে খোঁজে খাবার। আবার কোনোটি ঝাঁক বেঁধে উড়ে যায় জলাশয়ের ওপর দিয়ে। পোকামাকড়, ছোট মাছ, ঘাস ও জলজ উদ্ভিদের বীজ—খাদ্যাভ্যাস অনুযায়ী খাবার খুঁজে নেয় নানা প্রজাতির পাখি। তবে জলাশয় ভরাট, গাছ কাটা ও বসতি বাড়ায় দিন দিন কমছে এদের আবাস ও খাদ্যের সংস্থান।

















