যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের অবস্থানের সময়সীমা সর্বোচ্চ চার বছরে সীমাবদ্ধ করার ট্রাম্প প্রশাসনের একটি বিধি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। সোমবার দেওয়া এক রায়ে ম্যাসাচুসেটসের জেলা আদালতের বিচারক ডেনিস সেইলর বিধিটিকে ‘স্বেচ্ছাচারী ও অযৌক্তিক’ বলে উল্লেখ করেন।

চার বছরে অবস্থানের মেয়াদ সীমিত করার উদ্যোগ—

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) গত জুলাইয়ে নতুন বিধিটি চূড়ান্ত করেছিল। এর আওতায় এফ ও জে ভিসাধারী বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ সর্বোচ্চ চার বছর নির্ধারণের প্রস্তাব করা হয়। নির্ধারিত সময়ের বেশি থাকতে চাইলে শিক্ষার্থী, গবেষক ও অধ্যাপকদের আলাদাভাবে মেয়াদ বাড়ানোর আবেদন করতে হতো।

বর্তমানে প্রচলিত ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থায় বিদেশি শিক্ষার্থীরা ভিসার শর্ত মেনে পড়াশোনা চালিয়ে গেলে এবং নিজ নিজ শিক্ষাক্রমে স্বাভাবিক অগ্রগতি বজায় রাখলে যুক্তরাষ্ট্রে থাকতে পারেন।

বাতিল নতুন বিধি—

নতুন বিধির বিরুদ্ধে গত আগস্টে শিক্ষা ও অভিবাসন অধিকার নিয়ে কাজ করা কয়েকটি সংগঠনের জোট মামলা করে। তাদের যুক্তি ছিল, প্রস্তাবিত বিধিটি অযৌক্তিক এবং এর ফলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমে যেতে পারে।

আদালত বলেন, ডিএইচএস নতুন বিধির সম্ভাব্য সুফল ও ক্ষতির যথাযথ মূল্যায়ন করতে পারেনি। জালিয়াতি ও জাতীয় নিরাপত্তার উদ্বেগের ভিত্তিতেও সংস্থাটি পরিবর্তনগুলোর যথেষ্ট যৌক্তিকতা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।

রায়ের ফলে বিদেশি শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন ধরে চালু থাকা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থা বহাল থাকছে।

আদালতের রায়ের সমালোচনা ডিএইচএসের—

তবে আদালতের রায়ের সমালোচনা করেছে ডিএইচএস। সংস্থাটির জেনারেল কাউন্সেল জেমস পার্সিভাল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, শিক্ষার্থী ভিসায় এসে প্রতি সেমিস্টারে একটি করে কোর্স নিয়ে কয়েক দশক যুক্তরাষ্ট্রে থাকার সুযোগকে বিচারক ডেনিস সেইলরের রায় কার্যত অনুমোদন দিয়েছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, বিদেশি শিক্ষার্থীদের ভিসা জালিয়াতি ও অভিবাসন ব্যবস্থার অপব্যবহার ঠেকাতেই কঠোর নীতিমালা নেওয়া হচ্ছে। অন্যদিকে শিক্ষা ও অভিবাসন অধিকারকর্মীদের আশঙ্কা, এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণের সক্ষমতা কমিয়ে দেবে।

উল্লেখ্য, এফ-১ ভিসা মূলত যুক্তরাষ্ট্রে পূর্ণকালীন একাডেমিক শিক্ষা বা ভাষা প্রশিক্ষণ গ্রহণের জন্য দেওয়া হয়। আর জে-১ ভিসা মূলত এক্সচেঞ্জ বা বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য প্রযোজ্য।