
সামোয়া দ্বীপের ফালা-লিলেই বা বাংলাদেশের শীতলপাটির মতো ভৌগোলিক মহিমাগুলো পৃথিবীর নানা অঞ্চলের প্রকৃতি ও সংস্কৃতির ঐতিহাসিক সন্ধি, সাক্ষীও। জলবায়ু সংকটের কারণে এসব মহিমা, নকশা, জ্ঞান, প্রাকৃতিক সম্পদ, অনুশীলন ও ব্যবহার হারিয়ে বিপুল অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রভাব কেবল পরিবার, পেশা, গ্রাম, সমাজ নয়; পৃথিবীর অস্তিত্বের সঙ্গেও জড়িত।
তুরস্কের আন্তালিয়ায় চলমান জলবায়ু সম্মেলনের (কপ৩১) দ্বিতীয় দিন ‘অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি ও বাস্তুচ্যুতি মোকাবিলায় করণীয়’ অধিবেশন আয়োজন করে বাংলাদেশ প্যাভিলিয়ন। ক্ষয়ক্ষতি মোকাবিলার কাঠামো শক্তিশালী করার বিষয়ে অধিবেশনে ‘বিয়ন্ড ইকোনমিক লসেস: স্ট্রেন্দেনিং বাংলাদেশ ন্যাশনাল মেকানিজম অন লস অ্যান্ড ড্যামেজ থ্রু এনইএলডি এভিডেন্সেস’ শীর্ষক এক নীতিসংক্ষেপের মোড়ক উন্মোচন করা হয়।
এতে জলবায়ু সংকটের কারণে মানুষের জীবন-জীবিকা, সাংস্কৃতিক পরিচয়, ঐতিহ্যবাহী জ্ঞান, সামাজিক সংহতি ও প্রতিবেশব্যবস্থার ওপর সৃষ্ট অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিরূপণকে গুরুত্ব দিয়ে বিবেচনার কথা বলা হয়।
২০১৩ সালে পোল্যান্ডের ওয়ারশতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের ১৯তম আসরে জলবায়ু পরিবর্তনজনিত অর্থনৈতিক এবং অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার জন্য ওয়ারশ ইন্টারন্যাশনাল মেকানিজম (ডব্লিউআইএম) গঠিত হয়। এর কাজ হলো ক্ষয়ক্ষতি বিষয়ে জ্ঞান ও গবেষণা বাড়ানো, আন্তর্জাতিক সমন্বয় জোরদার এবং অর্থায়ন, প্রযুক্তি ও সক্ষমতা উন্নয়নে সহায়তা নিশ্চিত করা।
কেয়াগাছের অঞ্চল বিনাশ হচ্ছে, তাই আগের মতো কেয়াপাতা মিলছে না। লংগি খুব হতাশা নিয়ে জানান, চীন থেকে আসা সিনথেটিক ‘ফালা-সামোয়া’ পাটি এখন বাজার দখল করে ফেলছে।
তুরস্কে চলমান ৩১তম জলবায়ু সম্মেলনের প্রথম দিনে ক্ষয়ক্ষতি তহবিল এবং ডব্লিউআইএমের কার্যক্রম আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়। ১০ নভেম্বর জাতিসংঘ শিশু তহবিল–ইউনিসেফ আয়োজিত এক অধিবেশনে শিশু ও তরুণদের অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি মোকাবিলা নিয়ে আলোচনা হয়। একই দিনে ১১৯ দেশের জন্য প্রায় ২৮০ কোটি ডলার ক্ষয়ক্ষতি তহবিলের চাহিদা তুলে ধরা হয়। উন্নয়নশীল দেশগুলো সান্টিয়াগো নেটওয়ার্কে অর্থায়নের দাবি জানায়। তবে সম্মেলনের পঞ্চম দিন পর্যন্ত অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি মোকাবিলায় নতুন কোনো অর্থায়ন বা ব্যবস্থাপনার চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
‘ক্ষতিপূরণ তহবিল’ হলো জাতিসংঘের জলবায়ুকাঠামোর অধীন তৈরি একটি আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থা। ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোকে অর্থনৈতিক ও অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য অর্থসহায়তা এর উদ্দেশ্য। ২০২২ সালে মিসর জলবায়ু সম্মেলনে এই তহবিল গঠনের সিদ্ধান্ত হয় এবং পরের বছর দুবাই জলবায়ু সম্মেলনে এটি কার্যকর হয়।
১২ নভেম্বর সম্মেলনের চতুর্থ দিনে বাংলাদেশসহ ছয়টি দেশের জন্য ‘ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড’ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ পাবে তিন কোটি মার্কিন ডলার। প্রাথমিকভাবে সরকার থেকে বলা হয়েছে, দেশের জলবায়ুদুর্গত উপকূলীয় মানুষের জন্য এই তহবিল ব্যয় হবে।
ঝুঁকি ও সংকট নিরূপণ এবং সমাধানের সামগ্রিক সিদ্ধান্ত উপকূলের মানুষেরা যাতে নিতে পারেন, সেই পরিসর তৈরি করাই হবে রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় জলবায়ু-অঙ্গীকার।
জলবায়ু তহবিল ব্যয়ের ক্ষেত্রে বাংলাদেশের অতীত অভিজ্ঞতাগুলো দুর্নীতি, অস্বচ্ছ প্রক্রিয়া ও মিথ্যা সমাধানে ভরপুর ছিল। এ ক্ষেত্রে প্রথমেই এক স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক, জনমুখী ও জলবায়ুমুখী জবাবদিহি কাঠামো গড়ে তোলা দরকার। এরপর প্রশ্ন আসে তহবিল কোন খাতে ব্যয় হবে। ঝুঁকি ও সংকট নিরূপণ এবং সমাধানের সামগ্রিক সিদ্ধান্ত উপকূলের মানুষেরা যাতে নিতে পারেন, সেই পরিসর তৈরি করাই হবে রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় জলবায়ু-অঙ্গীকার।

এ ক্ষেত্রে উপকূলের অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতির বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকারের প্রস্তাব রইল। কারণ, সর্বশেষ ‘ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (এনডিসি ৩.০)’ প্রতিবেদনে বাংলাদেশ লোকায়ত জ্ঞান সুরক্ষা, অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি মোকাবিলা ও জনগোষ্ঠীভিত্তিক জলবায়ু-স্মৃতি জাদুঘর গড়ে তোলার অঙ্গীকার করেছে।
অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতির আলাপ এখনো গুরুত্বহীন
অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কেবল টাকার হিসাবে পরিমাপ করা যায় না, এটি বাজারে কেনাবেচার বিষয় নয়। মানুষসহ সব প্রাণসত্তার জীবন, স্বাস্থ্য ও মানসিক সুস্থতা হারানো; আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর লোকায়ত ঐতিহ্যবাহী জ্ঞান ও সাংস্কৃতিক পরিচয় হারানো; বসতি, ভূখণ্ড, বিচরণস্থল, ধর্মস্থল, পবিত্র অঞ্চল হারানো; জীবিকা ও পেশা হারানো; স্মৃতি, দর্শন, সামাজিক কাঠামো হারানো; বিমূর্ত সাংস্কৃতিক উপকরণ ও ঐতিহ্য হারানো কিংবা বন, পাহাড়, জমিন, জলা, প্রাণবৈচিত্র্য, প্রতিবেশ ও বাস্তুতন্ত্রের সঙ্গে সম্পর্ক ও সেবার অধিকার হারানোর মতো বিষয়গুলো অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হিসেবে আলোচিত হয়। জাতিসংঘ জলবায়ুকাঠামোতে এই বয়ান যুক্ত করতে বহু ধকল গেছে।

২০০৭ সালে বালি জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির বিষয়টি জাতিসংঘ জলবায়ুকাঠামোতে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত হয়। ২০১৯ সালে মাদ্রিদ জলবায়ু সম্মেলনে অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতির জন্য আন্তর্জাতিক কারিগরি সহায়তা কাঠামো হিসেবে প্রতিষ্ঠিত হয় ‘সান্টিয়াগো নেটওয়ার্ক’। ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে বিশেষজ্ঞ, গবেষণাপ্রতিষ্ঠান, সংস্থা ও প্রযুক্তিগত সহায়তার সঙ্গে যুক্ত করাই এ নেটওয়ার্কের মূল উদ্দেশ্য। গতকাল পর্যন্ত সান্টিয়াগো নেটওয়ার্কের ওয়েবসাইটে দেওয়া ন্যাশনাল লিয়াজোঁ তালিকায় বাংলাদেশের কোনো লিয়াজোঁ কর্মকর্তার নাম পাওয়া যায়নি। তাহলে অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতির ন্যায্য হিস্যা আদায়ে কীভাবে জলবায়ু-কূটনীতি জোরালো করবে রাষ্ট্র?
সামোয়া থেকে বাংলাদেশের শীতলপাটি
ওশেনিয়া অঞ্চলের সামোয়া দ্বীপের সালাইলুয়া গ্রাম থেকে জলবায়ু সম্মেলনে এসেছেন লংগি জনি জুনিয়র টাউলাফু। কেয়াগাছকে তাঁরা বলেন লাউফালা। এই লাউফালার পাতা দিয়ে তৈরি হয় সামোয়ার ঐতিহ্যবাহী পাটি ফালা-লিলেই। আগে দুই রকমের পাটি ছিল, কিন্তু ‘আইয়ে টংগা’ পাটি এখন আর কেউ বুনতে পারে না।
তাঁদের বিশ্বাস, এই বিশেষ পাটি পবিত্র ও আধ্যাত্মিক। কেউ অন্তঃসত্ত্বা হলে এই বিশেষ পাটি বোনা শুরু হয় এবং শেষে তাঁর নবজাতককে নতুন পাটি দিয়ে মোড়ানো হয়। প্রকৃতির প্রতি নতজানু হতে এবং কেয়াগাছকে সাক্ষী মেনে নিয়ে বড় হওয়ার বার্তা আছে এখানে। লংগির নানি ফেনুমিয়াই টিয়া খুব ভালো বুনতে পারতেন। লংগির মা আনুইলাগি টিয়া এখন কেবল ঘুমানোর জন্য ফালা-লিলেই পাটি বোনেন।
এমনকি আগে সিয়াপো (মালবেরি) গাছ ও ঝিনুকের খোলস দিয়ে জ্যামিতিক নকশার ‘সিয়াপো মামানো’ বা টাপা-কাপড় বানানো হতো। এসব এখন বিলুপ্ত। ‘আউটে (রক্তজবা)’ মোটিফটি কিছু করা হলেও ‘ফুগালাও’ নামের একধরনের ফুলের মোটিফ একেবারেই বিলুপ্ত। লংগি বলেন, ঔপনিবেশিকতার কারণে তাঁদের মাতৃসূত্রীয় সমাজ বদলে গেছে। ‘আধুনিকতা’ এবং বাজার সম্প্রসারণের কারণে বহু লোকায়ত ঐতিহ্য হারিয়ে গেছে। কেয়াগাছের অঞ্চল বিনাশ হচ্ছে, তাই আগের মতো কেয়াপাতা মিলছে না। লংগি খুব হতাশা নিয়ে জানান, চীন থেকে আসা সিনথেটিক ‘ফালা-সামোয়া’ পাটি এখন বাজার দখল করে ফেলছে।

আন্তালিয়া থেকে লংগির হতাশা যেন আছড়ে পড়ে বাংলাদেশের মৌলভীবাজারের রাজনগরের শীতলপাটি কারিগর গীতেশ চন্দ্র দাশের উঠানে। চোখের জল মুছতে মুছতে এক ঝিমানো সকালে সিকি, আধুলি, নয়নতারা, চৌদ্দফুর, আসমানতারা, গুছিরঙ্গার মতো হারিয়ে যাওয়া বহু মোটিফের কথা আমাকে জানিয়েছিলেন তিনি। কাঠামোগত বৈষম্য, রাষ্ট্রীয় অবহেলা এবং করপোরেট বাজার সম্প্রসারণের পাশাপাশি অনিয়মিত বৃষ্টি, জলাবদ্ধতা, দীর্ঘ খরাকাল ও বন্যা শীতলপাটি বোনার কাঁচামাল মূর্তাগাছের প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করছে। সামোয়ার মতো বাংলাদেশের বাজারও দখল করেছে কম দামি অনিরাপদ প্লাস্টিকের পাটি।
বামবুটি বা মারমাদের হারানো কৃত্যের ন্যায়বিচার
সম্মেলনের চতুর্থ দিন অনুষ্ঠিত ‘ইনডিজেনাস পিপলস শেপিং আ জাস্ট ট্রানজিশন ফসিল ফুয়েল’ শীর্ষক এক অধিবেশনের পর বাইরে এসে আলাপ করি দিয়েল মচিরি মুয়েংগের সঙ্গে। কঙ্গোর ইটুরি-ওয়ালিকালে বর্ষারণ্য থেকে আসা বামবুটি বা বাবুলুকু আদিবাসী প্রতিনিধি তিনি। যদিও দুনিয়া তাঁদের খুদে মানুষ ‘পিগমি’ হিসেবে পরিচয় করায়। খনন, বন ধ্বংস, টেরিটরি দখল, উষ্ণতা বাড়ার কারণে বহু ঔষধি গাছপালা আর আগের মতো না পাওয়ার কথা জানান তিনি। এসব কারণে নিজেদের বহু কৃত্য, পর্ব, উৎসব আয়োজনেও বদল ঘটছে। যেমন মেয়েদের প্রথম ঋতুস্রাব ঘিরে বয়ঃসন্ধিকালীন কৃত্য ‘লিমা’ আগের মতো বড় পরিসরে আয়োজন করা কঠিন।

কৃত্য ও রীতিপ্রথা হারানোর আরেক করুণ প্রমাণ হাজির করলেন বাংলাদেশের খাগড়াছড়ি থেকে জলবায়ু সম্মেলনে আসা কাপেং ফাউন্ডেশনের প্রতিনিধি হ্লাম্রাচিং চৌধুরী। মারমা আদিবাসী এই তরুণ জলবায়ুকর্মী জানান, বয়ঃসন্ধিকালীন কৃত্যগুলো এখন আর মারমা সমাজে হয় না। ‘রাং-দাং-পোয়ে’ মেয়েদের এবং ‘লা: পেংসি ছোয়ে’ ছেলেদের জন্য পালিত হতো। শিমুল তুলার শুকনা ফল এবং জুমের কার্পাস সুতো দিয়ে বানানো ‘রাংগেং’ নামের বিশেষ ওড়না লাগে এসব কৃত্যে।
হ্লাম্রাচিং চৌধুরী জানান, পার্বত্য চট্টগ্রামে বন-ঝিরি ও পাহাড় বেদখল এবং একই সঙ্গে অনাবৃষ্টি ও দীর্ঘ খরার কারণে বহু প্রাকৃতিক সম্পদ খুঁজে পাওয়া যায় না। বহু ঐতিহ্যবাহী খাদ্য, কৃত্য, অনুষ্ঠান, লোকজ্ঞান এসব কারণে চোখের সামনে হারিয়ে যাচ্ছে।
সম্মেলনের দ্বিতীয় দিন অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতিবিষয়ক এক অধিবেশনে সান্টিয়াগো নেটওয়ার্কের প্রতিনিধি ক্যারোলিনা ফুয়েন্তেস কাস্টেলেন্স বলেন, সান্টিয়াগো নেটওয়ার্ক একটি অন্তর্ভুক্তিমূলক কাঠামো। এখানে অ–অর্থনৈতিক ক্ষয়ক্ষতির বাস্তব প্রমাণগুলো নথিভুক্ত করা জরুরি।
নথিভুক্তকরণের ভেতর দিয়ে যেন নতুনভাবে কোনো প্রাণডাকাতি, জ্ঞানচুরি ও উপনিবেশ তৈরি না হয়, সেই সুরক্ষা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতির বয়ানকে কোনোভাবেই ঔপনিবেশিকতা, বর্ণবাদ, জাত্যভিমান, মিথ্যা সমাধান, কর্তৃত্ববাদ ও নয়া উদারবাদী বাহাদুরির কারাগারে বন্দী করা যাবে না।






