কবিতা আবৃত্তি, নৃত্য ও মনোজ্ঞ গানের মধ্য দিয়ে বরগুনায় উদ্‌যাপন করা হয়েছে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৩ নভেম্বর বিকেলে বরগুনা বন্ধুসভার আয়োজনে ঘণ্টাব্যাপী এ বর্ণিল অনুষ্ঠান হয়।

মূল আকর্ষণ ছিল সম্পূর্ণ ‘ইকো ফ্রেন্ডলি’ (পরিবেশবান্ধব) ব্যাকড্রপ, যা উপস্থিত সবার দৃষ্টি কেড়ে নেয়। প্লাস্টিক বা ক্ষতিকর উপাদানের পরিবর্তে প্রথম আলোর পুরোনো পত্রিকা, কাপড় ও কাঠের ফ্রেম ব্যবহার করে বন্ধুসভার বন্ধুরা এই ব্যতিক্রমী ব্যাকড্রপ তৈরি করেন। পরে বন্ধুরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। এর মধ্যে ছিল কবিতা আবৃত্তি, মনোমুগ্ধকর নৃত্য ও গান।

বন্ধু তাসমিয়া স্নেহার সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করেন বরগুনা বন্ধুসভার সভাপতি খান নাঈম। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে বন্ধুসভার বর্তমান ও সাবেক সদস্য ছাড়াও প্রথম আলোর পাঠকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

বরগুনায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

পাঠক সুবাহ তাবাসসুম বলেন, ‘প্রথম আলো মানেই সত্যের পক্ষে এবং তারুণ্যের শক্তি। আজকের এই আয়োজনে পরিবেশবান্ধব উপায়ে স্টেজ সাজানো দেখে সত্যিই খুব ভালো লেগেছে। এটি আমাদের পরিবেশ সুরক্ষার বার্তা দেয়।’

স্মৃতিচারণায় বন্ধুসভার অ্যালামনাই আবদুল আলীম বলেন, ‘বন্ধুসভা আমাদের তারুণ্যের শক্তি ও ভালো কাজের প্রেরণা। প্রথম আলোর জন্মদিনের এই অনুষ্ঠানে এসে পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে গেল। তরুণদের নিয়ে বন্ধুসভার এই পরিবেশবান্ধব উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

জেলা গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান এমদাদ হোসেন খান প্রথম আলোর সঙ্গে তাঁর ছোটবেলার স্মৃতিচারণা করে বলেন, ‘ছোটবেলা থেকেই প্রথম আলোর সঙ্গে আমার একটি অন্য রকম ভালোবাসার সম্পর্ক রয়েছে। খবরের কাগজের সুবাস এবং এর বস্তুনিষ্ঠ সংবাদ আজও আমাকে টানে। বরগুনা বন্ধুসভার আজকের এই চমৎকার আয়োজন আমাদের শৈশব-কৈশোরের স্মৃতিগুলোকে যেন আবার জাগিয়ে তুলেছে।’