টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাদকসেবীদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগের মামলায় আজ শনিবার দুপুরে চার সাংবাদিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে শুক্রবার রাতে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ওই চার সাংবাদিক হলেন দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান (৩০), এনটিভি অনলাইনের প্রতিনিধি এ আর সুজন (৩০), তাঁর সহযোগী তানিম আহমেদ (২২) ও সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আটটার দিকে ওই চার সাংবাদিক উপজেলার দারিয়াপুর ইউনিয়নের দেওবাড়ী গ্রামের চাকলাপাড়া এলাকায় বাচ্চু পাগলার বাড়িতে যান। সেখানে কয়েকজনকে মাদক সেবন করতে দেখে তাঁরা ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মাদকসেবীদের কাছে এক লাখ টাকা দাবি করার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। একপর্যায়ে মাদকসেবীরা তাঁদের আট হাজার টাকা দেন। বাকি টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হলে বিষয়টি স্থানীয় লোকজনকে মাদকসেবীরা জানান। পরে স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও এলাকাবাসী ওই চার সাংবাদিককে আটক করে দেওবাড়ী বাজারে নিয়ে যান। এ সময় তাঁদের কাছ থেকে চাঁদা হিসেবে নেওয়া আট হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আজ শনিবার সকালে দেওবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান বাদী হয়ে ওই চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাঁদের টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে নেওয়ার আগে সাংবাদিক মোর্শেদ খান প্রথম আলোকে বলেন, ‘আমরা স্থানীয় বিএনপির নেতাদের মাধ্যমে মবের শিকার হয়েছি। আমরা চাঁদাবাজি করিনি।’
তবে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, ‘মাদকসেবীরা নিঃসন্দেহে অপরাধী। কিন্তু তাঁদের পুলিশের কাছে না দিয়ে কেন তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হলো? সাংবাদিকেরা চাঁদা নেওয়ার কথা স্বীকার করেছেন। চাঁদা হিসেবে নেওয়া আট হাজার টাকা তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এর প্রমাণ হিসেবে ভিডিও রয়েছে।’
সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই চার সাংবাদিককে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।






