কয়েক ঘণ্টা পুরোপুরি বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে উড়োজাহাজ চলাচল আবার শুরু হলেও যাত্রীদের ভোগান্তি এখনো কাটেনি। ক্লান্ত ও বিপর্যস্ত যাত্রীদের গতকাল শনিবারও ফ্লাইট বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে। তবে কর্মকর্তাদের আশা, আজ রোববার নাগাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।

গত শুক্রবার শুরু হওয়া এ নজিরবিহীন বিশৃঙ্খলার জন্য পুরোনো তামার তারের যোগাযোগ লাইন বদলাতে গিয়ে হওয়া ত্রুটিকে দায়ী করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

দেশজুড়ে কোনো উড়োজাহাজ উড্ডয়ন করতে না পারার (গ্রাউন্ড স্টপ) এ সিদ্ধান্তে ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এতে লাখ লাখ যাত্রী চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন। এমনকি উড্ডয়নের ঠিক আগমুহূর্তেও অনেক যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। সে সময় উড়োজাহাজ সংস্থার কর্মীদেরও চলমান পরিস্থিতি সম্পর্কে অন্ধকারে থাকতে দেখা গেছে।

গতকাল সকালে নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন বিমা কোম্পানির কর্মী ৪৮ বছর বয়সী লিসা বেরেইড। এএফপিকে তিনি বলেন, ‘ক্লান্ত, বিধ্বস্ত ও হতাশ। বুঝতেই পারছেন, সবকিছু একেবারে এলোমেলো হয়ে গেছে।’

দেশজুড়ে কোনো উড়োজাহাজ উড্ডয়ন করতে না পারার এ সিদ্ধান্তে ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এতে লাখ লাখ যাত্রী চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন। এমনকি উড্ডয়নের ঠিক আগমুহূর্তেও অনেক যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। সে সময় উড়োজাহাজ সংস্থার কর্মীদেরও চলমান পরিস্থিতি সম্পর্কে অন্ধকারে থাকতে দেখা গেছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রধান ব্রায়ান বেডফোর্ড জানিয়েছেন, শুক্রবার ১২ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার (স্থানীয় সময়) নির্ধারিত ৪১ হাজার ফ্লাইটের মধ্যে আরও চার থেকে পাঁচ হাজার ফ্লাইট বাতিল হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তবে ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ৬ হাজার ২০০ ছাড়িয়েছে।

ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ব্রায়ান বেডফোর্ড ‘ভ্রমণরত মার্কিন জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা’ প্রার্থনা করেন। আজ অফিস সময় শেষ হওয়ার আগেই ফ্লাইটের সময়সূচি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলে পূর্বাভাস দেন তিনি।

উড়োজাহাজের উড্ডয়ন সাময়িক বন্ধ থাকায় বিমানবন্দরের টার্মিনালে আটকা পড়েন অনেক যাত্রী। ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর, ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র, ১৩ নভেম্বর ২০২৬

পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, পুরোনো তামার তার বদলে উচ্চগতির ফাইবার কেব্‌ল বসানোর রক্ষণাবেক্ষণ কাজ চলার সময় উড়োজাহাজের সঙ্গে যোগাযোগ ও রাডার সংকেতে ‘সমস্যা’ দেখা দেয়। এর পরপরই শুক্রবার চার ঘণ্টার জন্য উড্ডয়ন স্থগিত ঘোষণা করা হয়।

সাংবাদিকদের শন ডাফি বলেন, ‘ঠিকাদারের ভুল অথবা কোনো ত্রুটিপূর্ণ যন্ত্রাংশের কারণে আমাদের আকাশপথ নিয়ন্ত্রণব্যবস্থার রাউটারে অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল।’

এদিকে গতকালের ওই সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা পুরোনো অবকাঠামো আধুনিকায়নের জন্য আরও তহবিলের আবেদন জানান। তবে বিড়ম্বনার বিষয় হলো, অডিও সংযোগে কারিগরি ত্রুটির কারণে সংবাদ সম্মেলনটি শুরু হতেও বিলম্ব হয়।

স্বাভাবিক হওয়ার পথে

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (নাইন-ইলেভেন) সন্ত্রাসী হামলার পর শুক্রবার দ্বিতীয়বারের মতো দেশটিজুড়ে উড়োজাহাজ উড্ডয়ন স্থগিতের এ ঘটনা ঘটল। একই দিন দেশটির ইস্টার্ন টাইম রাত ৮টা ১৫ মিনিটে (শনিবার গ্রিনিচ মান সময় ১টা ১৫ মিনিট) দেশজুড়ে জারি করা এ স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান ব্রায়ান বেডফোর্ড জানিয়েছেন, শুক্রবার ১২ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার (স্থানীয় সময়) নির্ধারিত ৪১ হাজার ফ্লাইটের মধ্যে আরও চার থেকে পাঁচ হাজার ফ্লাইট বাতিল হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

উড়োজাহাজ চলাচল বন্ধ থাকাকালে বিমানবন্দরগুলোর বিভিন্ন ফুটেজে দেখা যায়, বহির্গমন ফটকগুলো যাত্রীতে ঠাসা, ট্যাক্সিওয়েতে সারি সারি উড়োজাহাজ অপেক্ষমাণ এবং তথ্যের আশায় যাত্রীরা বিমানবন্দরের হলগুলোতে ভিড় করছেন।

শন ডাফির তথ্যমতে, আকাশপথ নিয়ন্ত্রণকেন্দ্রগুলোর কার্যক্রম ‘পুরোপুরি সচল করার পর’ এফএএ কর্মকর্তারা আকাশসীমা আবার খুলে দেন।

ফ্লাইটের উড্ডয়ন বন্ধ থাকায় বিমানবন্দরের টার্মিনালে যাত্রীদের ভিড়। রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দর, যুক্তরাষ্ট্র, ১৩ নভেম্বর ২০২৬

যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন অথরিটির ভোক্তা বিভাগের পরিচালক টিম জনসন বলেছেন, যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু হলেও যাত্রীদের নতুন করে টিকিট দেওয়া এবং সব সেবা পুরোপুরি স্বাভাবিক করতে গিয়ে ‘পরবর্তী সময়ে আরও কিছু বিঘ্ন’ ঘটতে পারে।

লাগার্ডিয়া বিমানবন্দরে ফ্লাইটের এ চলমান বিপর্যয় নিয়ে কিছু যাত্রীকে অন্যদের তুলনায় বেশ ধৈর্যশীল ও আশাবাদী দেখা গেছে।

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের ৬২ বছর বয়সী কর্মী প্যাট কারলেট বলেন, ‘আমরা এখানে আগামী কতক্ষণ আটকে আছি জানি না, হয়তো ৩৬ ঘণ্টা।’

নিউইয়র্ক থেকে আলবুকার্কে যাত্রার জন্য অপেক্ষা করছিলেন ৭৭ বছর বয়সী স্টিভেন রাথে। তিনি বলেন, ‘পুরো উড়োজাহাজ চলাচলব্যবস্থা এভাবে অচল হয়ে পড়বে, তা কেউ প্রত্যাশা করেন না। আমরা ভাগ্যবান যে এটি আরও দীর্ঘস্থায়ী হয়নি। আজ অন্তত উড়োজাহাজ চলছে, সে জন্য আমি কৃতজ্ঞ।’

পুরোনো অবকাঠামো নিয়ে উদ্বেগ

এ উড্ডয়ন স্থগিতের ঘটনা শুধু যুক্তরাষ্ট্রের আকাশপথে বিশৃঙ্খলাই সৃষ্টি করেনি, বরং দেশটির জরাজীর্ণ অবকাঠামো নিয়েও গুরুতর উদ্বেগ তৈরি করেছে।

আকাশপথ নিয়ন্ত্রণব্যবস্থার সংস্কার ও আধুনিকায়নের জন্য ৫ হাজার কোটি (৫০ বিলিয়ন) ডলার তহবিলের আবেদন জানিয়েছেন পরিবহনমন্ত্রী শন ডাফি। এ ছাড়া মার্কিন সরকারের অর্থছাড়ের ক্ষমতা রাখা কংগ্রেসকে ‘সময়ের এই দাবি মেটানোর’ আহ্বান জানান তিনি।

যুক্তরাষ্ট্রে আসা ও দেশটি থেকে ছেড়ে যাওয়া আন্তর্জাতিক ফ্লাইটগুলোতেও এই বিভ্রাটের প্রভাব পড়েছে। তবে এ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বভাববিরুদ্ধভাবে নীরব দেখা গেছে। গতকাল রাত পর্যন্ত উড্ডয়ন স্থগিতের এ ঘটনা নিয়ে তিনি প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি।

এ আহ্বানে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর ও প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা জে বি প্রিৎজকার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘বাজে কথা বন্ধ করুন। ট্রাম্প ও রিপাবলিকানদের নিয়ন্ত্রণেই কংগ্রেস ছিল এবং তারা চাইলেই এই ব্যবস্থার জন্য তহবিল বরাদ্দ দিতে পারত।’

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল পরিবহনমন্ত্রী শন ডাফির পদত্যাগ দাবি করেছেন, নতুবা ট্রাম্পের মাধ্যমে তাঁকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন। এক্সে তিনি লেখেন, ‘আমরা ভাগ্যবান যে কোনো প্রাণহানি ঘটেনি।’

যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে দেশজুড়ে উড্ডয়ন বন্ধের পর রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে দাঁড়িয়ে আছে কয়েকটি উড়োজাহাজ। ১৩ নভেম্বর ২০২৬

এই ব্যাপক বিপর্যয়ের পেছনের কারণ কী এবং সাইবার অপরাধ থেকে যুক্তরাষ্ট্র যথেষ্ট সুরক্ষিত কি না, তা খতিয়ে দেখতে তদন্তের দাবি জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা।

রিপাবলিকান সিনেটর এরিক স্মিট এক্সে লিখেছেন, ‘আজকের ঘটনা যদি কিছু প্রমাণ করে থাকে, তবে তা হলো, আমাদের আকাশপথ নিয়ন্ত্রণব্যবস্থা হালনাগাদ করতে হবে এবং বিমানবন্দরের অবকাঠামো নতুন করে গড়ে তুলতে হবে।’

যুক্তরাষ্ট্রে আসা ও দেশটি থেকে ছেড়ে যাওয়া আন্তর্জাতিক ফ্লাইটগুলোতেও এই বিভ্রাটের প্রভাব পড়েছে। তবে এ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বভাববিরুদ্ধভাবে নীরব দেখা গেছে। গতকাল রাত পর্যন্ত উড্ডয়ন স্থগিতের এ ঘটনা নিয়ে তিনি প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি।