২০৩৮ সালের ১৯ জানুয়ারি। পৃথিবীর বেশির ভাগ মানুষই হয়তো স্বাভাবিকভাবে নিজেদের কাজ করছেন। কিন্তু হঠাৎই বিশ্বের কোথাও কোনো পুরোনো কম্পিউটার তারিখের হিসাব হারিয়ে ফেলল! বর্তমান সময়ের বদলে পর্দায় ভেসে উঠল ১৯০১ সালের কোনো তারিখ। কোনো যন্ত্র কাজ করছে না, কোনো সফটওয়্যার দিচ্ছে ভুল তথ্য। আবার কোথাও সময়নির্ভর কোনো ব্যবস্থা অস্বাভাবিক আচরণ করছে।

বিষয়টি কিন্তু মোটেও কল্পকাহিনি নয়। কম্পিউটার ব্যবস্থার পুরোনো একটি সীমাবদ্ধতা থেকেই এমন পরিস্থিতি তৈরি হতে পারে। প্রযুক্তি দুনিয়ায় এই সমস্যার নাম ‘ইয়ার ২০৩৮’।

তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আধুনিক কম্পিউটার ও সফটওয়্যারের বড় অংশই এই সমস্যার বাইরে। মূল উদ্বেগটা হলো বহু বছর ধরে ব্যবহৃত পুরোনো ৩২-বিট কম্পিউটার, যন্ত্রপাতি এবং বিভিন্ন যন্ত্রের ভেতরে থাকা কম্পিউটার ব্যবস্থাকে ঘিরে।

২০৩৮ সালের ১৯ জানুয়ারি সমন্বিত বিশ্বসময় অনুযায়ী রাত ৩টা ১৪ মিনিট ৭ সেকেন্ডে সেই ৩২-বিটের চিহ্নযুক্ত পূর্ণসংখ্যার সর্বোচ্চ সীমায় পৌঁছানোর কথা।

সমস্যাটা আসলে কী

কম্পিউটারের কাছে সময় কিন্তু আমাদের মতো ‘আজ’, ‘কাল’ বা ‘পরশু’ নয়। অনেক কম্পিউটার ব্যবস্থা সময়কে একটি সংখ্যা হিসেবে জমা রাখে। ইউনিক্স এবং এর ওপর ভিত্তি করে তৈরি বিভিন্ন অপারেটিং সিস্টেমে ১৯৭০ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত কত সেকেন্ড পার হয়েছে, সেই সংখ্যা দিয়ে সময় হিসাব করা হয়।

সমস্যা হলো, পুরোনো অনেক ব্যবস্থায় এই সেকেন্ডের সংখ্যাটি জমা রাখার জন্য ৩২-বিটের একটি নির্দিষ্ট আকারের জায়গা রাখা হয়েছে। ৩২-বিটের চিহ্নযুক্ত পূর্ণসংখ্যার সর্বোচ্চ সীমা পেরিয়ে গেলে নতুন সময়ের হিসাব আর আগের পদ্ধতিতে রাখা সম্ভব হবে না। ২০৩৮ সালের ১৯ জানুয়ারি সমন্বিত বিশ্বসময় অনুযায়ী রাত ৩টা ১৪ মিনিট ৭ সেকেন্ডে (বাংলাদেশ সময় সকাল ৯টা ১৪ মিনিট ৭ সেকেন্ড) সেই সীমায় পৌঁছানোর কথা।

ঠিক এর পরপরই শুরু হতে পারে বিপত্তি। পুরোনো কিছু ব্যবস্থা তখন সময়কে ভুলভাবে পড়তে শুরু করবে। ফলে ভবিষ্যতের তারিখের বদলে দেখাবে অতীতের (১৯০১ সালের ১৩ ডিসেম্বর) কোনো তারিখ। সময়ের ওপর নির্ভরশীল সফটওয়্যার বা যন্ত্রগুলোতেও দেখা দিতে পারে অপ্রত্যাশিত আচরণ।

ইউনিক্স এবং এর ওপর ভিত্তি করে তৈরি বিভিন্ন অপারেটিং সিস্টেমে ১৯৭০ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত কত সেকেন্ড পার হয়েছে, সেই সংখ্যা দিয়ে সময় হিসাব করা হয়।

আবারও কি ওয়াই-টু-কে সমস্যা দেখা দেবে

ইয়ার ২০৩৮ সমস্যার সঙ্গে অনেকেই ২০০০ সালের ‘ওয়াই-টু-কে’ সমস্যার তুলনা করেন। কারণ, দুটি ক্ষেত্রেই মূল উদ্বেগ ছিল কম্পিউটারের তারিখ গণনা নিয়ে। তবে সমস্যার কারণ দুটি আলাদা। ওয়াই-টু-কে সমস্যার মূল কারণ ছিল, পুরোনো সফটওয়্যারে সালকে চার অঙ্কের বদলে দুই অঙ্কে সংরক্ষণ করা। যেমন, ১৯৯৯-এর পর ২০০০ সালকে কীভাবে ‘০০’ দিয়ে চেনা যাবে, তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল।

অন্যদিকে, ইয়ার ২০৩৮-এর সমস্যাটি হলো সংখ্যার ধারণক্ষমতার সীমাবদ্ধতা নিয়ে। অর্থাৎ কম্পিউটারের ঘড়ি ঠিকই এগোতে থাকবে, কিন্তু পুরোনো ৩২-বিট ব্যবস্থার কাছে সেই বাড়তি সময় জমা রাখার মতো আর কোনো জায়গা থাকবে না।

সব কম্পিউটারই কি ঝুঁকিতে

না। আধুনিক ৬৪-বিট কম্পিউটার, অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যারের বড় অংশই এই সীমাবদ্ধতার মধ্যে পড়ে না। তাই ২০৩৮ সালের ওই নির্দিষ্ট দিনে পৃথিবীর সব কম্পিউটার একসঙ্গে অচল হয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই।

তবে আসল ঝুঁকির জায়গাটি অন্য জায়গায়। অনেক শিল্পকারখানা, যোগাযোগব্যবস্থা, নেটওয়ার্ক যন্ত্রপাতি, যানবাহন, নিরাপত্তাব্যবস্থা, চিকিৎসা সরঞ্জাম এবং নানা ধরনের স্বয়ংক্রিয় যন্ত্র বছরের পর বছর একই সফটওয়্যার ও যন্ত্রাংশ দিয়ে চলে। এসব ব্যবস্থার কোনো কোনো অংশে এখনো পুরোনো ৩২-বিট সময় গণনার পদ্ধতি রয়ে যেতে পারে।

এই সমস্যার সবচেয়ে কঠিন দিক হলো, অনেক ক্ষেত্রেই ব্যবহারকারী জানেন না তাঁর যন্ত্রটির ভেতরে কোন পদ্ধতিতে সময় জমা রাখা হচ্ছে।

অনেক শিল্পকারখানা, যোগাযোগব্যবস্থা, নেটওয়ার্ক যন্ত্রপাতি, যানবাহন, নিরাপত্তাব্যবস্থা, চিকিৎসা সরঞ্জাম এবং নানা ধরনের স্বয়ংক্রিয় যন্ত্র বছরের পর বছর একই সফটওয়্যার ও যন্ত্রাংশ দিয়ে চলে।

বিপদ লুকিয়ে থাকতে পারে পুরোনো যন্ত্রে

ধরা যাক, একটি কারখানায় কোনো নিয়ন্ত্রণযন্ত্র ২০ বছর ধরে চলছে। বাইরে থেকে সেটি ঠিকঠাকই কাজ করছে। কিন্তু এর ভেতরের কোনো পুরোনো সফটওয়্যার অংশ যদি ৩২-বিট সময় গণনার ওপর নির্ভরশীল হয়, তাহলে মূল যন্ত্রটি আধুনিক হলেও ভবিষ্যতে বিপত্তি দেখা দিতে পারে।

একই ঘটনা ঘটতে পারে পুরোনো নেটওয়ার্ক যন্ত্র, ইন্টারনেট-সংযুক্ত ছোট যন্ত্র (আইওটি ডিভাইস), তথ্যভান্ডার বা কোনো সফটওয়্যার লাইব্রেরির ক্ষেত্রেও। এ কারণেই শুধু কম্পিউটারের বয়স দেখলেই চলবে না, পুরো ব্যবস্থার ভেতরে সময় কীভাবে সংরক্ষণ ও ব্যবহার করা হচ্ছে, সেটিও খুঁজে দেখতে হবে।

সমাধানের পথ কী

এর সমাধানও রয়েছে। প্রথম কাজ হলো, কোন কোন ব্যবস্থা এখনো ৩২-বিট সময় গণনার ওপর নির্ভর করছে, তা খুঁজে বের করা। এরপর প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম হালনাগাদ করতে হবে। যেখানে সম্ভব, ৬৪-বিট সময় গণনা ব্যবস্থায় স্থানান্তরিত হতে হবে। পুরোনো যন্ত্রের ক্ষেত্রে বিষয়টি আরও জটিল হতে পারে। কোনো কোনো যন্ত্রে শুধু সফটওয়্যার বদলালেই চলবে না; হার্ডওয়্যার বা যন্ত্রাংশও পাল্টাতে হতে পারে।

তাই যেসব প্রযুক্তি ব্যবস্থা ২০৩৮ সালের পরও চালু রাখার পরিকল্পনা রয়েছে, সেগুলোর পরীক্ষা-নিরীক্ষা এখন থেকেই শুরু করা জরুরি।

প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম হালনাগাদ করতে হবে। যেখানে সম্ভব, ৬৪-বিট সময় গণনা ব্যবস্থায় স্থানান্তরিত হতে হবে। পুরোনো যন্ত্রের ক্ষেত্রে বিষয়টি আরও জটিল হতে পারে।

২০৩৮ এখনো দূরে, তবে প্রযুক্তির হিসাবে নয়

২০৩৮ সাল শুনতে অনেক দূরের মনে হতে পারে। কিন্তু বড় কোনো প্রযুক্তি ব্যবস্থা বদলাতে কয়েক বছর সময় লেগে যায়। একটি প্রতিষ্ঠানের হাজার হাজার যন্ত্র, পুরোনো সফটওয়্যার, নির্ভরশীল প্রোগ্রাম এবং দীর্ঘদিনের তথ্যভান্ডার পরীক্ষা করতে প্রচুর সময়ের প্রয়োজন। ‘ইয়ার ২০৩৮’ তাই শুধু একটি নির্দিষ্ট দিনের সমস্যা নয়। এটি পুরোনো প্রযুক্তি ব্যবস্থার রক্ষণাবেক্ষণ এবং সময়ের সঙ্গে প্রযুক্তি হালনাগাদ রাখার প্রয়োজনীয়তার কথাও মনে করিয়ে দেয়।

আজ যে পুরোনো কম্পিউটার বা যন্ত্রটি নির্বিঘ্নে চলছে, সেটি হয়তো ২০৩৮ সালেও চলবে। কিন্তু প্রশ্ন হলো, তার ঘড়িটিও কি তখন ঠিক সময় দেখাবে?

লেখক: প্রধান, প্রযুক্তি বিভাগ, অ্যাক্সিস কমিউনিকেশনস এবি, লুন্ড, সুইডেন