দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচাগার থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোকাররম হোসেনকে আটক করেছে পুলিশ।
সাফায়েত হোসেন উপজেলার ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। আট মাস আগে সে ওই মাদ্রাসায় ভর্তি হয়েছিল। শনিবার বিকেলে সাফায়াতের দাদা মাদ্রাসায় এসে নাতির সঙ্গে দেখা করে বাড়ি ফিরে যান। পরে রাতে তার মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আটটার দিকে মাদ্রাসার পরিচালক মোকাররম শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখতে পান। পরে দরজায় কড়া নেড়েও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাননি। একপর্যায়ে দরজার ওপরের ফাঁকা অংশ দিয়ে মুঠোফোনের আলো ফেলে ভেতরে একজনকে পড়ে থাকতে দেখেন তিনি। পরে আরও দুজনকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে সাফায়াতকে উদ্ধার করেন। দ্রুত তাঁকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনাটি পুলিশ তদন্ত করছে। এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালককে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।






