‘আমি ভিএআর পছন্দ করি না’—কথাটা বলেই যেন একটু হাসির খোরাক জোগালেন ভারত কোচ নওশাদ মুসা। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত।
ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে এসে অবশ্য ভিএআর নিয়ে নিজের বিরক্তির কথাই শোনালেন ভারত কোচ। তবে তাঁর কথায় বিরক্তির চেয়ে রসিকতার সুরই ছিল বেশি। নওশাদের বিরক্তির কারণও আছে। ম্যাচে ভিএআরের হস্তক্ষেপের পর দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভারতের বিপক্ষে গেছে।
৪৭ মিনিটে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় ভুটান। সেই পেনাল্টি থেকেই গোল করে ব্যবধান কমায় তারা। এরপর ৬৭ মিনিটে ভারতের পাওয়া একটি পেনাল্টির সিদ্ধান্ত ভিএআরের হস্তক্ষেপে বাতিল হয়ে যায়। অর্থাৎ ভিএআরের দুই সিদ্ধান্তই গেছে ভুটানের পক্ষে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে তাই ভিএআর নিয়ে প্রশ্ন শুনে নওশাদ বলেন, ‘সত্যি বলতে, আমার ভালো লাগেনি। কোনোভাবেই ভালো লাগেনি। একটিতে গোল, আরেকটিতে পেনাল্টি বাদ—আমি ভিএআর পছন্দ করি না।’
তবে পরক্ষণেই রসিকতা করে যোগ করেন, ‘সরি ভিএআর, হ্যাঁ এটা চালু হওয়ায় ভালো হয়েছে। আশা করি, পরের ম্যাচে (ফাইনাল) এটি আমার জন্য সুবিধা বয়ে আনবে।’
ম্যাচের ফল ভারতের পক্ষে গেলেও দ্বিতীয়ার্ধের খেলায় পুরোপুরি সন্তুষ্ট নন নওশাদ, ‘প্রথমার্ধে আমরা যেভাবে খেলেছি, দ্বিতীয়ার্ধেও সেভাবে খেলতে পারতাম। অনেক সুযোগ তৈরি করেছি, কিন্তু সেগুলো কাজে লাগিয়ে গোল করাটা গুরুত্বপূর্ণ। ১-০ ব্যবধানে এগিয়ে থাকলে ম্যাচ সব সময়ই কঠিন হয়ে যায়। আজ আমাদের ভাগ্যও সহায় ছিল।’
দ্বিতীয়ার্ধে ভারতের খেলা কেন প্রথমার্ধের মতো ছিল না, সেই প্রশ্নের উত্তর অবশ্য নিজেও খুঁজছেন নওশাদ, ‘আমিও খেলোয়াড়দের একই প্রশ্ন করি! তবে ইতিবাচকভাবে দেখতে চাই। আমার মনে হয়, দ্বিতীয়ার্ধে আমরা ভালো রক্ষণ করেছি।’
ফাইনালে উঠলেও নিজেদের ফেবারিট মনে করছেন না নওশাদ। বরং শিরোপার লড়াইয়ে আপাতত বাংলাদেশকেই এগিয়ে রাখছেন তিনি, ‘আমি সব সময় বলি, নির্দিষ্ট দিনে কোন দল কেমন খেলে, সেটাই গুরুত্বপূর্ণ। আপাতত বাংলাদেশকেই ফেবারিট মনে হচ্ছে। তবে পরিস্থিতি বদলে যেতে পারে। আমার খেলোয়াড়েরা ফাইনালে দ্বিতীয়ার্ধে আরও ভালো খেলতে পারে।’

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ কিংবা পাকিস্তান—কোনো দল নিয়েই আলাদা করে ভাবছেন না ভারত কোচ। পাকিস্তানের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে অবশ্য নিজের খেলোয়াড়ি জীবনের স্মৃতিতে ফিরে যান নওশাদ, ‘আমার খেলার দিনগুলোতে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামলে কিছুটা হালকাভাবে নিতাম। মনে হতো, পাকিস্তানের বিপক্ষে খেলছি। কিন্তু এখন আর সেই পাকিস্তান নেই। তারা অনেক, অনেক উন্নতি করেছে।’
১৯৯৭ সালে নেপালে সাফ চ্যাম্পিয়ন ভারত দলের সদস্য ছিলেন নওশাদ। এবার কোচ হিসেবে ফাইনালে ওঠায় তাঁর কাছে অভিজ্ঞতাটি আরও বিশেষ হয়ে উঠেছে। সেবার ফাইনালে মালদ্বীপকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। এবার কোচ হিসেবেও সেই সাফল্যের পুনরাবৃত্তির স্বপ্ন দেখছেন তিনি, ‘খেলোয়াড় হিসেবে সাফ জেতা যেমন আনন্দের, এখন কোচ হিসেবে ফাইনালে ওঠাও তেমন ভালো লাগার। আশা করি, এবারও শিরোপা জিততে পারব।’






